রাজনৈতিক কারণে ইলিয়াস গুম হয়েছেন: তাহসিনা
বিএনপির নেতা এম ইলিয়াস আলী রাজনৈতিক কারণে নিখোঁজ হয়েছেন বলে দাবি করেছেন তাঁর স্ত্রী তাহসিনা রুশদীর। গতকাল বুধবার বনানীর নিজ বাসায় সংবাদ সম্মেলনে এই দাবি করেন তাহসিনা। তিনি বলেন, ‘ইলিয়াসের গুম হওয়ার কারণটি অবশ্যই রাজনৈতিক। কারণ, তাঁর সঙ্গে ব্যক্তিগত বা ব্যবসায়িক কারণে কারও কোনো দ্বন্দ্ব আছে, এটা আমার জানা নেই।’ বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে তিনি গুম হয়েছেন কি না, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তাহসিনা বলেন, ‘দ্বন্দ্ব থাকবেই। গোয়েন্দারা যদি মনে করেন এ ধরনের কোনো বিষয়, যে-ই হোক না কেন, তাঁকে খুঁজে বের করুক।’ ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনার ২২ দিন পর গতকাল দ্বিতীয় দফা তাঁর স্ত্রী সংবাদ সম্মেলন করলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের এক সপ্তাহ পরও ইলিয়াস আলীকে উদ্ধারে কোনো অগ্রগতি না হওয়ায় তাহসিনা হতাশা ব্যক্ত করেন। তিনি বলেন, ‘সর্বোচ্চ পর্যায় থেকে আশ্বাস দেওয়ার পর আমি আশ্বস্ত হয়েছিলাম। কিন্তু এত দিনেও কোনো অগ্রগতি পাচ্ছি না। এ জন্য আশাহত হয়ে যাচ্ছি।’ তাহসিনা রুশদীর অভিযোগ করেন, ইলিয়াসকে উদ্ধারের ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অদৃশ্য কারণে নিশ্চুপ। কেন তারা নিশ্চুপ, তা তিনি বুঝতে পারছেন না বলে জানান। তিনি রাজনীতির ঊর্ধ্বে থেকে মানবিক বিষয়টি বিবেচনায় এনে ইলিয়াস আলীকে খুঁজে বের করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে প্রধানমন্ত্রীর প্রতি আবারও অনুরোধ জানান।নিজেকে সফল দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর: ২২ দিনে ইলিয়াস আলীকে উদ্ধার করতে না পারা সত্ত্বেও স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন নিজেকে সফল বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘অবশ্যই আমি নিজেকে সফল মনে করি। আমি ব্যর্থ হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি এমন হতো না। দেশে এত বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চললেও আমরা কী করে টিকে আছি? শুধু আমি না, আমাদের সরকার সফল।’ গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। ইলিয়াসের গুম হওয়ার বিষয়টি রাজনৈতিক এবং তাঁর বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিশ্চুপ বলে তাহসিনা রুশদীরের বক্তব্য অবান্তর বলে দাবি করেছেন সাহারা খাতুন। তিনি বলেন, ‘উনারা মিথ্যা কথা বলে যাচ্ছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উনার সাথে আগেও কথা বলেছেন। কিন্তু ইলিয়াস আলীকে খুঁজে বের করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সময় পেল কই? তারা হরতাল ঠেকাবে, নাকি কাজ করবে?’ র্যাব ও পুলিশের সঙ্গে অভিযানে অংশ নেওয়ার পরও তাহসিনা রুশদীর কোনো অভিযানে অংশ নেননি বলে দাবি করায় তাঁর সমালোচনা করেন সাহারা খাতুন। তিনি বলেন, ‘পুবাইলে তাহসিনা রুশদীরের ইনস্ট্রাকশন অনুযায়ী র্যাব-পুলিশ অভিযান চালাল। উনি যে বাড়ির কথা বলেছেন তার আশপাশের বাড়িতেও তন্ন তন্ন করে খোঁজা হয়েছে। ফিরে এসে তিনি খালেদা জিয়ার সাথে দেখা করলেন এবং পরপরই বললেন উনি কোনো অভিযানে যাননি। কেন উনি অস্বীকার করলেন, এটাই বুঝলাম না।’স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইলিয়াস আলী যে রাতে নিখোঁজ হন, সে রাতে তিনি রূপসী বাংলা হোটেলে গিয়েছিলেন। তাঁর সঙ্গে আরও কয়েকজন ছিলেন। তিনি হোটেল থেকে বেরিয়ে আবারও গাড়ি ঘুরিয়ে ওই দিকে যান। সেখানে তিনি কার সঙ্গে ছিলেন, এরপর কী ঘটেছে—সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে। রিটের শুনানি সোমবার: ইলিয়াস আলীর খোঁজ জানতে চেয়ে হাইকোর্টে করা রিট আবেদনের ওপর চূড়ান্ত শুনানি হবে আগামী সোমবার। গতকাল বুধবার বিচারপতি আবদুল আউয়াল ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানির এ দিন ধার্য করেন। ইলিয়াসের স্ত্রী তাহসিনা রুশদীর গত ১৯ এপ্রিল হাইকোর্টে এই রিট (হেবিয়াস করপাস) করেন। ওই দিন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি নিয়ে রুল জারি করেন। রুলে ইলিয়াস আলীকে বেআইনিভাবে আটক করা হয়নি, এ মর্মে সন্তুষ্ট করতে তাঁকে আদালতে হাজির করার নির্দেশ কেন দেওয়া হবে না—তা জানতে চাওয়া হয়। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শকসহ ১০ বিবাদীকে ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। তবে ওই আদালতের এ বিষয়ে শুনানির এখতিয়ার না থাকায় পরবর্তী সময়ে রিট আবেদনকারীর আইনজীবীরা তা বিচারপতি আবদুল আউয়াল ও বিচারপতি মো. আশরাফুল কামালের বেঞ্চে উপস্থাপন করেন। গতকাল সকালে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন মওদুদ আহমদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরদার মো. রাশেদ জাহাঙ্গীর। পরে মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন, ‘আজ (বুধবার) রুল শুনানির দিন ধার্য করার জন্য বিষয়টি ছিল। আদালতে বলেছি, এটি গুরুত্বপূর্ণ মামলা। অগ্রাধিকার ভিত্তিতে শুনানি করা দরকার। এখনো রুলের জবাব হাতে পাইনি। আদালত আগামী সোমবার শুনানির দিন ধার্য করেছেন। এ সময়ের মধ্যে সরকার চাইলে জবাব দিতে পারে।’