রাজনৈতিক খুন নিয়ে তর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয়ে ঢুকতেই চোখে পড়ে একটি স্মৃতিসৌধ। এর পাশ ঘেঁষে গাড়ি বারান্দা। সেখানে সাধারণ শাড়ি পরা ‘সাধারণ মেয়ে’ মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় বড় আলোকচিত্র। জনপ্লাবনে ভাসছেন মমতা। তার পাশেই চোখে পড়ে দেয়ালে সাঁটানো চারটি ব্ল্যাকবোর্ড। ১৩ বছর আগে গড়া দল। আগে সব কাজ চলত কালীঘাটে ‘দিদির’ বাড়ি থেকেই। ২০০৩ সালে গড়া তিনতলা ভবন। শহীদ স্মরণে প্রথম বোর্ডে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের ১১৮ জন শহীদের নাম। দ্বিতীয় বোর্ডে বীরভূমের ১৯, হুগলির ৩০, বর্ধমানের ২২ ও উত্তর ২৪ পরগনার ৩৭ শহীদের নাম। তৃতীয় বোর্ডে ১১ জেলার ৩৭ এবং চতুর্থ বোর্ডে ২৪ পরগনার ৪৭, বাঁকুড়ার ১৩, ২১ জুলাই ১৯৯৩ কলকাতার রাজপথে শহীদ ১৩, নদীয়ার ২৬ ও দক্ষিণ কলকাতার ছয় শহীদের নাম আছে। ‘শহীদ’ সংখ্যালঘুদের সংখ্যা একেবারে কম নয়।দৃষ্টি আকর্ষণ করতেই ‘ওসব ভুলভাল’ বলে নাকচ করে দেন সিপিএমের সম্পাদকমণ্ডলীর সদস্য মোহাম্মদ সেলিম। তাঁর কথায়, ‘এর আগে দলের পক্ষে আমিই সংবাদ সম্মেলন ডেকে প্রমাণ করেছি, তাদের ওসব দাবি মনগড়া। ওগুলো রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। আমার সংবাদ সম্মেলনের পর তৃণমূল ওসব তথ্য প্রকাশ্যে বলা থেকে বিরত রয়েছে।’কিন্তু তাঁরা খুন হয়েছেন, সেটা সত্য কি না। উত্তরে সেলিম প্রথম আলোকে বলেন, ‘ওই তালিকায় এমন লোকেরও নাম আছে, যারা ঘুরে বেড়াচ্ছে। আমরা তেমন ছবিও প্রকাশ করেছি।’বামদের এই মনোভাব প্রত্যাখ্যান করেছে তৃণমূল ও কংগ্রেস। তবে ৩৪ বছরের রাজনৈতিক হত্যাকাণ্ডের পরিসংখ্যান নিয়ে তাদের মধ্যে ভিন্নতাও আছে। কংগ্রেস নেতা মানস ভূঁইয়া বলেন, ৩৪ বছরে রাজ্যে প্রায় ৬০ হাজার হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে কংগ্রেসের ১৭ হাজার ও তৃণমূলের সাড়ে তিন হাজার নেতা-কর্মী খুন হয়েছেন।জ্যেষ্ঠ কংগ্রেস নেতা ও কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় নির্বাচনী প্রচারণায় অব্যাহতভাবে বলছেন যে রাজনৈতিক হত্যাকাণ্ডে সারা ভারতে পশ্চিমবঙ্গের অবস্থাই সবচেয়ে নিকৃষ্ট।তৃণমূলের সর্বভারতীয় যুব কংগ্রেসের সভাপতি ও পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক মদন মিত্র গতকাল প্রথম আলোকে বলেন, ব্লাকবোর্ডে যে শহীদদের নাম দেখেছেন, তার সবটাই সত্য। সেলিম মিথ্যাবাদী। তাঁর কথায়, গত ৩৪ বছরে ৫৪ থেকে ৫৫ হাজার হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে কোনটি রাজনৈতিক হত্যাকাণ্ড কোনটি নয়, তার ফারাক করা মুশকিল। তবে প্রায় ৬০ ভাগই রাজনৈতিক খুন ধরতে পারেন। বহু লোক খুন হয়েছে, তাদের লাশ পুঁতে ফেলা হয়েছে। এর কোনো হদিস নেই। পাঁচ থেকে সাত হাজার লাশ মাটির নিচে পোঁতা আছে। বর্তমান অবস্থা জানতে চাইলে তিনি বলেন, কাশ্মীরে সপ্তাহে গড়ে দুটি খুন হয়, পশ্চিমবঙ্গে হয় আটটি। ২০০৯ সালে গত লোকসভার পরে চার শ-র বেশি তৃণমূলের কর্মী খুন হয়েছেন।২০০৯ সালে মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বিধানসভায় এক বছরের অপরাধের তথ্য দেন। এতে তিনি দুই হাজার ২৮৪ খুনের মধ্যে ২৬টিকে ‘রাজনৈতিক হত্যাকাণ্ড’ বলে উল্লেখ করেন। ১৯৯৭ সালে মুখ্যমন্ত্রী বিধানসভায় এক প্রশ্নোত্তরে যে পরিসংখ্যান দিয়েছিলেন, তার আলোকেই রাজনৈতিক খুনের বিষয়টি রাজ্যের সভা-সমাবেশে আলোচিত হয়ে আসছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন, ১৯৭৭ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত রাজ্যে ২৮ হাজার রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে। এতে মাসে গড়ে খুন দাঁড়ায় ১৪৯টি। সে কারণে মুখ্যমন্ত্রী ২০০৯ সালে বছরে ‘রাজনৈতিক খুন’ ২৬টি উল্লেখ করায় এর সত্যতা নিয়ে প্রশ্ন তুলে বিরোধী দল।