রাজনীতিবিদসহ ১৭৯ জনের বিরুদ্ধে দুদকের মামলা অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশন (দুদক) চলতি বছরে রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, সরকারি-বেসরকারি চাকরিজীবী, ব্যবসায়ীসহ ১৭৯ জনের বিরুদ্ধে ১০৮টি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে। অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে ছয়জন রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি, ১৩৬ জন সরকারি ও বেসরকারি চাকরিজীবী ও আটজন ব্যবসায়ী রয়েছেন। দুদকের মহাপরিচালক ফররুখ আহমেদ আজ বৃহস্পতিবার দুদকের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।ফররুখ আহমেদ বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত পাঁচ মাসে দুদক ব্যাপক অনুসন্ধান ও তদন্ত চালিয়ে এসব ব্যক্তির বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, তথ্য গোপন, সম্পদের হিসাব না দেওয়া, মানিলন্ডারিংসহ ব্যাপক অভিযোগ পেয়েছে। এরপর তাঁদের বিরুদ্ধে এসব মামলা দায়েরের অনুমোদন দেওয়া হয়।অভিযুক্ত ব্যক্তিদের মধ্যে বিএনপির সাবেক মহাসচিব প্রয়াত খন্দকার দেলোয়ার হোসেন, সাবেক স্পিকার জমিরউদ্দিন সরকার, ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকী, সাবেক সাংসদ শহীদ সরোয়ার, সাবেক বিচারপতি মোজাম্মেল হক, কুষ্টিয়ার মেয়র সাইফুল খান চৌধুরী ও প্যানেল মেয়র আবদুল রশিদের নাম রয়েছে বলে সংবাদ সম্মেলনে ফররুখ আহমেদ জানান।ফররুখ আহমেদ আরও বলেন, এ ছাড়া দুদক ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি), স্থানীয় সরকার মন্ত্রণালয় ও পরিবেশ অধিদপ্তরের একশ্রেণীর অসাধু কর্মকর্তা-কর্মচারীর দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত চালিয়ে যাচ্ছে।ডিসিসির জনবল নিয়োগে ব্যাপক অনিয়মের কথা উল্লেখ করে মহাপরিচালক বলেন, এরই মধ্যে ডিসিসির বিরুদ্ধে ১১টি মামলা দায়ের করা হয়েছে।ফররুখ আহমেদ বলেন, চলতি বছরে মে পর্যন্ত ৪৫ জন চাকরিজীবী ও ২ জন রাজনীতিবিদসহ মোট ৭১ জনের সম্পদের হিসাব বিবরণী দুদকে দাখিলের জন্য নোটিশ দেওয়া হয়েছে। যথাসময়ে সম্পদের হিসাব বিবরণী জমা না দেওয়ার অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বাসস।