তৃণমূল প্রশাসন হিসেবে পরিচিত দেশের ইউনিয়ন পরিষদগুলো রাজনৈতিক প্রভাবমুক্ত হতে পারছে না। উন্নয়ন প্রকল্প, সামাজিক নিরাপত্তা বেষ্টনী, গ্রাম আদালতসহ সবকিছুতেই থাকছে দলীয় সাংসদের প্রভাব। সাংসদের নির্দেশেই গঠিত হয় ইউনিয়ন পর্যায়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি বাস্তবায়ন কমিটি। রাজনৈতিক প্রভাবে বদলে যায় গ্রাম আদালতের বিচারের রায়। সরকারি দলের নেতা-কর্মীদের নিয়ন্ত্রণে থাকে ইউনিয়ন পরিষদ।দেশের বিভিন্ন এলাকার ইউনিয়ন পরিষদ (ইউপি) ঘুরে, ইউপি চেয়ারম্যান-সদস্য ও এলাকার মানুষের সঙ্গে কথা বলে এসব তথ্য মিলেছে। তবে সাংসদেরা মনে করেন, পরিষদের কাজে দলীয় হস্তক্ষেপ নেই। চেয়ারম্যানরা ঠিকঠাকভাবে দায়িত্ব পালন করেন কি না, স্থানীয় নেতা-কর্মীরা শুধু সে ব্যাপারে খোঁজখবর রাখেন। এতে ইউপির কাজ বিঘ্নিত হওয়ার কথা নয়।পঞ্চগড়ের দেবীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তোরাব সরকার প্রথম আলোকে বলেন, ‘হাত-পা বাঁধা অবস্থায় আমাদের মার খাওয়া ছাড়া তো কোনো উপায় নেই। পরিষদের সব কাজে সরকারদলীয় লোকজন প্রভাব খাটান। দরিদ্র মানুষের জন্য বরাদ্দ করা ভিজিডি কার্ডও বিতরণ করেন তাঁরা। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে নালিশ করেও লাভ হয়নি।’একই উপজেলার দেবীডুবার চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, ‘চেয়ারে বসে থেকে তো আমরা মানুষের উপকার করতে পারব না। সব কাজই হয় দলীয়ভাবে। আমরা আছি নামেমাত্র। এমপি সাহেব নিজে না এলেও তাঁর পক্ষে দলের লোকজন প্রায় সবকিছু নিয়ন্ত্রণ করে।’রাজশাহীর চারঘাটের সরদহের চেয়ারম্যান মতিউর রহমান, রাজবাড়ীর ইসলামপুরের চেয়ারম্যান আবুল হোসেন খান, নওগাঁর বদলগাছির পাহাড়পুরের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, বরগুনার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চেয়ারম্যানও একই অভিযোগ করেন। তাঁরা বলেন, পরিষদ পরিচালনায় সবচেয়ে বড় সমস্যা দলীয়করণ। সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রমের আওতায় টিআর, কাবিখা, কাবিটাসহ এ ধরনের কর্মসূচি সরকারি দলের নেতা-কর্মীরা নিয়ন্ত্রণ করেন। এসব কার্যক্রম বাস্তবায়নে কমিটি গঠনের ক্ষেত্রে এলাকার সাংসদ প্রকল্পপ্রধানের নাম প্রস্তাব করে চেয়ারম্যানকে চিঠি দেন। শুধু কর্মসূচি বাস্তবায়ন নয়, ইউনিয়ন পরিষদ কীভাবে চলবে, তা-ও নিয়ন্ত্রণ করেন সাংসদেরা। উপজেলা পরিষদ থেকে ইউনিয়ন পরিষদে কী পরিমাণ অর্থ দেওয়া হবে, তা নির্ভর করে সাংসদের ওপর। এলাকার চাহিদার ভিত্তিতে ইউনিয়ন পরিষদ প্রকল্প তৈরি করতে পারে না।ইউপি চেয়ারম্যানদের এ অভিযোগ প্রসঙ্গে পঞ্চগড়-২ আসনের সাংসদ নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘ইউনিয়ন পরিষদের কোনো কাজেই আমরা হস্তক্ষেপ করি না। বরং আমাদের দলের লোকজন তাঁদের বিভিন্ন সময়ে সহায়তা করে। তা ছাড়া দীর্ঘদিন চেয়ারম্যানের দায়িত্ব পালন করে অনেকে নিজেরাই ইউনিয়ন পরিষদে দলীয়করণ করে ফেলেছেন। সেখানে আর সাধারণ মানুষ যেতে পারছে না। আমাদের দিক থেকে খোঁজখবর রাখা হয়, যাতে ইউপি চেয়ারম্যানরা দুর্নীতি করতে না পারেন।’