রাজনীতির ফাঁদে বেসরকারি শিক্ষা
রাজনৈতিক সরকারের সময় শিক্ষাপ্রতিষ্ঠান রাজনৈতিক নেতাদের হাতে চলে যায়। আর তত্ত্বাবধায়ক সরকারের সময় নিয়ন্ত্রণ করেন আমলারা। নব্বইয়ের পর থেকে এ দুটি ধারা চলে আসছে। কিন্তু শিক্ষক-অভিভাবক-শিক্ষাবিদ ও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা এটা সমর্থন করেন না।জনপ্রতিনিধি, আমলা ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত হোক, এটা সবার প্রত্যাশা। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। নব্বই-পরবর্তী ধারাবাহিকতায় রাজনৈতিক নেতাদের পছন্দে পরিচালিত হচ্ছে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান। আর দেশের মোট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ৯৮ শতাংশই বেসরকারি। এ ধরনের প্রতিষ্ঠানের সংখ্যা ৩০ হাজারের বেশি।আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে শিক্ষা ও বিজ্ঞানবিষয়ক অঙ্গীকারে সুস্পষ্টভাবে বলা হয়, শিক্ষাঙ্গন দলীয়করণমুক্ত করা হবে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাপ্রতিষ্ঠান রাজনীতিমুক্ত করার আশ্বাস দিয়েছিলেন।দেশের সবচেয়ে বড় পেশাজীবী গোষ্ঠী হলো শিক্ষক। তাঁদের প্রতিনিধিত্ব করা সমিতি বা সংগঠনগুলোও শিক্ষাপ্রতিষ্ঠান রাজনীতিমুক্ত রাখার পক্ষে।কিন্তু এ সরকারের আমলেও দেখা যাচ্ছে, দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রাজনীতির বৃত্তে বন্দী।দেশজুড়ে সাধারণ চিত্র হচ্ছে, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা পরিষদের কর্তাব্যক্তিরা শিক্ষক নিয়োগ থেকে শুরু করে শিক্ষকের চাকরিচ্যুতি, নির্মাণকাজ, ছাত্র ভর্তি, শিক্ষাপ্রতিষ্ঠানের আয়-ব্যয়, শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক ব্যবসাসহ নানা কাজে সম্পৃক্ত হয়ে পড়েছেন। এসব কাজের সঙ্গে আর্থিক সংশ্লিষ্টতা থাকায় অধিকাংশ প্রতিষ্ঠানে তৈরি হয়ে আছে দলাদলি, প্রভাব খাটানোর বিষয় ও মামলা-মোকদ্দমা।শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি ঢুকে পড়া এবং এ থেকে পরিত্রাণের উপায় সম্পর্কে জানতে চাইলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রথম আলোকে বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি ঢুকে পড়েছে। এটা অস্বীকার করার উপায় নেই। তবে স্কুল-কলেজে দল-মতনির্বিশেষে সবার ছেলেমেয়ে পড়াশোনা করে। ওরাই এ দেশের ভবিষ্যৎ। তাই আমরা যেন রাজনীতি ও দলীয়করণের নামে ভবিষ্যৎ বংশধরদের ক্ষতির কারণ না হয়ে দাঁড়াই, সে ব্যাপারে সবার লক্ষ রাখা উচিত।’এ প্রসঙ্গে শিক্ষাবিদ সৈয়দ মনজুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, যাঁদের শিক্ষার মান খারাপ; যাঁরা হত্যা, লুটপাটসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত, তাঁদের কেউ সংসদ সদস্য হয়ে পদাধিকারবলে শিক্ষাপ্রতিষ্ঠানের নেতৃত্ব দিতে চাইলে ভালো কিছু আশা করার কারণ নেই। তিনি বলেন, ‘রাজনীতির সঙ্গে জড়িতরা ছাড়া অন্যরা কি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার ক্ষমতা রাখেন না? আমি রংপুর শহরের অন্তত পাঁচজন শিক্ষানুরাগীর নাম বলতে পারি, যাঁরা এ ধরনের দায়িত্ব পালন করে সফল হবেন। দেশের সব এলাকায় এখন শিক্ষানুরাগী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, অধ্যক্ষ, অধ্যাপক, লেখক ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আছেন।’ এ পরিস্থিতিতে করণীয় সম্পর্কে তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এক বছরের বেশি কেউ যাতে সভাপতি বা সদস্য থাকতে না পারেন, সে বিষয়টি নিশ্চিত করতে হবে। প্রতিবছর ডিসেম্বর বা জানুয়ারিতে স্বাভাবিকভাবে কমিটি ভেঙে যাবে। যাঁর সন্তান পড়ে না, তিনি যেন কোনোভাবেই শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটিতে ঢুকতে না পারেন। সর্বোপরি, রাজনীতি ও আমলাদের বাইরেও যে সমাজে কিছু ভালো মানুষ আছেন, এ বিষয়টি মাথায় রাখতে হবে।