রাজনীতিতে প্রাণ গেল আরেক ছাত্রের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ ছাত্রলীগের কর্মী সোহেল রানা আজ সোমবার দুপুরে মারা গেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে গতকাল রোববার রাত সাড়ে ১২টার দিকে গোলাগুলির ঘটনা ঘটে। এতে সোহেল রানা গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে রাতেই ঢাকায় পাঠানো হয়। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, গুরুতর আহত সোহেল রানাকে আজ সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁকে ১০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। দুপুর সোয়া ১২টার দিকে কর্তব্যরত চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।এদিকে গোলাগুলির ঘটনার পর গতকাল রাতেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখশ ও সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালায় মতিহার থানার পুলিশ। ছাত্রলীগ-নিয়ন্ত্রিত বিভিন্ন কক্ষে তল্লাশি চালালেও পুলিশ কোনো অস্ত্র উদ্ধার করতে পারেনি।দুটি হলে তল্লাশি চালানোর বিষয়টি প্রথম আলো ডটকমকে নিশ্চিত করেছেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান। তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। ক্যাম্পাসের নিরাপত্তাব্যবস্থা জোরদারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের প্রক্টর চৌধুরী মোহাম্মদ জাকারিয়া প্রথম আলো ডটকমকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, আবাসিক হলসহ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।