সিলেটের কানাইঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের উপজেলা সভাপতি লুৎফুর রহমানের সঙ্গে ভানুলাল দাসও আওয়ামী লীগ ঘরানার প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন। মহাজোটের সমর্থন না পেয়ে জাতীয় পার্টি থেকে প্রার্থী হয়েছেন সুহেল আমিন। আর উপজেলা বিএনপির সহসভাপতি হাজি আবদুল মালিকের সঙ্গে বিএনপির একাংশের সাধারণ সম্পাদক হাজি আবদুল মতিন এবং জামায়াতের রোকন মোহাম্মদ ওলি উল্যাহ মেয়র পদপ্রার্থী হিসেবে সমান্তরালে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।প্রধান রাজনৈতিক দলগুলোয় এ রকম একাধিক প্রার্থী কেবল কানাইঘাটে নয়, সিলেট বিভাগের চার জেলার ১৫ পৌরসভার মধ্যে ১০টিতেই। দলের পক্ষে এককভাবে প্রচারণা চালাতে এক ধরনের দোলাচল পরিস্থিতির সৃষ্টি হওয়ায় রাজনীতির হিসাব নির্ভর করছে শুধু প্রার্থীর জয়ের ওপরই। যেন রাজনীতির হিসাব শুধু জিতলেই! শেষ মুহূর্তে দলীয় প্রার্থীদের প্রচারণার কৌশল থেকে বিষয়টি ফুটে উঠেছে।সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী গতকাল রোববার বিকেলে সিলেটের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে বিএনপির অবস্থান তুলে ধরে জানান, বিভাগের সব পৌরসভায় দলের একাধিক প্রার্থী থাকলেও বিএনপির অবস্থান ভালো। আর আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ বিভিন্ন পৌরসভায় দল-ঘোষিত প্রার্থীর পক্ষে প্রচারণায় নামলেও একাধিক প্রার্থী যেখানে-সেখানে কৌশলী প্রচারণা চালাচ্ছেন।সিলেটের ভারপ্রাপ্ত উপনির্বাচন কমিশনার মো. সামসুল আলম প্রথম আলোকে বলেন, ১৫ পৌরসভায় মোট ভোটার দুই লাখ ৯৬ হাজার একজন। ১৮৭টি ভোটকেন্দ্রে ১৮ জানুয়ারি সকাল থেকে ভোট গ্রহণ শুরু হবে। সব কটিতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। প্রার্থীদের নির্বাচনী প্রচারণা চালানোর সময় আচরণবিধি খুব একটা লঙ্ঘিত হয়নি। একই দলের একাধিক প্রার্থী থাকায় প্রচারকাজেও রাজনৈতিক তোড়জোড় কম লক্ষণীয়।সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভায় মেয়র পদে সাতজন প্রার্থীর মধ্যে ছয়জন আওয়ামী লীগ-সমর্থিত। অপরজন বিএনপি-সমর্থিত প্রার্থী। পাশাপাশি সুনামগঞ্জ পৌরসভায় তিন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি থেকে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যজন স্বতন্ত্র। জেলার অপর পৌরসভা ছাতকেও আওয়ামী লীগ-সমর্থিত একাধিক প্রার্থী নির্বাচন করছেন। অভ্যন্তরীণ দ্বন্দ্ব চরম আকার ধারণ করায় সুনামগঞ্জ ও ছাতকে বিএনপি কোনো প্রার্থীকেই সমর্থন দেয়নি।সিলেটের জকিগঞ্জ পৌরসভায় পাঁচ প্রার্থীর মধ্যে মহাজোট থেকে তিনজন এবং বিএনপি থেকে দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। কানাইঘাটে সাত প্রার্থীর মধ্যে মহাজোট ও চারদলীয় জোট থেকে সমানসংখ্যক তিনজন করে এবং অপরজন স্বতন্ত্র। হবিগঞ্জ, নবীগঞ্জ ও মাধবপুরে দুই দলেরই একক প্রার্থী থাকলেও চুনারুঘাটে উভয় দলের ছয়জন এবং মাধবপুরে আওয়ামী লীগে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মৌলভীবাজার, শ্রীমঙ্গলে একক প্রার্থী থাকলেও কমলগঞ্জ, বড়লেখা ও কুলাউড়ায় উভয় দলে একাধিক প্রার্থী রয়েছেন।একাধিক প্রার্থী থাকায় গণসংযোগে নেমেও দলীয় নেতা-কর্মীরা পড়ছেন বিপাকে। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে প্রার্থী হওয়ার কারণে দলের শীর্ষ পর্যায় থেকে শাস্তিমূলক ব্যবস্থার আশঙ্কায় রয়েছেন আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী প্রার্থীরা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক বিদ্রোহী প্রার্থী জানান, দলের বিভিন্ন নেতা-কর্মী মুঠোফোনে কয়েক দিন ধরে দল থেকে বহিষ্কারের আশঙ্কার কথা জানাচ্ছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে এ পর্যন্ত মৌলভীবাজারে তিন ও শ্রীমঙ্গলে বিএনপির একাংশের মেয়র পদের এক প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে। গতকাল দিরাই পৌরসভায় দলীয় প্রার্থীর বিরুদ্ধে থাকায় বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছকে।কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জমিরউদ্দিন প্রধানকে দলীয় কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর প্রাথমিক সদস্যপদ সাময়িকভাবে বাতিল করা হয়েছে। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল রোববার সন্ধ্যায় এ তথ্য জানানো হয়। একটি সূত্র জানায়, পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ বলেন, দলের একাধিক প্রার্থী থাকলেও রাজনৈতিক হিসাবে আওয়ামী লীগই এগিয়ে থাকবে। নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী লীগের এক নেতা জানান, যেসব পৌরসভায় দলের একাধিক প্রার্থী, সেখানে দলীয় কারণে এক ধরনের লুকোচুরি থাকেই। ভোটের পর অবশ্য রাজনৈতিকভাবে হিসাবের মধ্যে আসেন দলীয় প্রার্থী।বিভাগের ১৫ পৌরসভায় বিএনপির অবস্থা বিবেচনা করে সিলেটে গতকাল সংবাদ সম্মেলন শেষে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফফার প্রথম আলোকে বলেন, ‘এটা স্থানীয় নির্বাচন। এ জন্য ভোটের আগে নানা কৌশল নিতে হয়। আমরাও এমন কৌশল করে জেতার পক্ষপাতী। তবে আমাদের একাধিক প্রার্থী থাকলেও দল থেকে বাছাই করা প্রার্থীর পক্ষেই আমাদের সমর্থন রয়েছে। আশা করি, রাজনৈতিক হিসাব-নিকাশের মধ্যে তাঁরা জিতবেন।’