রাজধানীর তিনটি বড় শিক্ষাপ্রতিষ্ঠান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির মেয়াদ শেষ হয়েছে বেশ আগে, কিন্তু নির্বাচন দেওয়া হচ্ছে না। এর কারণ অনুসন্ধানে দেখা গেছে, ব্যক্তিস্বার্থে কিছু ব্যক্তি প্রতিষ্ঠানগুলো আঁকড়ে থাকছেন।এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন প্রথম আলোকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ করে বড় স্কুল-কলেজে ব্যক্তিস্বার্থ ও রাজনীতি যেভাবে ঢুকে পড়েছে, তাতে কিছু একটা করা প্রয়োজন। ইতিমধ্যে তিনি বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মডেল স্কুল অ্যান্ড কলেজের আদলে বিশেষ কমিটি গঠনের মৌখিক প্রস্তাব দিয়েছেন। শিক্ষামন্ত্রী তাঁকে একটি রূপরেখা দিতে বলেছেন। চেয়ারম্যান জানান, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকেরাও চান, সেখানে বিশেষ কমিটি করে দেওয়া হোক।জানা যায়, ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ রাজনৈতিক কারণে ও ব্যক্তিস্বার্থে ঝুঁকির মুখে পড়েছে। ওই কলেজ পরিচালনা পরিষদের মেয়াদ শেষ হলেও নানা হিসাব-নিকাশের কারণে নির্বাচন দেওয়া হচ্ছে না। সম্প্রতি এই স্কুলের বসুন্ধরা শাখার শিক্ষক পরিমল জয়ধর দশম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিলম্বের অভিযোগে অধ্যক্ষকে অপসারণের দাবি ওঠে।এই শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ হামিদা আলী থেকে শুরু করে প্রায় সবাই রাজনৈতিক পরিস্থিতির শিকার হয়েছেন। তিন থেকে সাড়ে তিন দশক শিক্ষকতার পর একেকজন কিছুদিনের জন্য অধ্যক্ষ হয়ে বিদায় নিচ্ছেন অস্বাভাবিক পরিস্থিতিতে। সর্বশেষ জ্যেষ্ঠ শিক্ষক আম্বিয়া খাতুনকে এক দিনের জন্য অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। তিনি একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থক বলে অভিযোগ তোলা হয়েছে। এর আগেও তিনজন অধ্যক্ষের যোগ্যতা, অভিজ্ঞতা পাশ কাটিয়ে তাঁদের রাজনৈতিকভাবে ঘায়েল করা হয়।পরিচালনা কমিটির দায়িত্ব ও বাস্তবতা: কমিটির কার্যক্রমের মধ্যে শিক্ষাসংক্রান্ত বিভিন্ন বিষয় উল্লেখ রয়েছে। এগুলো হচ্ছে শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া, আধুনিক গ্রন্থাগার স্থাপন ও তা সমৃদ্ধ করা, প্রতিষ্ঠানের জন্য যন্ত্রপাতি, বই ও শিক্ষা উপকরণ সংগ্রহ করা ইত্যাদি। এ ছাড়া শিক্ষাঙ্গনে নিয়মিত খেলাধুলা, বিনোদন ও সংস্কৃতিচর্চার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্বও কমিটির।শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিদের পর্যবেক্ষণ হচ্ছে, বেশির ভাগ কমিটি শিক্ষাসংক্রান্ত এসব কাজে খুব একটা মনোযোগী নয়। খুলনার শহীদ সোহরাওয়ার্দী কলেজে প্রায় ৩৮ বছর ধরে পরিচালনা পরিষদের চেয়ারম্যান ছিলেন বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসক। সংসদ নির্বাচনে পরাজিত সরকারদলীয় একজন প্রার্থী এখন ওই কলেজ পরিচালনা পরিষদের সভাপতি। সেখানকার একাধিক শিক্ষক প্রথম আলোকে জানান, প্রবীণ শিক্ষক নেতা মাজহারুল হান্নান সেখানকার অধ্যক্ষ থাকাকালে কেউ রাজনৈতিক প্রভাব খাটাতে পারেননি। কিন্তু এখন রাজনৈতিক নেতা কমিটির প্রধান। সেখানে বর্তমানে ছয়জন শিক্ষক নিয়োগসহ সাম্প্রতিক বিভিন্ন কর্মকাণ্ড ঘিরে নানা কানাঘুষা চলছে।বিশ্ব শিক্ষক ফেডারেশনের সহসভাপতি ও প্রবীণ শিক্ষক নেতা এম এ বারী প্রথম আলোকে বলেন, আইন করে শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি ঢুকিয়ে দেওয়া হলেও এটা ঠেকাতে প্রতিষ্ঠান-প্রধানদের বড় ভূমিকা রয়েছে। প্রতিষ্ঠান-প্রধান চাইলে অনেক ক্ষেত্রে বাইরের হস্তক্ষেপ ও দলীয়করণের বিষয়টি ঠেকাতে পারেন।