রাজনৈতিক অঙ্গীকার দিয়ে শেষ হলো সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত একটি রাজনৈতিক অঙ্গীকারের মধ্য দিয়ে গতকাল শুক্রবার শেষ হলো জাতিসংঘের টেকসই উন্নয়নবিষয়ক ধরিত্রী সম্মেলন। বিশ্বের বেশির ভাগ দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা টেকসই উন্নয়নের জন্য আগামী দিনগুলোতে একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন।পরিবেশবাদী ও সুশীল সমাজের প্রতিনিধিরা সম্মেলনের প্রাপ্তি সন্তোষজনক নয় বলে হতাশা প্রকাশ করেছেন। রাজনৈতিক এই অঙ্গীকারকে ‘অর্থহীন’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছেন তাঁরা।‘কী ভবিষ্যৎ আমরা চাই’ শীর্ষক ৪৯ পৃষ্ঠার ওই অঙ্গীকারে বলা হয়েছে, বিশ্বের আগামী দিনের টেকসই উন্নয়নের জন্য পরিবেশ, জ্বালানি, খাদ্যনিরাপত্তা ও সামাজিক উন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে। ২৮৩টি সুনির্দিষ্ট অঙ্গীকার করা হয়েছে এতে। অঙ্গীকারে বলা হয়েছে, দারিদ্র্য নির্মূলকে অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে। টেকসই উন্নয়নের ক্ষেত্রে পরিবেশ রক্ষাকে গুরুত্ব দিয়ে একটি আলাদা স্তম্ভ হিসেবে মেনে নেওয়া হবে। সামাজিক উন্নয়ন, মানবাধিকার ও সুশাসনকে উন্নয়নের ধারণার গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে বিবেচনা করতে হবে।অঙ্গীকারে বলা হয়, ২০১৫ সালের মধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যের (এমডিজি) মেয়াদ শেষ হওয়ার পর এর অসমাপ্ত দিকগুলো সমাপ্ত করতে একটি নতুন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে। এতে বলা হয়, বিশ্বের এক-পঞ্চমাংশ মানুষ এখনো দারিদ্র্যসীমার নিচে বাস করে। ১৫ শতাংশ মানুষ পুষ্টিহীনতার মধ্যে রয়েছে।জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নেওয়া জাতিসংঘের জলবায়ু পরিবর্তনসংক্রান্ত ফ্রেমওয়ার্ক বা ইউএনএফসিসিসির নেওয়া উদ্যোগগুলোকে রিও ঘোষণায় অন্তর্ভুক্ত করা হয়েছে। অর্থাৎ, কিয়োটো প্রটোকল চুক্তি অনুযায়ী শিল্পোন্নত দেশগুলোর কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যমাত্রা ও ডারবান চুক্তি অনুযায়ী জলবায়ু তহবিলের মাধ্যমে জলবায়ু বিপন্ন দেশগুলোকে সহায়তা দেওয়ার বিষয়টিও ঘোষণায় যুক্ত করা হয়েছে।জাতিসংঘের আন্তসরকার জলবায়ু পরিবর্তনসংক্রান্ত প্যানেলের সভাপতি রাজেন্দ্র প্রসাদ পাচুরি এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, ‘রিও ঘোষণায় বিশ্বকে টেকসই উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার সূচনা হলো। এটিকে সফল করতে হলে সামনের দিনে আরও অনেক আলোচনা চালিয়ে যেতে হবে। রাষ্ট্রগুলোকে এ ক্ষেত্রে আরও বেশি সোচ্চার হতে হবে। এ ছাড়া সুশীল সমাজের সক্রিয় অংশগ্রহণ দরকার হবে।’তবে সুশীল সমাজের প্রতিনিধি ও পরিবেশবাদীরা এই অঙ্গীকারকে প্রত্যাখ্যান করেছেন। রাজনৈতিক অঙ্গীকারের ভূমিকায় উল্লেখ করা হয়েছে, সুশীল সমাজের অংশগ্রহণের মাধ্যমে এটি তৈরি হয়েছে। কিন্তু সুশীল সমাজের পক্ষ থেকে বলা হচ্ছে, এটি তৈরির ক্ষেত্রে তাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। তাদের মূল দাবিগুলোও এতে যুক্ত হয়নি।