রাজনীতিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ আহ্বানের নিন্দা ওয়ার্কার্স পার্টির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে যুক্তরাষ্ট্রকে হস্তক্ষেপ করার জন্য খালেদা জিয়ার আহ্বানে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এর নিন্দা জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলের সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ নিন্দা জানান। বিবৃতিতে খালেদা জিয়াকে ওই বক্তব্যের জন্য দেশবাসীর কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তাঁরা। বিবৃতিতে বলা হয়, মার্কিন পত্রিকা ‘ওয়াশিংটন টাইমস’-এ দেওয়া বক্তব্যে খালেদা জিয়া যুক্তরাষ্ট্রকে একাত্তরে বাংলাদেশের ‘আত্মনিয়ন্ত্রণাধিকারের’ স্বীকৃতিদানকারী দেশ হিসেবে উল্লেখ করে সে সময়ের মতো ভূমিকা পালন করার কথা বলেছেন। অথচ এই মার্কিন যুক্তরাষ্ট্র একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কেবল বিরোধিতাই করেনি, পাকিস্তানি শাসকদের অর্থ, অস্ত্র, কূটনৈতিক সাহায্য দিয়ে বাংলাদেশে তাদের পরিচালিত গণহত্যা ও অন্যায় আগ্রাসনকে সমর্থন জুুগিয়েছে। বিবৃতিতে তাঁরা আরও বলেন, খালেদা জিয়া তাঁর বক্তব্যে বাংলাদেশের ওই সংগ্রামকে মুক্তিযুদ্ধ বলে পর্যন্ত স্বীকার করেননি। ‘ওয়াশিংটন টাইমস’-এ দেওয়া ওই বক্তব্যে যুদ্ধাপরাধী ও মানবতাবিরোধীদের যে বিচার চলছে, তার বিরোধিতা করেই তিনি ক্ষান্ত হননি। জামায়াতে ইসলামীর মতো একই ভাষায় ওই কার্যক্রমের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং বিচারকে হেয় করেছেন। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের গণতন্ত্র মুখ্যত বিএনপি-জামায়াত জোট চক্রের অশুভ আঁতাতের চক্রান্তের কবলে। তাঁরা বলেন, বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রকে ডেকে এনে তাদের লক্ষ্য অর্জনের দুরভিসন্ধি সফল হবে না। বাংলাদেশের জনগণ মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের বন্ধুত্ব চায়। কিন্তু কোনোক্রমেই তাদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বরদাশত করবে না।