রাজনীতিতে পা রাখছেন জুহি চাওলা
বলিউড তারকা হেমা মালিনী, ধর্মেন্দ্র, বিনোদ খান্নার পদাঙ্ক অনুসরণ করে এবার রাজনীতিতে পা রাখছেন জুহি চাওলা। বলিউডের এই অভিনেত্রী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) হয়ে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন বলে জানা গেছে।অবশ্য লোকসভার প্রার্থী হচ্ছেন না জুহি চাওলা। গুজরাট রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে তিনি বিজেপির প্রার্থী হচ্ছেন। ইতিমধ্যে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে প্র্রার্থী করার ব্যাপারে ইঙ্গিতও দিয়েছেন।জুহি চাওলা লড়বেন গুজরাটে কংগ্রেসের শক্ত ঘাঁটি মহাত্মা গান্ধীর জন্মস্থান পোরবন্দর কেন্দ্রে। এই কেন্দ্রে পরপর তিনবার জয়লাভ করেছেন কংগ্রেসের প্রার্থী অর্জুন মোধওয়াডিয়া। এবার তাঁকে হারাতে জুহি চাওলার তারকাখ্যাতি কাজে লাগাতে চাইছেন নরেন্দ্র মোদী। জুহি চাওলার শ্বশুরবাড়িও পোরবন্দরে। স্বামী জয় মেহতা জুহি চাওলার নির্বাচনের ব্যাপারে সায় দিয়েছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।