জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, দেশের রাজনীতিতে দুর্যোগের আভাস পাওয়া যাচ্ছে। এ দুর্যোগ মোকাবিলায় মহাজোটভুক্ত সব দল এবং শ্রেণী-পেশার মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। একই সঙ্গে রাজনীতি-বিরোধীদের চিহ্নিত করতে হবে। জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শনিবার রাজধানীর মুক্তাঙ্গনে দলের এক সমাবেশে এরশাদ এ কথা বলেন। সমাবেশ শেষে একটি শোভাযাত্রা রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।ঢাকা মহানগর (দক্ষিণ) জাতীয় পার্টির সভাপতি কাজী ফিরোজ রশীদের সভাপতিত্বে সভায় দলের মহাসচিব রহুল আমিন হাওলাদার ও বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদেরসহ প্রমুখ বক্তা বক্তব্য দেন। এরশাদ বলেন, বর্তমান সরকার গত দুই বছরে কৃষি ও খাদ্য-ব্যবস্থাপনায় ব্যাপক সাফল্য অর্জন করেছে। কিন্তু গ্যাস-বিদ্যুত্ নিয়ে সংকট অব্যাহত রয়েছে। এ সমস্যা পুরোনো হলেও সমাধানের দায়িত্ব সরকারের। তাই সরকারকে যেকোনো মূল্যে গ্যাস-বিদ্যুত্ সমস্যার সমাধান করতে হবে। মানুষ অনেক আশা নিয়ে মহাজোটকে ভোট দিয়েছে।