রাজনীতিতে মোশাররফ আজীবন নিষিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের পেশোয়ার হাইকোর্ট আজ সোমবার সাবেক সামরিক শাসক পারভেজ মোশাররফকে সারা জীবনের জন্য রাজনীতিতে নিষিদ্ধ করেছেন। ‘দ্য ডন’ জানায়, দেশটির জাতীয় পার্লামেন্ট নির্বাচনে চিত্রাল আসনে মোশাররফের মনোনয়নপত্র বাতিল করে দিয়েছিলেন নির্বাচন কমিশনের আদালত। ওই রায়ের বিরুদ্ধে মোশাররফ যে আপিল করেছিলেন, সেটির রায়ে আজ তাঁর রাজনীতি নিষিদ্ধ করা হলো।পেশোয়ার হাইকোর্টের প্রধান বিচারপতি দোস্ত মোহাম্মদ খান এবং বিচারপতি মালিক মঞ্জুর, সৈয়দ আশরাফ শাহ ও ইকরামুল্লার সমন্বয়ে গঠিত চার সদস্যের একটি বেঞ্চ রায়ে জানান, মোশাররফ দুই দফায় সংবিধান লঙ্ঘন করেছেন এবং এ কারণে তিনি জাতীয় বা প্রাদেশিক পার্লামেন্টে প্রতিযোগিতা করার যোগ্যতা হারিয়েছেন।বিচারপতি দোস্ত মোহাম্মদ খান বলেন, মোশাররফ অবৈধভাবে জরুরি অবস্থা জারি করেছেন এবং বিচারব্যবস্থাকে প্রশাসনের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করেছেন। এ কারণে আদালত সাবেক এ সেনা কর্মকর্তার ওপর আজীবনের নিষেধাজ্ঞা জারি করেছেন। একই সঙ্গে জাতীয় ও প্রাদেশিক পার্লামেন্ট বা সিনেটের নির্বাচনের জন্যও তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়।চিত্রাল আসনে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরোধিতা করে মোশাররফ যে আপিল করেছিলেন, সেটিও খারিজ করেছেন আদালত।এদিকে, রাওয়ালপিন্ডির একটি সন্ত্রাসবিরোধী আদালত আজ মঙ্গলবার বেনজির ভুট্টো হত্যা মামলার তদন্তকারী দলকে দুই সপ্তাহ সময় দিয়েছেন মোশাররফকে জিজ্ঞাসাবাদ করার জন্য। এ ছাড়া আকবর বুগতি হত্যা মামলায় মোশাররফকে জিজ্ঞাসাবাদের জন্য বেলুচিস্তান পুলিশকে অনুমতি দিয়েছেন আদালত। নিরাপত্তাজনিত কারণে মোশাররফ আজকের শুনানির সময় আদালতে হাজির ছিলেন না। শুনানি শেষে কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফআইএ) কৌঁসুলি চৌধুরী জুলফিকার আলী গণমাধ্যমের কর্মীদের বলেন, বেনজির হত্যা মামলায় মোশাররফ তাঁদের সহায়তা করছেন না।এ ছাড়া, মোশাররফ সংযুক্ত তদন্ত দলের (জেআইটি) পুনর্গঠনের যে আবেদন করেছিলেন, সেটি রাওয়ালপিন্ডির একটি সন্ত্রাসবিরোধী আদালত বাতিল করে দিয়েছেন।২০০৭ সালের ২২ ডিসেম্বরে রাওয়ালপিন্ডির লিয়াকতবাগে বোমা হামলা ও গুলিবর্ষণে নিহত হন সাবেক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো। সে সময় মোশাররফ প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন।২০১১ সালের ফেব্রুয়ারিতে মোশাররফকে ওই মামলায় অভিযুক্ত করা হয় এবং আগস্টে আদালতে হাজির না হওয়ার কারণে, আদালত তাঁর সব সম্পত্তি বাজেয়াপ্ত করেন। মোশাররফ একই সঙ্গে প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের দায়িত্ব পালনকালে ২০০৬ সালের ২৬ আগস্টে এক সেনা অভিযানে বুগতি মারা যান।