রাজনীতিবিদ সম্পর্কে বিরূপ মন্তব্য করায় ইউনূসের বিরুদ্ধে সমন জারি
রাজনীতিবিদদের সম্পর্কে বিরূপ মন্তব্য করায় আদালত শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সমন জারি করেছেন। ময়মনসিংহের আদালতে দায়ের করা মানহানির মামলায় এ সমন জারি করা হয়। আজ রোববার ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতের জ্যেষ্ঠ বিচারিক ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুল্লাহ এ সমন জারি করে আগামী ১৮ জানুয়ারি তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১৭ জানুয়ারি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস বিদেশি এক সংবাদ সংস্থায় সাক্ষাত্কারে বলেছিলেন, ‘বাংলাদেশের রাজনীতিবিদরা কেবল অর্থের জন্য রাজনীতি করেন, এখানে কোনো আদর্শের ব্যাপার নেই।’ তাঁর এই মন্তব্যে ক্ষুব্ধ হয়ে ময়মনসিংহ জেলা জাসদের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম চুন্নু ২০০৭ সালের ২১ জানুয়ারি ময়মনসিংহের আদালতে ইউনূসের বিরুদ্ধে একটি মানহানি মামলা করেন। পরে বিচার বিভাগীয় তদন্ত শেষে ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতের সিনিয়র জ্যেষ্ঠ বিচারিক ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাবিবুল্লাহ আজ মামলাটি আমলে নিয়ে ইউনূসকে আগামী ১৮ জানুয়ারি ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতে হাজির হওয়ার জন্য নির্দেশ দেন।