গতকাল সম্মেলনের সমাপনী দিনে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন পরিবেশ-অনুকূল জ্বালানি খাতে মার্কিন সরকারের সহায়তার ঘোষণা দেন। প্রাথমিকভাবে আফ্রিকার দেশগুলো এ সহায়তা পাবে। এমডিজি অনুযায়ী, ধনী দেশগুলোর জাতীয় প্রবৃদ্ধির ১ শতাংশ দরিদ্র দেশগুলোকে দেওয়ার যে অঙ্গীকার করা হয়েছিল, সে ব্যাপারে কিছুটা অগ্রগতি হয়েছে। যুক্তরাজ্য, সুইডেন, নরওয়ে, ডেনমার্ক ও লুক্সেমবার্গ সম্মিলিতভাবে একটি নতুন জোট গঠনের ঘোষণা দিয়েছে। এই জোটের সদস্যরা অঙ্গীকার করেছে, তারা আগামী বছর থেকে নিজেদের জাতীয় প্রবৃদ্ধির দশমিক ৭ শতাংশ দরিদ্র দেশগুলোকে দারিদ্র্য বিমোচনের জন্য দেবে।সম্মেলনের শেষ দিনে বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, সাংসদ সাবের হোসেন চৌধুরী, অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত বাংলাদেশ দলের পক্ষে বিভিন্ন আলোচনায় অংশ নেন। রিও শহরজুড়ে কড়া নিরাপত্তার পাশাপাশি পরিবেশবাদীদের বিক্ষোভ সমানতালে চলেছে। তারা অভিযোগ করে, ‘গ্রিন ইকোনমি’ বা সবুজ অর্থনীতি মানে ধনীদের লোভের অর্থনীতি। স্লোগান ওঠে, ‘পুঁজিবাদ তুমি পালানোর পথ পাবে না, জেগেছে আজ বিশ্ব জনতা’।ঠিক ২০ বছর আগে ১৯৯২ সালে ব্রাজিলের এ শহরেই হয়েছিল প্রথম ধরিত্রী সম্মেলন। সোভিয়েত ইউনিয়নের পতনের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ ওই সম্মেলনে ঘোষণা দিয়েছিলেন, বিশ্ব এখন থেকে এক নতুন টেকসই উন্নয়নের পথে এগোবে। ২০১২ সালে এসে সেই অঙ্গীকার কতটুকু বাস্তবায়িত হলো, তার হিসাব কষতে গিয়ে পরিবেশবাদী আর উন্নয়ন চিন্তাবিদেরা হতাশই হয়েছেন। জাতিসংঘ মাঝেমধ্যে যাত্রার বিবেকের মতো ভালো ভালো কথা বলে গেছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ তুলেছেন অনেকে। রিও শহরের বিখ্যাত কোপাকাবানা সৈকত আর মোড়ে মোড়ে এ অভিযোগ তুলে গতকাল বিক্ষোভে ফেটে পড়েছেন সুশীল সমাজ আর সামাজিক আন্দোলনের নেতারা।বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্সড স্টাডিজের (বিসিএএস) নির্বাহী পরিচালক আতিক রহমান প্রথম আলোকে বলেন, ধনী দেশগুলো নিজেরা অর্থনৈতিক সংকটের মধ্যে থাকায় তারা আপাতত কোনো নতুন বাধ্যবাধকতাসহ চুক্তিতে যেতে চায়নি। তারা যে সবুজ অর্থনীতির কথা বলছে, তা-ও বেসরকারি খাতের মাধ্যমে বাস্তবায়নের প্রস্তাব দিচ্ছে। কিন্তু এতে দারিদ্র্য বিমোচন কতটুকু সম্ভব হবে, তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। ফলে স্বল্পোন্নত দেশগুলোকে ধনী দেশগুলোর ওপর সহায়তা বাড়ানোর জন্য চাপ প্রয়োগ করে যেতে হবে। এর আগে বৃহস্পতিবার সম্মেলনের উচ্চপর্যায়ের আলোচনা শুরু হয়। এ দিনের আলোচনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রতিনিধিদলের নেতা পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ। তিনি বলেন, ভবিষ্যৎ পৃথিবীর জন্য একটি বাসযোগ্য অবকাঠামো সৃষ্টির লক্ষ্যে এ সম্মেলন একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে।