রাজনৈতিক উদ্দেশ্যে জামায়াতের নেতাদের বিচার হচ্ছে: মকবুল
সরকার রাজনৈতিক উদ্দেশ্যে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের বিচারের চেষ্টা করছে। আন্তর্জাতিক সম্প্রদায় বিচারপ্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছে। কিন্তু সরকার তা শুনছে না।জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ আজ সোমবার রাজধানীর র্যাডিসন হোটেলে বাংলাদেশে নিযুক্ত কূটনীতিকদের নিয়ে আয়োজিত ইফতারে এ অভিযোগ করেন।জামায়াতের আমির বলেন, সরকার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এক বছর ধরে দলের শীর্ষ নেতাদের আটকে করে রেখেছে। কিন্তু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তাঁদের বিরুদ্ধে কোনো অভিযোগ উত্থাপন করা হয়নি। এতে প্রমাণিত হয়, রাজনৈতিক উদ্দেশ্যেই সরকার বিচারের চেষ্টা করছে।কূটনীতিকদের মধ্যে মার্কিন দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত নিকোলাস জে ডিন, সৌদি আরবের রাষ্ট্রদূত শেখ আবদুল্লাহ বিন নাসের আল দুসায়েরি, পাকিস্তানের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত আফজাল মাহমুদ, ফিলিস্তিনের রাষ্ট্রদূত তাহের মোহাম্মদ প্রমুখ ইফতারে যোগ দেন। এ ছাড়া ইফতারে যুক্তরাজ্য, কাতার, জার্মানি, কানাডা, ভুটান, আরব আমিরাত, ভারত ও ইউনিসেফের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম কূটনীতিকদের স্বাগত জানান।