রাজনীতিতে ফিরতে সৌদি সমর্থন চাইছেন মোশাররফ
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ রাজনীতিতে ফিরতে সৌদি সরকারের সহায়তা চেয়েছেন। এ লক্ষ্যে তিনি সৌদি আরব সফরের পরিকল্পনা করছেন। গতকাল রোববার রয়টার্স এ তথ্য জানায়।২০০৮ সালে পদত্যাগের পর থেকেই মোশাররফ দেশটির বাইরে অবস্থান করছেন। তিনি জানান, এ মাসেই পাকিস্তানে ফিরতে পারেন। আগামী ২০১৩ সালের পাকিস্তান পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণের আশা করছেন তিনি। এদিকে পাকিস্তান সরকার বলেছে, মোশাররফ দেশে ফেরার সঙ্গে সঙ্গেই তাঁকে গ্রেপ্তার করা হবে।সৌদি আরবের একটি সূত্র জানায়, পাকিস্তানে ফেরার আগে মোশাররফ তাঁর পক্ষে সমর্থন জোগাতে সৌদি আরব সফর করছেন। পাকিস্তানের একটি সূত্র মোশাররফের সৌদি সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে মোশাররফ দুবাইয়ে অবস্থান করছেন। মোশাররফ সৌদি সরকারের কাছে কী ধরনের সহায়তা চাইবেন, সে বিষয়ে কিছু বলতে অস্বীকৃতি জানায় সূত্রটি। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, ২০০৭ সালে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো গুপ্তহত্যায় নিহত হলে এর জন্য মোশাররফকে দায়ী করা হয়। দাবি করা হয়, মোশাররফ সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে ব্যর্থ হন। এ ঘটনায় মোশাররফের ওপর গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। গ্রেপ্তার এড়াতে তিনি সৌদি সরকারের কাছ থেকে নিশ্চয়তা চাইবেন।