রাজনীতির নামে ধ্বংসাত্মক কাজ করলে আইনি ব্যবস্থা: বেনজীর
রাজধানীতে রাজনৈতিক কর্মসূচির নামে ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে গেলে আইনের মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) বেনজীর আহমেদ।আজ শনিবার বিকেলে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপন উপলক্ষে নগরের কাকরাইল গির্জার নিরাপত্তাব্যবস্থা দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, গত রোববার রাজধানীজুড়ে বড় ধরনের নাশকতার পরিকল্পনা থাকলেও আইনশৃঙ্খলা বাহিনীর তত্পরতার কারণে তা সফল হয়নি। এ ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশের প্রস্তুতি আছে। তিনি আরও বলেন, খ্রিষ্টান ধর্মাবলম্বীরা যাতে নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে কাল (রোববার) বড়দিন উদযাপন করতে পারে, সে জন্য পুলিশ বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে। নগরে ৪০টি গির্জায় পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকধারী পুলিশও মোতায়েন করা হবে।এ সময় ডিএমপি কমিশনারের সঙ্গে ছিলেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপকমিশনার মনিরুল ইসলাম, পুলিশের রমনা বিভাগের উপকমিশনার কৃষ্ণপদ রায় ও ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার মো. মাসুদুর রহমান।