বিরাজমান রাজনৈতিক সহিংসতা ও টানা হরতাল কর্মসূচিতে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা। সব ধরনের ধ্বংসাত্মক রাজনৈতিক কর্মসূচি প্রত্যাহার করতে রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানিয়েছেন তাঁরা। তাঁরা বলেছেন, রাজনৈতিক অস্থিরতার কারণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি।গতকাল শনিবার বিকেলে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর একটি হোটেলে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীরা আলোচনায় বসেন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ বৈঠকে নেতৃত্ব দেন। দুই ঘণ্টার বৈঠক শেষে ২৬টি ব্যবসায়ী সমিতি ও চেম্বারের পক্ষে একটি যৌথ বিবৃতি দেওয়া হয়। এদিকে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ৯ মার্চ সাধারণ সভা ডাকার প্রক্রিয়া শুরু করেছে এফবিসিসিআই। সভায় রাজনৈতিক পরিস্থিতি মূল্যায়ন করতে সদস্যদের মতামত নেওয়া হবে। বৈঠকে অংশ নেওয়া তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সমিতি বিজিএমইএর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন প্রথম আলোকে জানান, চট্টগ্রাম বন্দরে রপ্তানি পণ্যবাহী ট্রাক যেতে না পারলে তৈরি পোশাক খাতের উদ্যোক্তাদের বিপুল অর্থ লোকসানের মুখে পড়বে। এমন এক সময়ে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে, যখন ডলারের দাম নিম্নমুখী ও শ্রমিকদের মজুরি বাড়ানোর প্রয়োজন রয়েছে। এখন রপ্তানিকারকেরা ব্যবসা করতে না পারলে কীভাবে এসব সমস্যার সমাধান হবে?গতকালের পাঠানো যৌথ বিবৃতিতে বলা হয়, বিভিন্ন সীমাবদ্ধতা, অর্থনৈতিক মন্দা এবং বৈশ্বিক তীব্র প্রতিযোগিতার মধ্য দিয়েও দেশের অর্থনীতি সামনে এগিয়ে যাচ্ছে। এই অবস্থায় অর্থনৈতিক উন্নয়ন আরও ত্বরান্বিত করতে প্রয়োজন সব পক্ষের রাজনৈতিক সহনশীলতা। প্রতিটি হরতালের কারণে দেশের ব্যাপক আর্থিক ক্ষতি হচ্ছে।ব্যবসায়ী নেতারা বলেন, দেশে যে রাজনৈতিক অস্থিরতা চলছে, তাতে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি। এ ধরনের কর্মসূচির কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতির গুরুতর অবনতি ঘটছে। এতে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। অস্থিতিশীল পরিবেশ অব্যাহত থাকলে দেশে কোনো বিনিয়োগ আসবে না। দেশের সার্বিক উন্নয়নের গতিশীলতা অব্যাহত রাখতে সংঘাতের রাজনীতি পরিহার এবং সংযম ও সমঝোতার নীতি অনুসরণ করে বিকল্প রাজনৈতিক কর্মসূচি দেওয়ারও দাবি জানান এসব ব্যবসায়ী নেতা।বিবৃতিতে সই করেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ। এ ছাড়া বিবৃতিতে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির সভাপতি এ কে আজাদ, বাংলাদেশ ওষুধশিল্প সমিতির সভাপতি সালমান এফ রহমান, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) সভাপতি রোকেয়া আফজাল রহমান, ঢাকা চেম্বারের (ডিসিসিআই) সভাপতি সবুর খান, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মুরশেদ মুরাদ ইব্রাহিম, বিজিএমইএর সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, বিকেএমইএর সভাপতি এ কে এম সেলিম ওসমান, বস্ত্রমিল মালিকদের সমিতি বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আলামিন, খুলনা চেম্বারের সভাপতি কাজী আমিনুল ইসলাম, চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান, বরিশাল চেম্বারের সভাপতি সাইদুর রহমান, চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি মনোয়ারা হাকিম আলী, কুমিল্লা চেম্বারের সভাপতি মাসুদ পারভেজ খান, ফরিদপুর চেম্বারের সভাপতি মাহবুবুর রহমান খান, ঢাকা উইমেন চেম্বারের সভাপতি নাজ ফারহানা আহমেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার, বাংলাদেশ প্ল্লাস্টিক পণ্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি জসিম উদ্দিন, মেইজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি হেলাল উদ্দিন, বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী শাহনেওয়াজ, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্পমালিক সমিতির সভাপতি আবদুর রাজ্জাক, জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সমিতি বায়রার সভাপতি শাহজালাল মজুমদার, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি আমির হোসেন খান, ফার্নিচার রপ্তানিকারক সমিতির সভাপতি কে এম আখতারুজ্জামান, বাংলাদেশ ইলেকট্রিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি মীর নিজাম উদ্দিন আহমেদ ও বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সাদেকুর রহমানের নাম রয়েছে।