রাজনৈতিক তদবিরে বদলি, ওসিরা কথা শোনেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক নেতা-কর্মীদের তদবিরে বদলি হওয়া মাঠপর্যায়ের কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা শুনছেন না। তাঁরা পুলিশ কর্মকর্তাদের চেয়ে সরকারি দলের নেতা-কর্মীদের বেশি গুরুত্ব দিচ্ছেন। পুলিশের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভার শেষ দিনে গতকাল মাঠপর্যায়ের কর্মকর্তারা এ প্রসঙ্গ তোলেন। সভা সূত্র জানায়, পুলিশ কর্মকর্তাদের এ বক্তব্য শুনে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ এ ধরনের অভিযোগ সরাসরি তাঁকে জানাতে বলেন। দুই দিনব্যাপী এ সভা গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকায় পুলিশ সদর দপ্তর মিলনায়তনে শেষ হয়েছে।এ ব্যাপারে জানতে চাইলে আইজিপি প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিক প্রভাবের কারণে মাঠপর্যায়ের কয়েকজন পুলিশ সদস্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের কথা শুনছেন না বলে অভিযোগ এসেছে। আমি এ নিয়ে কঠোর অবস্থানের কথা তাঁদের জানিয়ে দিয়েছি। কেউ কথা না শুনলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে।’অপরাধ পর্যালোচনা সভায় সারা দেশের পুলিশ সুপার থেকে শুরু করে ঊর্ধ্বতন সব পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন। গতকাল সকালে সভার দ্বিতীয় দিনের শুরুতেই পুলিশ সুপাররা মাঠপর্যায়ে তাঁদের কাজের ব্যাপারে নানা সমস্যার কথা তুলে ধরেন। এরপর পুলিশের নতুন নিয়োগের অগ্রগতি ও বিশেষ শাখার কাজের অগ্রগতি জানানো হয়। বিকেলে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পক্ষ থেকে উপস্থাপন করা হয় গত তিন মাসে মামলা তদন্তের অগ্রগতির তথ্য।সভায় একজন কর্মকর্তা বলেন, গতকালের সভায় পুলিশের দলীয়করণ নিয়ে অনেক কর্মকর্তা কথা বলেন। একজন ডিআইজি বলেন, জাইকার এক কর্মকর্তা ছিনতাইকারীর কবলে পড়ার পর গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তিনি মামলা নিতে বলেছিলেন, কিন্তু ওসি ডিআইজির কথা শোনেননি। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের মেয়ে ছিনতাইয়ের শিকার হয়ে থানায় গিয়ে উল্টো দুর্ব্যবহার পেয়েছেন। ওই ডিআইজি বলেন, রাজনৈতিক তদবিরে বদলির কারণে ওসিরা কথা শুনছেন না।আরেকজন ডিআইজি বলেন, ‘বদলির ক্ষেত্রে কোনো নিয়মনীতি মানা হচ্ছে না। আমরা যাকে পছন্দ করি, তাকে দেওয়া হয় না। যাকে পছন্দ করি না, তাকে দেওয়া হয়। ফলে এসব কর্মকর্তা কর্মক্ষেত্রে গিয়ে আর কথা শোনেন না।’ সভায় একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘রাজধানীর এক থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) ওসিকে তল্লাশি চৌকিতে দায়িত্ব পালন করতে বললে ওসি মুখের ওপর না করে দেন। বলেন, “আমি পারব না, কমিশনারকে বলেন”। পরে আইজির নির্দেশে ওই ওসিকে প্রত্যাহার করা হয়েছে।’এ পর্যায়ে আইজিপি বলেন, দলীয় প্রভাবে কেউ নিজেকে বাহিনীর ঊর্ধ্বে মনে করলে তাঁকে শাস্তি পেতে হবে।আরেকজন কর্মকর্তা বলেন, পুলিশের টেন্ডারে কোনো স্বচ্ছতা থাকছে না। অখ্যাত পত্রিকায় টেন্ডার ছাপা হওয়ায় কেউ জানতে পারে না। তিনি বড় বড় পত্রিকায় দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশের পরামর্শ দেন।