রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে সম্প্রতি রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। এ ধরনের কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার করা থেকে বিরত থাকতে সংস্থাটি দেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছে।ইউনিসেফ বাংলাদেশের গতকাল শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, নিজেদের দাবি জানানোর মাধ্যম হিসেবে গত কয়েক সপ্তাহে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল হরতাল ও বিক্ষোভ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে। ইউনিসেফ উদ্বেগের সঙ্গে লক্ষ করেছে যে এসব রাজনৈতিক কর্মকাণ্ডের সম্মুখভাগে শিশুদের রাখা হচ্ছে।বিবৃতিতে ইউনিসেফ প্রতিনিধি প্যাসকেল ভিলনোভ বলেন, ‘রাজনৈতিক সুবিধা আদায়ের জন্য শিশুদের ব্যবহার করা অবশ্যই বন্ধ করা উচিত। রাজনৈতিক উদ্দেশ্যে শিশুদের ব্যবহার করা থেকে বিরত থাকতে এবং শিশুরা যাতে সব ধরনের সহিংসতা থেকে নিরাপদে থাকে তা নিশ্চিত করতে আমরা বাংলাদেশের সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘হরতালের সময়ও যেন শিশুদের প্রয়োজনীয় সব সেবা নিশ্চিত করা হয়, সে জন্য আমরা বাংলাদেশ সরকারের প্রতিও অনুরোধ জানাই। রাজনৈতিক সমস্যা থেকে তারা যাতে নিরাপদে থাকে, তা নিশ্চিত করতে আমাদের প্রত্যেকেরই দায়িত্ব রয়েছে।’বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ শিশু অধিকার সনদে (সিআরসি) স্বাক্ষরদানকারী একটি দেশ। ওই সনদে বলা আছে, ‘সব ধরনের শারীরিক বা মানসিক সহিংসতা, আঘাত বা হয়রানি, অবহেলা, দুর্ব্যবহার বা শোষণ থেকে শিশুদের রক্ষা করতে হবে।’ রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার করা হলে তারা শারীরিক ও মানসিক সহিংসতা এবং আহত হওয়ার ঝুঁকিতে পড়তে পারে। দেশের জাতীয় শিশুনীতি-২০১১-তেও স্পষ্টভাবে উল্লেখ আছে, ‘রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার করা যাবে না; এ ধরনের কর্মকাণ্ডে তাদের সম্পৃক্ত হতে প্রলুব্ধ বা বাধ্যও করা যাবে না।’শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সব সমস্যার সমাধান করতে এবং যেকোনো ধরনের সহিংসতা থেকে শিশুদের দূরে রাখতে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়েছে, শিশুরা যেন তাদের স্বাভাবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ চালিয়ে যেতে পারে; তারা যেন স্কুলে যেতে পারে, খেলাধুলা এবং অন্যান্য গঠনমূলক ও সৃজনশীল কাজে অংশ নিতে পারে, সেই সুযোগ করে দিতে হবে।