বেসরকারি কোম্পানিতে প্রশাসক নিয়োগের বিধান করে কোম্পানি আইন, ২০১২ সংশোধনের মাধ্যমে রাজনৈতিক অপপ্রয়োগের আশঙ্কা প্রকাশ করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি আজ বুধবার এক বিবৃতিতে এ মন্তব্য করেন। কামাল হোসেন বলেন, কোম্পানি আইন, ২০১২ সংশোধনীর ফলে প্রশাসকের কারণে কোনো ব্যক্তি ক্ষতিগ্রস্ত হলে তিনি আইনের আশ্রয় লাভের অধিকার পাবেন না। কারণ, প্রশাসককে ইনডেমনিটি দেওয়ার বিধান রয়েছে। এটি সংবিধানের পরিপন্থী এবং এতে মানুষের সাংবিধানিক অধিকার খর্ব হবে।গণফোরামের সভাপতি বলেন, জাতীয় সংসদকে পাশ কাটিয়ে এবং জাতীয় সংসদে কোনো ধরনের আলোচনা না করে কোম্পানি আইনের এই গুরুত্বপূর্ণ সংশোধনীতে মন্ত্রিসভার অনুমোদন অনাকাঙ্ক্ষিত ও রীতিবহির্ভূত। এ আইনের রাজনৈতিক অপপ্রয়োগের সমূহ আশঙ্কা রয়েছে।এই প্রেক্ষাপটে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা ছাড়া এবং জাতীয় সংসদকে পাশ কাটিয়ে কোম্পানি আইনে উল্লিখিত সংশোধনী না আনার জন্য ড. কামাল হোসেন সরকারকে অনুরোধ জানিয়েছেন।