রাজনৈতিক ও আইনি লড়াই চালাবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারেক রহমানের মামলা চালানোর উপায় খুঁজছে বিএনপি। তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান। তাই ২১ আগস্টসহ অন্যান্য মামলা রাজনৈতিকভাবেও মোকাবিলা করতে চায় বিএনপি।দলের নীতিনির্ধারকেরা জানান, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের বিরুদ্ধে ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করা হলেও তারেকের বিষয়টি এখন সামনে চলে এসেছে। তাঁরা মনে করেন, তারেক রহমানকে ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় জড়ানো ষড়যন্ত্রমূলক।বিএনপির নেতা ও আইনজীবীদের সঙ্গে কথা বলে জানা গেছে, শিগগিরই দলের আইনজ্ঞ ও জ্যেষ্ঠ নেতারা পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবেন। পরিস্থিতি মোকাবিলার উপায় খুঁজে বের করার চেষ্টা করবেন তাঁরা। এরপর দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কথা বলে করণীয় নির্ধারণ করা হবে।নাম প্রকাশে অনিচ্ছুক একজন আইনজীবী বলেন, অভিযোগপত্র দেওয়ার পর তারেক তাঁর ঘনিষ্ঠ এক আইনজীবীর সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি মামলার বিবরণ শুনলেও করণীয় সম্পর্কে কোনো মন্তব্য করেননি। গত রোববার তারেক রহমানসহ ৩০ জনকে নতুন আসামি করে ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়েছে। সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সাংসদ শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ ও ওয়ার্ড কমিশনার আরিফুর রহমানকেও আসামি করা হয়। তাঁদের মামলা পরিচালনার ব্যাপারে কী হবে, তা নিয়ে তেমন আলোচনা নেই দলের মধ্যে। বিএনপির নেতারা বলেন, তারেক রহমান শুধু খালেদা জিয়ার ছেলে নন। তিনি দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও পদাধিকারবলে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিরও সদস্য। তা ছাড়া খালেদা জিয়ার অনুপস্থিতিতে তারেক রহমানই হবেন দলের প্রধান। তাই দল চুপ করে বসে থাকতে পারে না।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, তারেক রহমান রাজনৈতিক প্রতিহিংসার শিকার। তাই এ পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। মামলা প্রত্যাহার না হলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হবে। একইভাবে অন্য নেতাদেরও রাজনৈতিক উদ্দেশে এ মামলায় জড়ানো হয়েছে বলে বিএনপি মনে করে। তিনি বলেন, এ ধরনের আশঙ্কার কথা বিএনপি আগেই বলেছে। দলের যুগ্ম মহাসচিব ও আইনজীবী মাহবুব উদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, মামলার খুঁটিনাটি দিকগুলো খুঁজে দেখার কাজ চলছে। তবে অভিযোগপত্রের নকল হাতে না আসায় পুুরোদমে কাজ শুরু করা যাচ্ছে না। অভিযোগপত্রের নকল তোলার কাজ চলছে।নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির দুই আইনজীবী নেতা প্রথম আলোকে বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা মামলা আইনগতভাবে মোকাবিলা ছাড়া উপায় নেই। তবে সমস্যা হয়েছে তারেক রহমান বিদেশে থাকায়। এই মামলায় জামিন পেতে হলে তাঁকে প্রথমে আদালতে আত্মসমর্পণ করতে হবে। বিদেশে থাকা অবস্থায় জামিন নেওয়া যায় কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে। আইনজীবীরা বলেন, যতটা জানা গেছে তাতে মনে হচ্ছে, তারেকের বিরুদ্ধে মামলার ভিত্তি দুর্বল। এটিকে সহজেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রমাণ করা যাবে।অপর একজন আইনজীবী বলেন, ‘মামলার সাক্ষ্য গ্রহণ শুরুর আগে আমরা সম্পূরক অভিযোগপত্রের বৈধতা চ্যালেঞ্জসহ বেশ কিছু বিষয়ে উচ্চ আদালতে যাব। এসব বিষয় মীমাংসার পর তারেকের জামিনের প্রশ্ন আসবে।’ এক প্রশ্নের জবাবে ওই আইনজীবী বলেন, ‘সরকার চাইলে তারেক বিদেশে থাকা অবস্থায় মামলা চলতে পারে। তবে আমরা তাঁর অসুস্থতার বিষয়টি আদালতকে জানাব।