রাজনীতিতে সৌজন্যবোধ কমছে: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের বলেছেন, এ দেশে সৌজন্য-পোস্টার, ব্যানার ও তোরণের সংখ্যা বাড়ছে। কেবল কমে যাচ্ছে রাজনীতিতে সৌজন্যবোধ ও মূল্যবোধ।শেখ কামালের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তনে ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, বিরোধী দল আন্দোলনে ব্যর্থ হয়ে ১৯৭৪-এর কৃত্রিম দুর্ভিক্ষের কথা বলছে। তিনি আরও বলেন, ১৯৭৪-এর বাসন্তী নাটকের পুনরাবৃত্তি করার সুযোগ আর নেই।হাইকোর্টে শুনানি চলাকালে বিশৃঙ্খলার ঘটনাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি সম্পর্কে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমি কথায় কথায় ষড়যন্ত্র শব্দটি ব্যবহার করতে চাই না। ষড়যন্ত্র সেখানেই প্রশস্ত পথ পায়, যেখানে দুর্বলতার ক্ষেত্র প্রশস্ত হয়। এ কথা আমাদের সবার মনে রাখতে হবে।’ওবায়দুল কাদের বিরোধী দলকে সংসদে ফেরার আহ্বান জানিয়ে বলেন, ‘বিরোধী দলের মাননীয় নেতাকে আহ্বান জানাব আইনের আদালতকে রাজনৈতিক রণাঙ্গন না বানিয়ে আসন্ন ১৮ আগস্ট সংসদ অধিবেশনে যোগ দিন। সব দাবি-দাওয়া উত্থাপন করুন। কেউ বাধা দেবে না। খোলা মনে রাগ করবেন। এতে জনগণ স্বস্তি পাবে।’ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদিউজ্জামান সোহাগের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।