বরগুনা-১ আসনের সাংসদ ও সাবেক উপমন্ত্রী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এ প্রসঙ্গে বলেন, ‘ইউপির কাজে এমপিদের কোনো হস্তক্ষেপ থাকে না। আমাদের লোকজন তাঁদের দুর্নীতি প্রতিরোধের চেষ্টা করে। ইউনিয়ন পরিষদ কীভাবে পরিচালিত হচ্ছে, সাধারণ মানুষ সরকারি সহায়তা যথাযথভাবে পাচ্ছে কি না, তা দেখার দায়িত্ব আমাদের। সে লক্ষ্যেই হয়তো আমাদের লোকজন খোঁজখবর রাখে।’সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিতে দলীয় প্রভাব: ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, একদিকে দলীয় প্রভাব, অন্যদিকে সীমিত বরাদ্দের কারণে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে না। অভিযোগ রয়েছে, এলাকার সাংসদের নির্দেশে এসব কর্মসূচিতে প্রকল্পপ্রধান নির্বাচন করতে বাধ্য হয় ইউনিয়ন পরিষদ। এসব কারণে সরকারদলীয় সমর্থকদের বাইরে এসব সহায়তা পৌঁছায় না। পঞ্চগড়ের দেবীগঞ্জ ইউনিয়ন পরিষদ থেকে এমন অভিযোগ দেওয়া হয়েছে সেখানকার ইউএনওর কাছে। কিন্তু ইউএনও বিষয়টি ফয়সালা করতে পারেননি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।ইউপি চেয়ারম্যান ও সদস্যরা জানান, এক দিকে দলীয় প্রভাব, অন্য দিকে চাহিদার তুলনায় অনেক কম বরাদ্দ দেওয়ার কারণে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি ইতিবাচক প্রভাব ফেলতে পারছে না। বেসরকারি সংস্থা গভর্নেন্স কোয়ালিশনের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচির প্রভাবসংক্রান্ত গবেষণায় দেখা গেছে, ইউনিয়ন পরিষদগুলো চাহিদার তুলনায় ভিজিএফ ৭ দশমিক ৬১ শতাংশ, ভিজিডি ১৩ দশমিক ৮৬ শতাংশ, কর্মসৃজন প্রকল্প ৩ দশমিক ৭৩ শতাংশ বরাদ্দ পায়। এ কারণে প্রতিটি ইউনিয়নে ভিজিএফ পাওয়ার উপযোগী বহু দুস্থ মানুষ এই কর্মসূচির বাইরে থাকে। গবেষণায় দেখা গেছে, ভিজিএফ বাস্তবায়নসংক্রান্ত কমিটি কার্যকর রয়েছে খুবই কমসংখ্যক। কর্মসূচিতে সঠিকভাবে উপকারভোগী নির্বাচনেও রয়েছে অনিয়ম।গ্রাম আদালত সংকটে: দেশের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ইউনিয়ন পরিষদ ঘুরে গ্রাম আদালত পরিচালনায় নানা অসংগতি চোখে পড়ে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও সদস্যরা জানান, গ্রাম আদালতের বিচারের ক্ষেত্রেও রাজনৈতিক দলের প্রভাব থাকে। বিচারে সংক্ষুব্ধ পক্ষ রায়ের বিপক্ষে গিয়ে সাংসদের কাছে বা তাঁর লোকজনের কাছে অভিযোগ করে। তখন সাংসদের নির্দেশে গ্রাম আদালতের বিচারের রায় বদলে যায়।চেয়ারম্যানরা বলেন, আদালত পরিচালনার জন্য পর্যাপ্ত তহবিল নেই। প্রশিক্ষণের অভাব তো আছেই। দেওয়ানি ও ফৌজদারি বিধিমালার বিভিন্ন ধারা সম্পর্কে অনেক চেয়ারম্যান ও সদস্যদের খুব ভালো ধারণাও নেই।নওগাঁর বিশপাড়া গ্রামের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নারী-পুরুষ অভিযোগ করেন, গ্রাম আদালতের রায়ে পক্ষপাতিত্ব থাকে। বিচারের রায় কারও বিপক্ষে গেলে নিজেদের জনপ্রিয়তা কমে যাবে বলে মনে করেন অনেক জনপ্রতিনিধি।ইউনিয়ন পরিষদে দলীয় প্রভাব প্রসঙ্গে সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সাংসদদের সঙ্গে সমন্বয় না রেখে স্থানীয় জনপ্রতিনিধিরা কোনো কাজই করতে পারছেন না। স্থানীয় সাংসদ ও আমলাতান্ত্রিক হস্তক্ষেপের কারণে ইউনিয়ন পরিষদে নানামুখী সংকট দেখা দিয়েছে। স্থানীয় সরকারব্যবস্থা এভাবে অকার্যকর হয়ে পড়লে গ্রামীণ উন্নয়ন বাধাগ্রস্ত হবে।