রাজনীতিবিদ ও পুলিশ একে অন্যকে দোষারোপ করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা পৌরসভা পেরিয়ে আধা কিলোমিটার এগোতেই কুচপুকুর প্রধান সড়কের ওপর গাছ ফেলে রাখা। গাছের এই ব্যারিকেড পেরিয়ে সড়ক ধরে যত এগোনো গেছে, ফেলে রাখা গাছের সংখ্যা ততই যেন বাড়ছে। সড়কের দুই পাশের বেশ কিছু বাড়িঘরে ভাঙচুর আর আগুনে পোড়ার চিহ্ন। পৌরসভা থেকে বের হওয়ার অন্য সড়কগুলোর অবস্থাও প্রায় একই রকম। যে কয়জন মানুষের সঙ্গে দেখা হয়েছে, সবার চোখেমুখে আতঙ্ক।এই এলাকার সাংসদ জাতীয় পার্টির আবদুল জব্বার। এলাকার লোকজন জানান, এই দুর্যোগের সময় তাঁকে কাছে পাওয়া যায়নি। গত আট দিনেও তিনি এলাকায় আসেননি। এর আগে এ আসনের সাংসদ ছিলেন স্থানীয় জামায়াতের আমির আবদুল খালেক।এই জেলা থেকে মন্ত্রী হয়েছেন সাতক্ষীরা-৩ আসনের সাংসদ রুহুল হক। স্বাস্থ্যমন্ত্রীর নিজের সংসদীয় এলাকায় জামায়াত-শিবির হামলা, ভাঙচুর করেছে। তিনিও গত আট দিনে এলাকায় আসেননি। ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং এর স্থানীয় নেতাদের কাছে পায়নি বলে অভিযোগ করেছেন স্থানীয় অনেকে।মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পর এমন অবস্থা তৈরি হতে পারে, তা দু-তিন মাস ধরে জামায়াত-শিবিরের সহিংস কর্মকাণ্ড পর্যালোচনা করলে যেকোনো সচেতন মানুষই বুঝতে পারতেন বলে মন্তব্য করেছেন এখানকার অনেকে। কিন্তু এ অবস্থা মোকাবিলার জন্য ক্ষমতাসীন আওয়ামী লীগের দলগত বা প্রশাসনের কোনো প্রস্তুতির তথ্য পাওয়া গেল না। এই অপ্রস্তুতির জন্য স্থানীয় রাজনীতিকেরা পুলিশ ও প্রশাসনের এবং প্রশাসন রাজনীতিকদের দোষারোপ করেছে।গত কয়েক দিনে জামায়াত-শিবিরের হামলায় আওয়ামী লীগের তিনজন কর্মীসহ ১৩ জন নিহত হয়েছেন। অর্ধশতাধিক বাড়িঘর আগুনে জ্বালিয়ে দিয়েছেন জামায়াত-শিবিরের কর্মীরা।সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমির ও দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল খালেক বলেন, ‘এই যে হত্যা, ধ্বংসযজ্ঞ—এটাতে আমাদের নেতা-কর্মীরা জড়িত ছিলেন না। জনগণ সাঈদী-আবেগে মাঠে নেমেছে। আমাদের কর্মীরা জনগণের পাশে ছিলেন।’গতকাল দুপুরে সদর উপজেলার আগড়দাঁড়ি ইউনিয়নের বাবুলিয়া বাজারের কাছে গিয়ে থমকে দাঁড়াতে হলো। সেখানে রাস্তায় গাছ ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। রাস্তাঘাট শূন্য, দোকানপাট বন্ধ, থমথমে অবস্থা। উপস্থিত কয়েকজন জানালেন, সারা দিনে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কেউ এদিকে আসেননি। গাছ ফেলে কারা, কখন আগুন ধরিয়েছে—জানতে চাওয়ার কিছুক্ষণের মধ্যেই আশপাশের বাড়িঘর থেকে জামায়াতের কর্মীরা জড়ো হতে থাকলেন। কোথা থেকে এসেছেন, কী জানতে চান, কেন জানতে চান—উল্টো প্রশ্ন আসা শুরু হলো। এর মধ্যে স্থানীয় একজন দ্রুত এখান থেকে সরে পড়ার পরামর্শ দিলেন।সেখান থেকে সাতক্ষীরা সদর উপজেলার আগড়দাঁড়ি ইউনিয়নের প্রধান সড়ক ধরে এগোতেই স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামের আগুনে পোড়া বাড়ি ও দোকান চোখে পড়ল। গত রোববার রাতে জামায়াত-শিবিরের কর্মীরা এই বাড়ি ও দোকান পুড়িয়েছেন। এর আগে তাঁরা ঘর থেকে টেলিভিশন, রেফ্রিজারেটর, গয়না থেকে শুরু করে সবকিছু লুট করে নিয়ে গেছেন। পুড়ে যাওয়া ঘর ও দোকানের সামনের উঠানে ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতে দেখা গেল নজরুল ইসলামকে। পরনে লুঙ্গি, খালি গা।