রাজনীতিতে সারা দেশ বিভক্ত হয়ে পড়েছে
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আকবর আলী খান বলেছেন, আজকে আমাদের দেশ সর্বত্র বিভক্ত হয়ে গেছে। সেটা বিশ্ববিদ্যালয়ই হোক, চিকিত্সকই হোক, সরকারি কর্মচারিই হোক আর সাংবাদিকেরাই হোক—রাজনীতিতে সারা দেশ বিভক্ত হয়ে পড়েছে। আজ শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে দৈনিক সূর্যোদয় নামের একটি নতুন জাতীয় দৈনিকের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আকবর আলী খান এ কথা বলেন। আকবর আলী খান বলেন, ‘আজকে যে শিশু জন্মগ্রহণ করল সে কেমন সময়ে জন্মগ্রহণ করল?—এই সমটাকে যদি ব্যাখ্যা করতে হয়, তাহলে আমি চার্লস ডিকেন্সের ভাষায় বলব, কাগজটি জন্মগ্রহণ করেছে এমন এক মুহূর্তে যেটি ‘বেস্ট অব টাইম’ এবং ‘ওরস্ট অব টাইম’।’ বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, এটি ভালো সময়। কারণ ৪০ বছর আগে যে দেশটি যখন জন্মগ্রহণ করেছিল তখন আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, যে এ রাষ্ট্রটি মুখ থুবড়ে পড়বে। ৪০ বছরে সেটাকে আমরা মিথ্যা প্রমাণ করেছি। বাংলাদেশের মানুষের সৃজনশীলতা আজ শতদলের মত বিকশিত। তিনি কৃষি, তৈরি পোশাক শ্রমিকদের অর্জন তুলে ধরে বলেন, ‘এই যে সৃজনশীলতার বিকাশ, এটা একটা জাতির জন্য অত্যন্ত গর্বের বিষয়।’ অতএব সূর্যদয় পত্রিকা এমন সময় জন্মগ্রহণ করছে অত্যন্ত সুসময়। তত্ত্বাবধায়ক সরকারের এই সাবেক উপদেষ্টা বলেন একদিক থেকে অত্যন্ত দুঃসময় বটে। দুঃসময় এ কারণে বাংলাদেশ এমন একটি দেশ শতকরা নব্বইভাগ লোক একই ভাষায় কথা বলে। এদেশে আমাদের সবার মিলেমিশে থাকার কথা। বিশ্বব্যাংক রাজনৈতিক অস্থিতিশীলতা সূচকে বিভিন্ন দেশের অবস্থান পরিমাপ করে থাকে। সেই দৃষ্টিকোণ থেকে বাংলাদেশের অবস্থান পৃথিবীর নিকৃষ্ট পাঁচ শতাংশ দেশে অন্তর্ভূক্ত। অর্থাত্ পৃথিবীতে ২০০টির মতো দেশ আছে, সেখানে ১৯০টি দেশের রাজনৈতিক অবস্থান বাংলাদেশের চেয়ে ভালো। আকবর আলী খান বলেন, ‘গণতন্ত্রের সঙ্গে আমাদের সংবাদপত্রের স্বাধীনতা ওতোপ্রতোভাবে জড়িত। আমরা যখন শুনি বাংলাদেশের সাংবাদিকেরা যখন বিপন্ন তখন আমাদের ধরে নিতে হবে বাংলাদেশের গণতন্ত্রও বিপন্ন। যেদেশে সাংবাদিকেরা নিরাপদে কাজ করতে পারে না সেদেশে গণতন্ত্র কোনদিন বিকশিত হবে না। বাংলাদেশের ইতিহাস যদি পর্যালোচনা করি তাহলে দেখা যাবে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন, স্বাধীনতার আন্দোলন এগিয়ে নিয়ে গেছে বাংলাদেশের অকতুভয় সাংবাদিকেরা। সাংবাদিকদের ওপর যখন হামলা করা হয়, তখন আমাদের সকলের ওপর হামলা হয়। আমাদের অধিকার ছিনিয়ে নেওয়া হয়। সেই পরিপ্র্রেক্ষিতে আমি মনে করি, আজকে যেসব সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটছে সেটা আমাদের জন্য উদ্বেগজনক।’ তিনি প্রতিটি সাংবাদিক নির্যাতনের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত এবং তার মাধ্যমে তাদের অধিকার নিশ্চিত করার দাবি জানান। এটা শুধু সাংবাদিকদের জন্য দরকার না। সাংবাদিকদের অধিকার নিশ্চিত হলে গণমানুষের অধিকারও নিশ্চিত হবে বলে তিনি মন্তব্য করেন।পুলিশ প্রশাসনকে উদ্দেশ করে আকবর আলী খান বলেন, ‘আমি বাংলাদেশে পুলিশদেরকে সবিনয়ে মনে করিয়ে দিতে চাই, সাংবাদিকেরা পুলিশের সবচেয়ে বড় বন্ধু হতে পারে। কারণ যে কাজ তারা করতে চান সে কাজ সাংবাদিকের সহযোগিতা ছাড়া কোনো দিন করা সম্ভব না। কাজেই সাংবাদিকদের স্বাধীনতা অক্ষুন্ন রাখার জন্য আমাদের দায়িত্ব গ্রহণ করতে হবে।’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক গোলাম রহমান, বিএফইউজের একাংশের সভাপতি রুহুল আমিন গাজী, প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ, পত্রিকাটির প্রকাশক ও প্রধান সম্পাদক মেজর (অব.) মো. মোদাচ্ছের হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদক এস এম হারুনার রশীদ প্রমুখ উপস্থিত ছিলেন।