রাজনীতিতে ফের সক্রিয় হচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী
উত্তর প্রদেশের নির্বাচন সামনে রেখে রাজনীতির মাঠে সক্রিয় হচ্ছেন ক্ষমতাসীন কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধীর মেয়ে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র। গান্ধী পরিবারের নির্বাচনী আসন হিসেবে পরিচিত আমেথি ও রায়বেরেলির কংগ্রেস কর্মীদের সঙ্গে গতকাল সোমবার তিনি ১০ ঘণ্টারও বেশি সময় কাটান। আর এর মধ্য দিয়ে দুই বছরেরও বেশি সময় পর রাজনীতির মাঠে দেখা গেল প্রিয়াঙ্কাকে। সর্বশেষ ২০০৯ সালে লোকসভার নির্বাচনে আমেথিতে তিনি সক্রিয়ভাবে জনসংযোগ করেন। তবে মাঝে দুই বছরের এ অনুপস্থিতির কোনো ছায়া গতকাল দেখা যায়নি। মুন্সিগঞ্জ গেস্টহাউসে তিনি ছিলেন আগের মতোই হাসিখুশি ও প্রাণোচ্ছল। কর্মীরাও ফিরে পান সেই পুরোনো প্রিয়াঙ্কাকে।টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আমেথি ও রায়বেরেলির প্রার্থী বাছাই চূড়ান্ত করতে দুই দিনের সফরে গেছেন প্রিয়াঙ্কা। তিনি ১৯৯৯ সাল থেকেই এ দায়িত্ব পালন করে আসছেন। সেবার তিনি মা সোনিয়া গান্ধীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে বাজিমাত্ করেন। ২০০৪ ও ২০০৯ সালে লোকসভা নির্বাচনে তিনি কংগ্রেসের সাধারণ সম্পাদক ও ভাই রাহুল গান্ধীর পক্ষেও প্রচার চালান।গতকাল প্রিয়াঙ্কার আসার খবর শুনে কংগ্রেসের দুই হাজারেরও বেশি কর্মী সেখানে সমবেত হলে তিনি তাদের সঙ্গে দেখা করেন। নির্মলা দেবী নামে কংগ্রেসের এক কর্মী বলেন, ‘তিনি (প্রিয়াঙ্কা) এখন এখানে। সবকিছুই ঠিক হয়ে যাবে।’ রাজনীতিতে প্রিয়াঙ্কার অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা তাঁর জীবন, তাঁর সিদ্ধান্ত। এ ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার আমরা কে?’