রাজনৈতিক চাপে মুদ্রানীতি অনেকাংশে অকার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ কিংবা বৈদেশিক লেনদেনের ভারসাম্য রক্ষায় মুদ্রানীতির ভূমিকা অনেকাংশেই অকার্যকর হয়ে পড়েছে। সরকারের রাজনৈতিক চাপে এই অবস্থা তৈরি হয়েছে। বাজেটে নেওয়া রাজস্বনীতির চাপ তো আছেই। এ ছাড়া বেসরকারি খাতের প্রভাবে সরকারের শীর্ষ পর্যায় থেকেও নির্দেশনা দিয়ে মুদ্রানীতিতে ছাড় দেওয়া হচ্ছে। এর ফলে দেশে দ্রব্যমূল্য সহনীয় রাখতে সঠিক মুদ্রা ব্যবস্থাপনা যেমন থাকছে না, তেমনি লেনদেনের ভারসাম্য রক্ষায়ও পিছিয়ে পড়ছে দেশ। এতে মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রা টাকা ক্রমশ দুর্বল হচ্ছে। আর তাতে আরেক দফা বাড়ছে আমদানিনির্ভর পণ্যমূল্য।বিগত চারটি মুদ্রানীতিতে মূল্যস্ফীতি বা লেনদেনের ভারসাম্য রক্ষা করতে মুদ্রা সরবরাহ থেকে শুরু করে যেসব লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, তা অর্জন করা যায়নি।জানা গেছে, রাজস্ব ও মুদ্রানীতি এবং সরকারের নির্দেশনার মধ্যে সমন্বয়হীনতা নিয়ে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদে দুই বার আলোচনা হয়েছে। এর মধ্যে গত সপ্তাহে অনুষ্ঠিত পর্ষদ সভায় এ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। এ সময় বাংলাদেশ ব্যাংকের আইনি স্বায়ত্তশাসন ভোগের বিষয়টি নিয়েও প্রশ্ন করা হয়। সূত্রগুলো বলছে, সভাতে বলা হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে পুরো বিষয়টি উপস্থাপনের সময় এসেছে। প্রয়োজনে পর্ষদই প্রধানমন্ত্রীর কাছে বিষয়গুলো উপস্থাপন করবে। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের ওপরই এই বিষয়টি নির্ভর করছে বলে জানা গেছে। বিগত চারটি মুদ্রানীতিতে মুদ্রা সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা ছিল ১৬ শতাংশের কাছাকাছি। কিন্তু একটিতেও অর্জন করা যায়নি। সর্বশেষ জানুয়ারি-জুন, ২০১১ ষাণ্মাসিক মুদ্রানীতিতে জুন শেষে মুদ্রা সরবরাহ, অভ্যন্তরীণ ঋণ, বেসরকারি খাতের ঋণের যে লক্ষ্যমাত্রা ছিল, তা যথাক্রমে দুই, তিন ও চার মাস (এপ্রিল, মার্চ ও ফেব্রুয়ারি) আগেই অতিক্রম করে যায়।যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের পরিচালক ও বিশ্বব্যাংকের সাবেক অর্থনীতিবিদ সাদিক আহমেদ প্রথম আলোকে বলেন, সামষ্টিক অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে মুদ্রানীতি সংকোচনের কোনো বিকল্প নেই। কিন্তু এই সংকোচন-নীতি নেওয়া এব ং তা বাস্তবায়নে দরকার সরকারের সঙ্গে সমন্বিত পদক্ষেপ। তিনি আরও বলেন, ‘সরকার যদি নিজেই ব্যাংক-ব্যবস্থা থেকে বেশি ঋণ করে বা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি অর্থ নেয়, তাহলে কেন্দ্রীয় ব্যাংক হয়তো মুদ্রা সরবরাহ তার লক্ষ্যমাত্রার মধ্যে রাখতে পারবে। কিন্তু তাতে প্রবৃদ্ধি অর্জন করা যাবে না।’ সালেহউদ্দিন আহমেদ যখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন, তখন থেকেই মুদ্রানীতির বিবৃতি প্রকাশের প্রথাটি চালু হয়। যোগাযোগ করা হলে সাবেক এই গভর্নর বলেন, মধ্য মেয়াদে প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি, সরকারের ঋণ এমন কতগুলো লক্ষ্যমাত্রা ঠিক করে মুদ্রানীতি তৈরি করা হয়। এটা পরিবর্তন করা কোনোভাবেই ঠিক না। বরং সরকারের উচিত শক্তভাবে এর বাস্তবায়ন।সালেহউদ্দিন বলেন, ‘মুদ্রানীতি একটা কৌশলী বিষয়, অনেকগুলো উপাদানের মধ্যে ভারসাম্য রেখে মুদ্রানীতি প্রণয়ন করতে হয়। যেগুলো সবাই ঠিক বুঝবেও না।’ তাঁর মত হলো, এ ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের সক্ষমতা বৃদ্ধি করে পেশাদারির ভিত্তিতে মুদ্রানীতি করা এবং তা বাস্তবায়নে সরকারের চাপের কাছে শক্ত অবস্থানে থাকতে হবে। সে ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংককে সরকারের কাছে মুদ্রানীতির যৌক্তিকতাগুলো তুলে ধরে তা বাস্তবায়ন করার জন্য নিজেদের দক্ষতাও বাড়াতে হবে।সরকারের ঋণ ও মূল্যস্ফীতি: সদ্য সমাপ্ত অর্থবছরের বাজেটে ব্যাংক-ব্যবস্থা থেকে সরকারের ঋণের লক্ষ্যমাত্রার আলোকেই তৈরি হয় গত দুটি মুদ্রানীতি। সর্বশেষ মুদ্রানীতির শেষ মাসে অর্থাৎ গত জুনে ব্যাংক খাতে সরকারের ঋণ প্রায় তিন হাজার কোটি টাকা বাড়ানো হয়। এর বড় অংশ নতুন টাকা ছেপেই দিতে হয়েছে কেন্দ্রীয় ব্যাংককে। নতুন টাকা ছাপা মানেই মূল্যস্ফীতিকে নতুনভাবে উসকে দেওয়া। নগদ অর্থের টানাটানির মধ্যে থাকা মুদ্রাবাজারে এর বিকল্প ছিল না কেন্দ্রীয় ব্যাংকের কাছে। মুদ্রানীতিতে সরকারের ঋণের লক্ষ্যমাত্রা ছিল ২৫ শতাংশ, কিন্তু মে মাস শেষে হয়েছে ৩৩ শতাংশ। আর সংশোধিত বাজেটে জুন পর্যন্ত সরকারের ঋণের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। ২০১০-১১ অর্থবছরের বাজেটে সরকারের ব্যাংক খাতে ঋণের লক্ষ্যমাত্রা ছিল ১৫ হাজার ৬৮০ কোটি টাকা। চলতি ২০১১-১২ অর্থবছরের বাজেট উপস্থাপনের সময় এই ঋণ বাড়িয়ে ১৮ হাজার ৩৭৯ কোটি টাকা করা হয়। এতে রাজস্ব নীতির অব্যবস্থাপনার দায় পড়ে মুদ্রানীতিতে। কিন্তু এই অব্যবস্থার ফলে গোটা আর্থিক খাতে কী প্রভাব পড়তে পারে, কেন্দ্রীয় ব্যাংক তা সরকারকে বোঝাতে পারেনি। বৈদেশিক বিনিময়ে চাপ: ২০১০-১১ অর্থবছরের এপ্রিল মাস পর্যন্ত সময়ে বিভিন্ন দেশ ও সংস্থা থেকে বাংলাদেশ পেয়েছে ১৪০ কোটি ৬০ লাখ ডলার বৈদেশিক সাহায্য। এর মধ্যে প্রকল্প সাহায্য কম পাওয়ায় প্রকল্প বাস্তবায়নে স্থানীয় মুদ্রায় অর্থ জোগান দিতে সরকারকে ব্যাংক-ব্যবস্থা থেকে ঋণ বাড়াতে হয়েছে। মূলত অর্থবছরের শেষ সময়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নে বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের চাপ সামলাতেই সরকারকে বেশি ঋণ নিতে হয়েছে। বাংলাদেশ ব্যাংক বিদেশি মুদ্রার প্রাপ্তির কথা ভেবে যে মুদ্রানীতি করেছিল, তা বজায় থাকেনি। পাশাপাশি এসব প্রকল্পের জন্য আমদানি করতে গিয়ে নতুনভাবে বিদেশি মুদ্রা বাইরে চলে গেছে। ফলে দুই ভাবে লেনদেনের ভারসাম্য চাপের মধ্যে পড়েছে।এপ্রিল পর্যন্ত হিসাবে দেশের মূলধনি আয় সামান্য। নামমাত্র সরাসরি বৈদেশিক বিনিয়োগ (৬৩ কোটি ১০ লাখ ডলার), অল্প কিছু পরিমাণে মধ্যমেয়াদি-দীর্ঘমেয়াদি (৮৬ কোটি ৮০ লাখ ডলার) ও স্বল্পমেয়াদি ঋণের বিপরীতে বড় আকারের ঋণ ও সুদ পরিশোধ এবং বেশি পরিমাণে রপ্তানির আয় আটকে থাকায় এমনিতেই আর্থিক খাতের হিসাবে বিপুল পরিমাণে ঘাটতি দেখা যাচ্ছে।প্রবাসী আয়ের উচ্চ প্রবাহের কারণেই গত কয়েক বছর চলতি হিসাবের ভারসাম্য বজায় ছিল। গত অর্থবছরে প্রবাসী আয়ে প্রবৃদ্ধির হার কমে মাত্র ৬ শতাংশ হয়েছে। অন্যদিকে রপ্তানিতে শক্তিশালী প্রবৃদ্ধি হলেও তার চেয়ে বেশি হারে আমদানি বেড়েছে। ফলে অর্থবছর শেষে চলতি হিসাবে কিছুটা ঘাটতি থাকছে বলেই মনে করা হচ্ছে। ২০০৪-০৫ অর্থবছরের পর আর কোনো অর্থবছরেই বাংলাদেশকে চলতি হিসাবের ভারসাম্যে ঘাটতির সম্মুখীন হতে হয়নি।চলতি হিসাবে মূলত কোনো দেশের নিয়মিত বৈদেশিক লেনদেনের হিসাব প্রতিফলিত হয়। নিয়মিত আমদানি-রপ্তানিসহ অন্যান্য আয়-ব্যয় এতে অন্তর্ভুক্ত হয়ে থাকে। চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্ত মানে নিয়মিত লেনদেনের ক্ষেত্রে দেশকে কোনো ঋণ করতে হচ্ছে না। বেসরকারি খাতে ঋণ বৃদ্ধি: বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রস্তুত প্রতিবেদন অনুসারে, মে মাস শেষে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি হয়েছে ২৭ দশমিক ৫ শতাংশ। কিন্তু মুদ্রানীতিতে এই লক্ষ্যমাত্রা ধরা ছিল ১৬ শতাংশ।বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধির রেশ টানতে বাংলাদেশ ব্যাংক নানা ধরনের পদক্ষেপ নিয়েছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ঋণ-আমানত অনুপাত ৮৫ শতাংশে নির্ধারণ। কিন্তু শেষ পর্যন্ত কেন্দ্রীয় ব্যাংক এগুলোর অনেক কিছুই ধরে রাখতে পারেনি। সরকারের শীর্ষ পর্যায় থেকে এসব বিষয়ে নির্দেশনা দিয়ে তা নমনীয় করা হয়েছে।