রাজনৈতিক ও ধর্মীয় নেতারা সংলাপে বসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের মহাসচিব বান কি মুন গঠনমূলক আলোচনার মাধ্যমে উত্তেজনা দূর করতে বাংলাদেশের ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।মহাসচিবের বরাত দিয়ে সংস্থার এক মুখপাত্র গতকাল মঙ্গলবার এ তথ্য জানান বলে জাতিসংঘের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।জাতিসংঘের ওই মুখপাত্র জানান, মহাসচিব বান কি মুন গভীর উদ্বেগের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক সহিংসতা লক্ষ করছেন এবং ঢাকায় গত রোববার থেকে শুরু হয়ে সোমবার পর্যন্ত চলা ঘটনায় শোকাহত।বান কি মুন সংশ্লিষ্ট সব পক্ষকেই সহিংসতার পথ ছেড়ে এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে শান্তিপূর্ণভাবে মত প্রকাশের অনুরোধ জানিয়েছেন।যুক্তরাষ্ট্রের উদ্বেগ: বাংলাদেশে সহিংসতায় প্রাণহানির ঘটনায় উদ্বেগ জানিয়েছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে ভারপ্রাপ্ত উপ-মুখপাত্র প্যাট্রিক ভ্যানট্রেল বলেন, ‘রবি ও সোমবার বাংলাদেশে সহিংসতায় বেশ কয়েকজনের প্রাণহানিতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দফায় দফায় হরতাল আর অবরোধে জনজীবন পর্যুদস্ত হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে এবং সংলাপে বসতে ঢাকায় মার্কিন দূতাবাস সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রাখছে।’উপ-মুখপাত্র প্যাট্রিক ভ্যানট্রেল আরও বলেন, ‘শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শন মৌলিক অধিকার হলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, সহিংসতা কখনোই জবাব হতে পারে না। আমরা প্রত্যাশা করব, বাংলাদেশের সরকার জনগণের সবার নিরাপত্তা নিশ্চিত করবে। সেই সঙ্গে সব পক্ষকে শান্তিপূর্ণভাবে মত প্রকাশের জন্য উৎসাহ জোগাই।’