রাজনীতিবিদেরা উল্টে যেতে পারেন, আমরা পারি না
প্রবীণ সাংবাদিক এবিএম মূসা বলেছেন, ‘তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা কারা কোন পরিস্থিতিতে তুলেছিলেন? সেই পরিস্থিতির কোনো পরিবর্তন হয়েছে কি না? মাগুরা নির্বাচনের পর এক বছর তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে লিখেছি। এখন রাজনীতিবিদেরা উল্টে যেতে পারেন, কিন্তু আমরা তো সহজে কলম উল্টাতে পারি না।’এবিএম মূসা আরও বলেন, ‘সংঘাতময় পরিস্থিতি ছাড়া অতীতে কোনো সংকটের সমাধান হয়নি।...’৭১-এর আগে বঙ্গবন্ধু ও ইয়াহিয়ার মধ্যে আলোচনা হয়েছিল। সমাধান হয়েছিল কি? হয় নাই। আমাদের দেশে সব সমস্যার সমাধান কিন্তু রাজপথেই হয়েছে। আজ শনিবার ‘সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর রায় ও রাজনৈতিক সংকট উত্তরণের উপায়’ শীর্ষক এক সেমিনারে এবিএম মূসা এসব কথা বলেন। আইন, বিচার বিভাগ ও মানবাধিকারবিষয়ক প্রতিবেদকদের সংগঠন ল রিপোর্টার্স ফোরাম এই সেমিনারের আয়োজন করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনে। জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারে তিনি রাজি আছেন। অন্তর্বর্তীকালীন সরকারটা কীভাবে হবে, সেটাই প্রশ্ন। সংসদে সব দলের প্রতিনিধি আছেন। তাঁদের ১২ বা ১৩ জন নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার হতে পারে। প্রশ্নটা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কে হবেন? ব্যক্তিগত মত হচ্ছে, মারামারি না করে আমরা এই ১০-১২ জন উপদেষ্টা করলাম। এখান থেকে একজন প্রধান উপদেষ্টা নিয়োগ হবেন। প্রধান উপদেষ্টা নির্বাচন করবেন শেষ অবসরপ্রাপ্ত সাবেক তিন প্রধান বিচারপতি। মূল উদ্দেশ্য হবে, নির্বাচন করা। নির্বাচনের বিষয়ে বিচারপতি খায়রুল হকের রায়ে কয়েকটি নির্দেশনা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার আর যা-ই থাকুক, নির্বাচন কমিশনের অধীনে থাকতে হবে।’ ল রিপোর্টার্স ফোরামের সভাপতি সালেহউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শাহদীন মালিক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফোরামের সম্পাদক মাশহুদুল হক। বাহাত্তরের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য এম আমীর-উল ইসলাম বলেন, ‘যদি সংবিধান মানি, সংবিধানের প্রতি অনুগত থাকি, তাহলে নির্বাচনটা করতে হবে নির্বাচন কমিশনকে দিয়েই। সরকারকে তো কোনো ক্ষমতা দেওয়া হয় নাই। শুধু তত্ত্বাবধায়ক সরকার নিয়ে বলছি, কিন্তু প্রাতিষ্ঠানিক কাঠামো শক্তিশালী করার কথা বলছি না। নির্বাচন কমিশনের সদস্য নির্বাচনের জন্য একটি সার্চ কমিটি হয়েছে। এটা জোরদার করতে হবে।’ রফিক-উল হকের প্রস্তাবে ভিন্নমত পোষণ করে আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ বলেন, তিনজন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত কমিটির প্রস্তাব দেওয়া হলে অন্য দল তা গ্রহণ করবে না। তিনি বলেন, ‘পঞ্চদশ সংশোধনী হয়ে যাওয়ার পর এই রায় আর কোনো তাত্পর্য বহন করে না। প্রধানমন্ত্রী অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব দিয়েছেন। এ প্রস্তাব নিয়ে আলোচনা হতে পারে। সব রাজনৈতিক দলের এ নিয়ে বসা উচিত।’ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেন বলেন, বর্তমান প্রেক্ষাপটে দেশে তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘মানুষের আবেগ-অনুভূতি যাতে প্রকাশ পায়, তা-ই গণতন্ত্র। অনেক কথা আছে যুক্তিতে টেকে না। তা গণতন্ত্র নয়। তত্ত্বাবধায়ক সরকার-পদ্ধতির অধীনে তিনটি নির্বাচন হয়েছে। এ ব্যবস্থা একটি রাজনৈতিক ও সামাজিক চুক্তি। তত্ত্বাবধায়ক সরকারকে অনির্বাচিত সরকার বলা যেতে পারে, কিন্তু অগণতান্ত্রিক নয়। আলোচনায় বসতে পারাটাই গণতন্ত্র।’ বিষয়বস্তুর ওপর শাহদীন মালিক বলেন, আগামী নির্বাচন রাজনৈতিক সরকারের অধীনে হলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে কি না, সে ব্যাপারে সন্দেহ আছে। সাবেক আইনমন্ত্রী আবদুুল মতিন খসরু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন প্রমুখ বক্তব্য দেন।