রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টিতেই গার্মেন্টসে আগুন: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টিসহ পোশাকশিল্পকে ধ্বংসের জন্য পরিকল্পিতভাবে বিভিন্ন গার্মেন্টসে অগ্নিসংযোগ করে ক্ষতিসাধনের চেষ্টা করা হচ্ছে। আজ বুধবার সংসদের প্রশ্নোত্তর পর্বে নূর আফরোজ আলীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। এর আগে বিকেল পাঁচটার দিকে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়। নূর আফরোজ আলীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী আরও বলেন, গার্মেন্টস কারখানার নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তর কর্তৃক ঢাকায় ২০টি এবং চট্টগ্রামে তিনটি পরিদর্শন টিম গঠন করা হয়েছে। টিমগুলো এরই মধ্যে দুই শতাধিক কারখানা পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করেছে এবং পরিদর্শন কার্যক্রম অব্যাহত আছে।মো. শফিকুল ইসলামের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, দেশের কোনো সরকারি কলেজকে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ হিসেবে নামকরণ করা হয়নি। বিশ্ববিদ্যালয় কলেজ নামে কোনো কলেজের নামকরণের বিষয়টি বিভ্রান্তিকর। কোনো কলেজের নামে ‘বিশ্ববিদ্যালয় কলেজ’ ব্যবহার না করার জন্য এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।নাসরিন জাহানের প্রশ্নের জবাবে সংসদ নেতা হাসিনা বলেন, সেনা, নৌ ও বিমান বাহিনীকে আধুনিক ও উন্নত করার লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। ‘ফোর্সেস গোল ২০৩০’ বাস্তবায়নের মাধ্যমে সেনাবাহিনীতে দুটি নতুন আর্মি কমান্ড, একটি পদাতিক ডিভিশন ও এর জন্য প্রয়োজনীয় সব ব্রিগেড ও ইউনিট, দুটি বিমান প্রতিরক্ষা ব্রিগেড, দুটি যান্ত্রিক ব্রিগেড, একটি সাঁজোয়া, গোলন্দাজ ও ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং প্রয়োজনীয় সহায়ক ইউনিট সংযোজন করা হবে। ইতিমধ্যে সেনাবাহিনীর সাংগঠনিক কাঠামো বিন্যাসও পরিবর্তন সম্পন্ন করা হয়েছে।মো. শাহরিয়ার আলমের প্রশ্নের জবাবে সংসদ নেতা বলেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দায় বাংলাদেশের ক্ষতিগ্রস্ত হয়নি। পরিবর্তে ২০০৯ থেকে গত বছর পর্যন্ত গড়ে ছয় শতাংশের বেশি প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। অথচ একই সময়ে বিশ্ব প্রবৃদ্ধি গড়ে ৩ শতাংশের নিচে ছিল। চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ৭ দশমিক ২ শতাংশ হবে বলে আশা করা যাচ্ছে।গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকারি ১৫টি চিনিকলের জন্য প্রতি বছর প্রায় ২৭ লাখ মেট্রিক টন আখের প্রয়োজন হয়। বর্তমানে অন্যান্য প্রতিযোগী ফসলের তুলনায় আখ চাষ কম লাভজনক হওয়ায় এর আবাদ অনেক কমে গেছে। ফলে পর্যাপ্ত আখের অভাবে চিনিকলগুলো ক্ষমতা অনুযায়ী চিনি উত্পাদনে ব্যর্থ হওয়ায় লোকসানের সম্মুখীন হচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণের জন্য বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও বেশি চিনিসমৃদ্ধ জাতের আখ পর্যায়ক্রমে চাষিদের মাঝে সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।