রাজনৈতিক জটিলতায় পরিচালনা কমিটি হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক জটিলতার কারণে ঝিনাইদহের প্রাথমিক বিদ্যালয়গুলোতে পরিচালনা কমিটি গঠন করতে পারছে না কর্তৃপক্ষ। একাধিকবার চেষ্টা করেও তারা ব্যর্থ হয়েছে। গত ২০ জানুয়ারি এই কমিটি গঠনের শেষ সময় পার হলেও ৮১৩টি বিদ্যালয়ের মধ্যে মাত্র ৫৫টির কমিটি গঠন করা সম্ভব হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একাধিক বিদ্যালয়ের প্রধানেরা জানান, প্রায় প্রতিটি উপজেলায় স্থানীয় সাংসদের সঙ্গে উপজেলা চেয়ারম্যানের দ্বন্দ্ব রয়েছে। নীতিমালায় কমিটি উপজেলা পরিষদের সভায় অনুমোদন হওয়ার কথা বলা হয়েছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে স্থানীয় সাংসদেরা কমিটিতে একাধিক ব্যক্তির নাম সুপারিশ করেছেন। আর চেয়ারম্যানরা সেই কমিটি উপজেলা পরিষদের সভায় উঠাচ্ছেন না। যে কারণে কমিটিগুলো করা যাচ্ছে না। উপজেলা পর্যায়ের শিক্ষা কর্মকর্তারা জানান, কমিটি গঠনের জন্য তাঁরা চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু রাজনৈতিক জটিলতার কারণে কমিটিগুলো করা সম্ভব হচ্ছে না। নাম প্রকাশ না করার শর্তে একজন উপজেলা শিক্ষা কর্মকর্তা বলেন, ‘কমিটি গঠনের জন্য নির্ধারিত তারিখ পার হয়ে যাওয়ার পর সর্বশেষ ১০ ফেব্রুয়ারি পর্যন্ত আরেক দফা সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যে কমিটি গঠন করতে ব্যর্থ হলে আমাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দেওয়া হবে বলে মন্ত্রণালয় থেকে চিঠি এসেছে। তার পরও আমরা কমিটি গঠন করতে পারব বলে মনে হয় না। রাজনৈতিক বিরোধ না মেটানো পর্যন্ত এই কমিটিগুলো করা সম্ভব নয়। কারণ উপজেলা পরিষদে কমিটির নাম পাসের আইন রয়েছে।’ এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুহুল আমিন বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা খুবই বিপদের মধ্যে আছি। কিন্তু আমাদের কিছুই করার নেই। আমরা কেন ব্যর্থ হচ্ছি, তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।’