তবে বিএনপিপন্থী বেসরকারি শিক্ষক নেতা সেলিম ভূঁইয়া বলেন, একজন সাংসদ বা স্থানীয় সরকারি নেতার মতের বাইরে যাওয়ার ক্ষমতা একটি প্রতিষ্ঠান-প্রধানের নেই। তাঁর কাছে চাকরিচ্যুতির কয়েক শ ঘটনা রয়েছে। তিনি বলেন, সম্প্রতি চট্টগ্রামের হাটহাজারী থেকে ১৪ জন শিক্ষক রাজনৈতিক কারণে চাকরিচ্যুতির কথা জানিয়েছেন। গাজীপুরের শ্রীপুর কলেজ, পটুয়াখালীর আবদুল করিম মৃধা কলেজ, ফেনীর খালেদা জিয়া মহিলা কলেজ ও সাউথইস্ট কলেজের অধ্যক্ষকে বাদ দেওয়া হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি ঢুকে পড়ায় শিক্ষকেরা স্বাধীনভাবে কাজ করতে পারছেন না। অযোগ্য শিক্ষক নিয়োগ পাচ্ছেন, এমনকি শ্রেণীকক্ষের রুটিন পর্যন্ত পরিচালনা পরিষদের উদ্যোগে তৈরি করে দেওয়ার নজির আছে।বেসরকারি শিক্ষক নেতারা বলছেন, নব্বইয়ে গণতান্ত্রিক অগ্রযাত্রার শুরু থেকেই শিক্ষাপ্রতিষ্ঠানে ধীরে ধীরে রাজনীতি ঢুকে পড়ে। তার আগে জাতীয় পার্টির নেতাদের প্রভাব একটু বেশি ছিল; পাশাপাশি অন্য মতাদর্শের ব্যক্তিরাও শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ১৯৯১-৯৬ সাল পর্যন্ত বিএনপির শাসনামলে শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনীতি ঢুকলেও পরিচালনা বা ব্যবস্থাপনা কমিটির সদস্যদের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতেন। একজন সাংসদ দুটি প্রতিষ্ঠানের সভাপতি বা চেয়ারম্যান হতে পারতেন। কিন্তু ’৯৬ সালের পর আওয়ামী লীগ সরকারের আমলে কয়েকজন বিতর্কিত রাজনীতিবিদ ও সাংসদ চর দখলের মতো স্কুল-কলেজ দখল শুরু করেন।২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের মেয়াদে এই দখল-সংস্কৃতি দেশজুড়ে ছড়িয়ে পড়ে। ঢাকা-৪ আসনের সাংসদ সালাহ উদ্দিন আহমেদ একাই ১৬টি এবং ঢাকা-৮ আসনের সাংসদ নাসির উদ্দীন আহম্মেদ পিন্টু কমপক্ষে ১৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ারম্যান বা সভাপতি হলে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে।২০০৬ সালের ১২ নভেম্বর তত্ত্বাবধায়ক সরকারের সময় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি থেকে মনোনীত রাজনৈতিক ব্যক্তিদের বাদ দেওয়া হয়। মনোনয়ন দেওয়া হয় সরকারি কর্মকর্তা এবং নির্দলীয় ব্যক্তিদের। এরপর দুই বছর আমলারা দায়িত্বে ছিলেন। তাঁদের পাশাপাশি বিদ্যানুরাগী ব্যক্তিদের মনোনয়নের সুযোগ থাকলেও তা মানা হয়নি। তখন ঢাকার ২৭৭টি স্কুল ও কলেজে দায়িত্ব পালন করেন ঢাকা জেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা। একজন অতিরিক্ত জেলা প্রশাসক একাই ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্ব পালন করতে গিয়ে আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন।তত্ত্বাবধায়ক সরকারের শেষ দিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার জন্য অধ্যাদেশ জারি হয়েছিল। এর আলোকে ২০০৯ সালের ১৪ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয় পরিপত্র জারি করে। এতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে যেসব শিক্ষার্থী প্রথম হবে, তাদের অভিভাবকেরা অভিভাবক প্রতিনিধি হবেন। তিনজন অভিভাবক প্রতিনিধির মধ্য থেকে স্থানীয় প্রশাসন সভাপতি নির্বাচন করবে।কিন্তু বর্তমান সরকার অধ্যাদেশটি জাতীয় সংসদে পাস করেনি। ২০০৯ সালের ৮ জুন সরকার নতুন প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, একজন সাংসদ চারটি শিক্ষাপ্রতিষ্ঠানের সভাপতি হতে পারবেন, আর দুটি প্রতিষ্ঠানের বিষয়ে মত দিতে পারবেন।ঢাকা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, অনেক সাংসদ প্রজ্ঞাপনের বাইরে তাঁদের পছন্দের ব্যক্তিকে মনোনয়ন দিতে বা অন্যের মনোনয়ন বাতিল করতে শিক্ষা বোর্ডে অনানুষ্ঠানিক চিঠি (ডিও) পাঠান। এ নিয়ে প্রতিনিয়ত ঝুট-ঝামেলা লেগে থাকে।