সাংবাদিক পরিচয় দিয়ে কথা বলতে চাইলে নজরুল পরনের লুঙ্গিটি দেখিয়ে বললেন, ‘এইটি পাশের বাড়ির একজনের কাছ থেকে ধার করে এইনে পরেছি। কারও সঙ্গে কথা বলতি হলি অন্যের মোবাইল ফোন চাইয়ে নিই। হাঁড়িপাতিল-চুলা সুধ্যি নিয়ে গেছে। এখন পাড়া-প্রতিবেশীরা আমাদের খাওয়াচ্ছে।’ তিনি বলেন, ‘বাড়ির সামনে চার-পাঁচজন একত্রে হাঁটি গিলেই ভয় লাগে। কখন আবার আক্রমণ করে।’স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সেই দিন জামায়াত-শিবিরের ওই হামলায় নেতৃত্ব দিয়েছিলেন আগড়দাঁড়ি ইউনিয়ন জামায়াতের রুকন আবুল খায়ের। নজরুল ইসলাম ও আবুল খায়ের দুজনই ছোটবেলার বন্ধু। একজন আওয়ামী লীগ ও আরেকজন জামায়াতে ইসলামী করলেও কখনো বন্ধুত্বের ওপর প্রভাব পড়েনি। সেই রাতে আবুল খায়েরের নেতৃত্বে জামায়াত-শিবিরের কর্মীরা হামলা করতে এলে নজরুল তাঁদের বাড়িঘর না পোড়ানোর অনুরোধ করেছিলেন। কিন্তু আবুল খায়ের তা আমলে নেননি।হামলা ও অগ্নিকাণ্ডের পর পুলিশ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়েছিলেন বলে জানা গেছে।সাতক্ষীরা সিটি কলেজের প্রভাষক ও ছাত্রলীগের সাবেক নেতা এ বি এম মামুনের বাড়িতে হামলা চালিয়ে তাঁকে হত্যা করা হয়। মামুনের স্ত্রী জান্নাতুল ফেরদৌস প্রথম আলোকে বলেন, ‘আমার স্বামীকে আমার হাত থেকে টেনে নিয়ে আমার সামনেই জামায়াত-শিবিরের কর্মীরা হত্যা করল। শত শত জামায়াত কর্মী আমাদের বাড়ির দিকে এগিয়ে আসছে দেখে মামুন জেলা আওয়ামী লীগের বড় নেতা, পুলিশ ও জেলা প্রশাসনকে বারবার ফোন দিয়েছিলেন। বেশির ভাগই ফোন ধরেননি। একজন ফোন ধরে বলেছিলেন, “চিন্তা করো না। কোনো সমস্যা হবে না।” তিনি কাঁদতে কাঁদতে বলেন, ...কেউ এগিয়ে আসেনি। এখনো কেউ খোঁজ পর্যন্ত নেয়নি।’আবার অবরোধ: শনি থেকে মঙ্গলবার পর্যন্ত বেশির ভাগ সড়কে প্রায় দুই হাজার গাছ কেটে ফেলে সাতক্ষীরা শহর অবরুদ্ধ করে রাখে জামায়াত-শিবির। গত বুধবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গাছ সরালে রাস্তায় যানবাহন চলাচল শুরু হয়। কিন্তু গতকাল ভোর থেকে জামায়াত-শিবির ও বিএনপির কর্মীরা আবারও করাত দিয়ে গাছ কেটে প্রায় সব কটি প্রধান ও গ্রামীণ সড়ক আটকে দেন। অনেক স্থানে রাস্তায় আগুন ধরিয়ে দেন তাঁরা। বিকেল পর্যন্ত স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সেই গাছ সরাতে কোনো তৎপরতা চালাতে দেখা যায়নি। পারস্পরিক দোষারোপ: এসব ঘটনা নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নেতারা স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে দায়ী করেছেন। তারা পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ায় পরিস্থিতি খারাপ হয়েছে বলে নেতারা অভিযোগ করেন। তবে সবাই বলছেন, পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার প্রথম আলোকে বলেন, ‘ওনারা তো ঘটনাস্থলে ছিলেন না। আমরা আগে থেকে খবর পেয়ে ব্যবস্থা নেওয়ায় পরিস্থিতি যতটা খারাপ হতে পারত, তা হয়নি।’ তিনি বলেন, পরিস্থিতি এখন যথেষ্ট নিয়ন্ত্রণে আছে। গতকালের ১৮ দলের হরতালের সময়ও ক্ষমতাসীন মহাজোটকে সক্রিয় দেখা গেল না। দুপুর ১২টার দিকে জেলা মহাজোট হরতালবিরোধী মিছিল বের করে। পুলিশ প্রহরায় করা ওই মিছিলে শ খানেক নেতা-কর্মী ছিলেন। জেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ বেশির ভাগ জ্যেষ্ঠ নেতা মিছিলে উপস্থিত থাকলেও সাধারণ কর্মীদের দেখা যায়নি।স্থানীয় নেতা-কর্মীরা জানান, আগের বছরগুলোতে শহরের কমপক্ষে ১৫টি স্থানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাজানো হতো। গতকাল খুলনা মোড় ও পানি উন্নয়ন বোর্ডের কার্যালয় ছাড়া কোথাও বঙ্গবন্ধুর ভাষণ মাইকে প্রচার করা হয়নি। শহরের নিউমার্কেট মোড়ে শহীদ আলাউদ্দিন চত্বরে একটি গণজাগরণ মঞ্চ করা হয়েছিল। গতকাল থেকে তা বন্ধ ছিল।শহরের প্রবেশপথের কয়েকটি স্থানে পুলিশ প্রহরা দেখা গেলেও তা শুধু পৌরসভার মধ্যে সীমাবদ্ধ ছিল।মিছিলে কর্মী না থাকা এবং হামলার দিন থেকে গতকাল পর্যন্ত মহাজোটের নেতা-কর্মীদের মাঠে দেখা না যাওয়ার কারণ জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাতক্ষীরা-১ আসনের (তালা উপজেলা) সাংসদ মুজিবর রহমান বলেন, স্বাধীনতার আগে থেকে এই এলাকা জামায়াত-শিবিরের শক্ত ঘাঁটি। ’৭৩ সাল থেকে সদর আসনে আওয়ামী লীগের কেউ সাংসদ নির্বাচিত হতে পারেননি। মাত্র চার বছরে এই পরিস্থিতি বদলানো যায়নি।জামায়াত-শিবিরের ওই তিন দিনের তাণ্ডব এবং গতকাল আবার অবরোধ সৃষ্টি করার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও মহাজোটের নেতা-কর্মীরা কী করেছেন—জানতে চাইলে মুজিবর রহমান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মোহাম্মদ ইব্রাহীমকে এর জন্য দায়ী করেন। তিনি বলেন, সেই দিন তাঁর (ওসি) ভূমিকা যথেষ্ট বিতর্কিত ছিল। তিনি সহযোগিতা না করায় পরিস্থিতি খারাপ হয়েছে। তবে এখন পরিস্থিতি যথেষ্ট নিয়ন্ত্রণে রয়েছে বলে তিনি দাবি করেন।ওসি গাজী মোহাম্মদ ইব্রাহীম অভিযোগের বিষয়ে বলেন, ‘আমি সরকারি চাকরি করি। আমার কাজ উভয় পক্ষের জীবন ও সম্পদ রক্ষা করা। আমি রাজনীতি করি না। ফলে কোনো রাজনীতিবিদ যদি আমার কাজ নিয়ে কিছু বলেন, সেটা তাঁর দৃষ্টিভঙ্গির ব্যাপার।’স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক প্রথম আলোকে বলেন, ‘সংসদ অধিবেশনের কারণে আমি এলাকায় যেতে পারিনি। তবে ঢাকা থেকে সবকিছু তদারক করছি।’ নিজের নির্বাচনী এলাকায় (দেবহাটা, আশাশুনি, কালীগঞ্জের একাংশ) সমস্যা হয়নি দাবি করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সদরে আমি যখন কোনো অনুষ্ঠানে বক্তৃতা দিতে মঞ্চে উঠি, তখন এত নেতা এসে হাজির হয় যে স্টেজে জায়গা দেওয়া যায় না। এখন যখন জামায়াত-শিবিরের হামলা হলো, তখন ওই নেতাদের কাউকে পাওয়া যায়নি। তাঁদের জিজ্ঞেস করেন, তাঁরা তখন কোথায় ছিলেন।’স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এই হামলা থেকে সাতক্ষীরা আওয়ামী লীগের নেতাদের শিক্ষা নিতে হবে। জনসম্পৃক্ততা বাড়িয়ে জামায়াত-শিবিরের মতো শত্রুদের মোকাবিলা করতে হবে।’