রাজনৈতিক চাপ এড়াতে লটারি
বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা ইউনিয়ন পরিষদে (ইউপি) এবার লটারির মাধ্যমে শ্রমিক নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার হতদরিদ্র মানুষের জন্য ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচিতে ১৭৬ জন শ্রমিককে লটারির মাধ্যমে তালিকাভুক্ত করা হয়।মোকামতলা ইউপি চেয়ারম্যান মারুফ রহমানের ভাষ্য, রাজনৈতিক দলের চাপ ও অনিয়ম এড়াতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। শ্রমিক নিয়োগে যেন স্বজনপ্রীতি করার সুযোগ না থাকে, এ জন্য এই আয়োজন।মারুফ রহমানের ভাষ্যমতে, ওই কর্মসূচিতে তালিকাভুক্ত হতে চাহিদার চেয়ে কয়েকগুণ বেশি শ্রমিক নানাভাবে চেষ্টা চালান। একপর্যায়ে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতারাও শ্রমিক নিয়োগের তালিকা তৈরিতে তদবির শুরু করেন। এ পরিস্থিতিতে তিনি কয়েক দিন আগে ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রাম-পুলিশ ও মাইক দিয়ে উপযুক্ত ব্যক্তিদের লটারিতে অংশ নিতে আহ্বান জানান। এই ডাকে ৭০০ জন সাড়া দেন। এর মধ্য থেকে লটারির মাধ্যমে ১৭৬ জন শ্রমিককে তালিকাভুক্ত করা হয়।