রাজনৈতিক অস্থিরতা নিরসনে দুই দলকে চাপ দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলমান রাজনৈতিক অস্থিরতায় সরকার ও বিরোধী দলকে নিরপেক্ষ অবস্থান থেকে চাপ দেওয়ার বিষয়ে একমত হয়েছেন এফবিসিসিআইয়ের বর্তমান ও সাবেক সভাপতিরা। এ জন্য দ্বিধাবিভক্ত না হয়ে ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থাকার কথাও বলেছেন তাঁরা।ব্যবসায়ীদের সম্মেলন সামনে রেখে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সাবেক সভাপতিরা এসব বিষয়ে একমত হয়েছেন। রাজধানীর একটি হোটেলে আজ সোমবার দুপুরে বৈঠকটি অনুষ্ঠিত হয়।রাজনৈতিক অস্থিরতায় করণীয় নির্ধারণে ২৬ এপ্রিল সারা দেশের ব্যবসায়ীদের নিয়ে সম্মেলন ডেকেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমদ প্রথম আলো ডটকমকে বলেন, ‘ব্যবসায়ীরা দেশের আসল শক্তি। কিন্তু সহিংস রাজনীতি ও হরতালে আমরা এখন বিপদে আছি। সে কারণে ব্যবসায়ীদের সম্মেলন ডাকা হয়েছে। এর প্রস্তুতি হিসেবে সাবেকদের নিয়ে বসেছিলাম। সবাই একমত হয়েছেন যে সম্মেলন থেকে দুই দলকে এমনভাবে চাপ দেওয়া হবে, যেন তারা এ সমস্যার সমাধান করে।’ সহসভাপতি হেলাল উদ্দিন প্রথম আলো ডটকমকে বলেন, ‘সাবেক সভাপতিরা সরকার ও বিরোধী দলকে নিরপেক্ষ অবস্থান থেকে চাপ দেওয়ার বিষয়ে একমত হয়েছেন। তাঁরা বলেছেন, ব্যবসায়ীদের সোচ্চার হতে হবে। ঐক্যবদ্ধ থেকেই দুই দলকে চাপ দিতে হবে।’সাবেক সভাপতিদের মধ্যে সালমান এফ রহমান, আকরাম হোসেন, ইউসুফ আবদুল্লাহ হারুন, মীর নাসির হোসেন, এ কে আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন। কয়েকজন সাবেক সহসভাপতিও এ সময় উপস্থিত ছিলেন।ব্যবসায়ীদের সম্মেলন এর আগে দুবার পিছিয়েছে। প্রথমে ৬ এপ্রিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এ সম্মেলন অনুষ্ঠানের কথা ছিল। পরে তা পিছিয়ে করা হয় ২০ এপ্রিল। বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার অনুরোধে সম্মেলনের তারিখ আরেক দফা পিছিয়ে ২৬ এপ্রিল নির্ধারণ করা হয়।