তৃণমূল-সমর্থক সুশীল সমাজের একটি মঞ্চ হচ্ছে গণমুক্তি পরিষদ। অন্যদের মধ্যে চিত্রকর শুভা প্রসন্ন, শিক্ষাবিদ সুনন্দ সান্যাল এর সঙ্গে রয়েছেন। এই পরিষদের মুখপাত্র দেবব্রত বন্দ্যোপাধ্যায় এ মুহূর্তে বাম শাসনামলের রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচারের দাবিতে উচ্চকিত। তিনি ভারতের কেন্দ্রীয় সরকারের সাবেক সচিব (রাজস্ব), ম্যানিলায় এডিবির নির্বাহী পরিচালকও ছিলেন। তিনি মনে করেন, বামদের প্রথম ১৯ বছরে প্রতি ছয় ঘণ্টায় একটি করে খুন হয়েছে। ৫৫ হাজার খুন হলে রাজ্যে ৫৫ হাজার ঘাতক ঘুরে বেড়াচ্ছে। প্রশ্নের জবাবে কংগ্রেসের মানস ভূঁইয়া জানালেন, গত ৩৪ বছরে ১০ হাজার খুনের বিচার হয়েছে কি না সন্দেহ। গত বছর বুদ্ধদেব ও স্বরাষ্ট্রমন্ত্রী চিদাম্বরমের মধ্যে রাজ্যের রাজনৈতিক হত্যাকাণ্ড নিয়ে ‘পত্রযুদ্ধ’ চলে। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতি ‘হার্মাদ বাহিনী’ রাজনৈতিক হত্যাকাণ্ড চালাচ্ছে। মমতা বলেছিলেন, তাঁর কথা সত্য না হলে তিনি মন্ত্রিত্ব ছেড়ে দেবেন। এরপর ২২ ডিসেম্বর ২০১০ বুদ্ধদেবকে লেখা এক চরমপত্রে স্বরাষ্ট্রমন্ত্রী রাজ্যে রাজনৈতিক খুনোখুনি বন্ধের কথা তোলেন। কিন্তু তাতে অবস্থার হেরফের হয়নি। গত জানুয়ারিতে পশ্চিম মেদিনীপুরের নেতাই গ্রামে দুই নারীসহ আট গ্রামবাসীকে সিপিএমের হার্মাদ বাহিনী হত্যা করে বলে তৃণমূল অভিযোগ করে। গত ৭ জানুয়ারি বুদ্ধদেব এক জনসভায় ‘রাজনৈতিক’ শব্দটি এড়িয়ে বলেন, এ রাজ্যে খুনোখুনি বন্ধ করতেই হবে। সিপিএম অবশ্য ওই হত্যাকাণ্ডের দায় মাওবাদীদের ওপর চাপায়। উল্লেখ্য, ১৯৭৭ সালের ২১ জুন বামফ্রন্ট সরকার গঠন করেই সাধারণ ক্ষমা ঘোষণা করে। এক সূত্রের দাবি, ১৯৭১ থেকে ১৯৭৭ পর্যন্ত ১২ শ-র বেশি সিপিএম কর্মী খুন হয়। দলমত নির্বিশেষে সব রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় বামরা। যদিও ‘বদলা নয়, বদল চাই’ স্লোগান দিচ্ছেন মমতা। কিন্তু তৃণমূল নেতৃত্ব মনে করে, বিচার মানে বদলা নয়।সাবেক সচিব দেবব্রত বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ১৯৭৩ সালের আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মডেলে পশ্চিমবঙ্গের গত ৩৪ বছরের রাজনৈতিক খুনের বিচারে একটি বিশেষ ট্রাইব্যুনাল গঠনের সুপারিশ করেছেন। তাঁর মতে, ভারতীয় সংবিধানের সঙ্গে সামঞ্জস্য রেখে এটা করা সম্ভব। তাঁর দাবি, ১৯৭০ সালে বর্ধমান শহরে দুই কংগ্রেস কর্মী হত্যার মধ্য দিয়ে বামরা রাজনৈতিক হত্যাকাণ্ড শুরু করেছিল। সেই খুনের দুই আসামির একজন এখন বর্তমানে শিল্পমন্ত্রী বিনয় কোনার, অন্যজন মমতার বিরুদ্ধে অশ্লীল মন্তব্য করে ইদানীং তুমুল নিন্দিত অনিল বসু। পুলিশের খাতায় যে ‘মানিক রায়’ আজও পলাতক, তিনিই ভোল পাল্টে হন অনিল বসু। বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিষয়ে মন্তব্য চাওয়া হলে পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক মদন মিত্র গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমিও মনে করি সত্য উদ্ঘাটিত হওয়া উচিত। আইনের শাসনের স্বার্থে অতীতের রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত।’