রাজনীতির উর্ধ্বে মানবতা, রুশদীরকে প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিখোঁজ বিএনপির নেতা ইলিয়াস আলীকে খুঁজে বের করতে সর্বোচ্চ প্রচেষ্টা নেওয়ার আশ্বাস দিয়েছেন তাঁর স্ত্রীকে। আজ বুধবার সন্ধ্যায় গণভবনে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর ও তাঁর তিন সন্তান প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি তাঁকে এ কথা জানান। তাহসিনা রুশদীর প্রধানমন্ত্রীর কাছ থেকে আশ্বাস পেয়েছেন বলে জানিয়েছেন।আজ বিকেল পাঁচটার দিকে তাহসিনা রুশদীর তাঁর ছেলে আবরার ইলিয়াস (১৮), লাবিব শারা (১৬) ও মেয়ে সাইয়ানা নাওয়ালকে (৮) সঙ্গে নিয়ে গণভবনে যান। এ সময় তাদের সঙ্গে ইলিয়াস আলীর ভাই আলমগীর আলী ও বোন দিলারা শারমিন ছিলেন। প্রায় ৪৫ মিনিট ইলিয়াস আলী ও স্ত্রী সন্তানেরা প্রধানমন্ত্রীর সঙ্গে একান্তে কথা বলেন।সাক্ষাৎ শেষে তাহসিনা রুশদীর সাংবাদিকদের বলেন, ‘প্রধানমন্ত্রী মনোযোগ দিয়ে কথা শুনেছেন। তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানিয়েছেন। আমরা আশা রাখছি। দোয়া করবেন।’তাহসিনা রুশদীর বলেন, ‘স্বজন হারানোর বেদনা প্রধানমন্ত্রী জানেন ও বোঝেন বলেই প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি।’ রুশদীর এর বেশি কিছু বলেননি।প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক সাংবাদিকদের বলেন, ইলিয়াস আলীর স্ত্রী প্রধানমন্ত্রীর সহায়তা চেয়েছেন। প্রধানমন্ত্রী তাঁদের সঙ্গে দীর্ঘ সময় কাটিয়েছেন। তিনি বলেছেন, রাজনীতির চেয়ে মানবতা অনেক ঊর্ধ্বে। ওই মানবতাকে প্রাধান্য দিয়েই সরকারের দায়িত্ব কোনো নাগরিক নিখোঁজ হলে তাঁকে খুঁজে বের করা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। প্রধানমন্ত্রী ইলিয়াসের পরিবারের কাছে কোনো তথ্য থাকলে তা দিয়ে সহায়তার জন্য আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।গত ১৭ এপ্রিল মঙ্গলবার মধ্যরাতে রাজধানী থেকে নিখোঁজ হন সাবেক সাংসদ ও সিলেট জেলা বিএনপির ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক আনসার। ওই রাতে বনানীর রাস্তা থেকে পুলিশ ইলিয়াসের খালি গাড়ি উদ্ধার করে। এর পর ১৭ দিনের বেশি সময় পার হলেও সরকার ইলিয়াস আলীর কোনো হদিস করতে পারেনি।এর আগে গত সোমবার রাজধানীর বনানীতে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তাহসিনা রুশদীর প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ চান। এরই পরিপ্রেক্ষিতে আজ তাঁকে সাক্ষাতের সময় দেন প্রধানমন্ত্রী।সেদিনের সংবাদ সম্মেলনে তাহসিনা রুশদীর বলেছিলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে মিনতি করে বলছি, দয়া করে আপনার সঙ্গে দেখা করার জন্য একটু সময় ও সুযোগ দিন। যেকোনো মূল্যে ইলিয়াস আলীকে উদ্ধার করে দিন।’ তিনি বলেন, ইলিয়াস আলীকে ফেরত দিলে তিনি প্রধানমন্ত্রীর কাছে আজীবন কৃতজ্ঞ থাকবেন।এ ঘটনার পর গত ২৪ এপ্রিল বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, সরকারের ‘এজেন্সি ও র‌্যাবের লোকেরা’ ইলিয়াসকে তুলে নিয়ে গেছে। এর আগে ১৯ এপ্রিল রাজধানীতে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ইলিয়াস আলী বিরোধীদলীয় নেতার নির্দেশে লুকিয়ে থাকতে পারেন।ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনার প্রতিবাদে ২২, ২৩ ও ২৪ এপ্রিল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপি। এরপর দলটি ইলিয়াসকে জীবিত ফেরত দিতে সরকারকে চার দিন সময় বেঁধে দেয়। এই সময় গত ২৮ এপ্রিল শেষ হয়। বেঁধে দেওয়া সময়ের মধ্যে নিখোঁজ ইলিয়াস আলীকে না পাওয়ায় ২৯ ও ৩০ এপ্রিল সারা দেশে আবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের জোট।গত ২৬ এপ্রিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেছিলেন, ইলিয়াসকে জীবিত উদ্ধার করার লক্ষ্যে সরকার কাজ করছে। অবশ্য পরের দিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, ইলিয়াস আলীকে জঙ্গিগোষ্ঠী লুকিয়ে রেখেছে কি না, সরকার তা খতিয়ে দেখছে।গত ৩০ এপ্রিল বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ে বিরোধী দলের হরতাল, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সমাবেশে সৈয়দ আশরাফ দাবি করেন, ইলিয়াস আলীকে উদ্ধারের জন্য দেশের বিভিন্ন স্থানে এক হাজার ২০০ অভিযান চালানো হয়েছে। তিনি বলেন, ‘তাঁকে উদ্ধার না করা পর্যন্ত অভিযান চলতে থাকবে। সরকার তাঁকে উদ্ধার করতে বদ্ধপরিকর। আমাদের দায়িত্ব ইলিয়াসকে খুঁজে বের করা। আমরা দায়িত্ব থেকে অব্যাহতি নিইনি।’