সদর দপ্তরের এক কর্মকর্তা বলেন, পুলিশের অনেক সদস্য পোশাক পরার নিয়ম ঠিকমতো মানছেন না। তাঁরা খেয়ালখুশি মতো পোশাক পরছেন। আরেক কর্মকর্তা বলেন, কনস্টেবলদের টাইম-স্কেলের বিষয়টি ঠিক করার জন্য পুলিশ সদর দপ্তর অনেক চেষ্টা করছে। এ নিয়ে কনস্টেবলদের মধ্যে যাতে কোনো ভুল বোঝাবুঝি না থাকে, সে ব্যাপারে সবাইকে জানানো দরকার। একজন কর্মকর্তা বলেন, অঙ্গীভূত আনসার সদস্যদের অস্ত্র আগে পুলিশ লাইনে থাকত। এখন আনসারের কাছে থাকছে। ফলে অস্ত্রধারী আনসারকে কোথায় নিয়োগ করা হচ্ছে, পুলিশ সুপার তা জানতে পারছেন না। এটা আগের মতো পুলিশ সুপারদের মতামতের ভিত্তিতে করার সুপারিশ করেন তিনি।আইজিপির সংবাদ সম্মেলন: সভার একপর্যায়ে তিন মাসের অপরাধ পরিস্থিতি নিয়ে পুলিশের আইজি সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দেন। তিনি বলেন, টেন্ডারবাজি-চাঁদাবাজির ঘটনা যেখানেই ঘটুক, দ্রুত বিচার আইনে এসব মামলা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো এলাকার ওসি বা পুলিশ কর্মকর্তা এসব নিয়ন্ত্রণে ব্যর্থ হলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, যশোর ও মেহেরপুরে এ ধরনের ঘটনা ঘটেছে। সেখানে ব্যর্থ পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া বরিশালের ঘটনায় দুই দলের নেতা ছাড়াও নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো ঘটনা ঘটলেই পুলিশ তার ভেতরে ঢুকতে পারে না। কারণ সেখানে কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। আইজির বক্তব্যের একপর্যায়ে সাংবাদিকেরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্ষমতাসীন দলের কর্মীদের হাতে এক পুলিশ কর্মকর্তার আটক হওয়ার বিষয়ে জানতে চান। এ সময় ঢাকা মহানগর পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার আবুল কাশেম বলেন, এ ঘটনায় পুলিশ কর্মকর্তার ব্যবহারে ত্রুটি ছিল। তাঁর কাছে জানতে চাওয়া হয়, পুলিশের পক্ষ না নিয়ে তিনি কেন সরকারি দলের কর্মীদের পক্ষ নিচ্ছেন। পরে আইজি তাঁকে থামিয়ে দিয়ে বলেন, এ ঘটনায় অবশ্যই মামলা নিতে হবে। র‌্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার এ সময় বলেন, এ ঘটনার তদন্ত করে অবশ্যই দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ‘গুপ্তহত্যা’র ব্যাপারে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, সংবাদপত্রে গুপ্তহত্যার যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তার তদন্ত করে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এসআই গৌতম খুনের ঘটনায় কী করে দুই জাকির ও দুই হায়দারের জন্ম হলো? এ প্রশ্নের জবাবে আইজিপি বলেন, এ ঘটনার তদন্তে একটি কমিটি হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পরই ব্যবস্থা নেওয়া হবে। গৌতম হত্যার আসামিদের নির্যাতন করে স্বীকারোক্তি আদায় করা হয়েছে কি না, জানতে চাইলে আইজিপি বলেন, তদন্ত হোক, সব বোঝা যাবে। এ সময় র‌্যাবের মহাপরিচালক বলেন, র‌্যাব ও পুলিশ একসঙ্গেই কাজ করছে।টেন্ডার-সন্ত্রাসে সরকারি দলের নেতা-কর্মীদের জড়িয়ে পড়ার ব্যাপারে এক প্রশ্নের জবাবে আইজি বলেন, ‘আমি কঠিন ভাষায় যা বলার বলেছি। এর চেয়ে বেশি গতি ও ভাষা আমার নেই। আমি বলেছি, যারাই করুন, ধরে মামলা দিতে হবে। কে কোন দল করল, তা দেখার কোনো সুযোগ নেই।’