রাজনীতিতে পরিবর্তন হয়নি, হরতালে শিক্ষার্থীদের ক্ষতি হচ্ছে
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশে রাজনীতিতে কোনো মৌলিক পরিবর্তন হয়নি। বিরোধী দল সংসদে দাবি উত্থাপন না করে আন্দোলনের নামে হরতাল ও নৈরাজ্য সৃষ্টি করছে বলে তিনি অভিযোগ করেন। এতে সবচেয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছে চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা।গতকাল শুক্রবার রাত নয়টার দিকে বরিশাল সার্কিট হাউস সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, যখন দেশে শিক্ষা ও খাদ্য উত্পাদনসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে, ঠিক তখনই বিরোধী দল ইলিয়াস আলী নিখোঁজ হওয়াকে ইস্যু করে দেশে অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে শিক্ষার্থী ও জনগণকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে। তাদের এই নৈরাজ্য ও অরাজকতা রুখতে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে প্রতিবাদ করতে হবে। বিশেষ করে ছাত্র ও যুবসমাজকে দায়িত্ব নিতে হবে। কেননা, তারাই আগামীর ডিজিটাল বাংলার রূপকার হবে।নূরুল ইসলাম নাহিদ বলেন, গত সাড়ে তিন বছরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া। সেই কাজ যখন ত্বরান্বিত হচ্ছে, তখনই বিরোধী দল তা বানচালের জন্য উঠে পড়ে লেগেছে। স্বাধীনতা-বিরোধী অপশক্তিকে সঙ্গে নিয়ে তারা হরতাল, ভাঙচুর ও অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়ে এবং জনগণকে ভুল বুঝিয়ে ক্ষমতায় আসতে চাচ্ছে। এ ব্যাপারে আওয়ামী লীগসহ ১৪ দলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।