রাজনৈতিক দল নয়, ইসির কাজে সমস্যা আমলাতন্ত্র: সাখাওয়াত হোসেন
নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) কাজে সমস্যা যদি কেউ সৃষ্টি করে থাকে, তাহলে তা হলো আমলাতন্ত্র, রাজনৈতিক দল নয়। আজ রোববার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) একটি জরিপের তথ্য প্রকাশ অনুষ্ঠানের আলোচনায় তিনি এ কথা বলেন। তবে অনুষ্ঠানে সাখাওয়াতের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান বলেন, ঢালাওভাবে আমলাদের ওপর দোষ চাপানো ঠিক নয়। সাখাওয়াত হোসেন বলেন, ‘সম্প্রতি নির্বাচন কমিশনে একজন সচিব নিয়োগ প্রসঙ্গে এবং সারা দেশে নির্বাচন কমিশনের সার্ভার স্টেশন করার বিষয়ে আমলাতান্ত্রিক জটিলতা দেখা দিয়েছে। সার্ভার স্টেশন স্থাপনে রাষ্ট্রের প্রধান নির্বাহীর অনুমোদন থাকলেও আমরা এগোতে পারছি না।’ জরিপের ফলাফল: গত জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়নে আওয়ামী লীগ তৃণমূলের নেতা-কর্মীদের সুপারিশ বেশ কিছু ক্ষেত্রে গ্রহণ করেছে। এ ক্ষেত্রে পিছিয়ে ছিল বিএনপি। তবে চূড়ান্ত প্রার্থী মনোনয়নের বেলায় এই দুই দলের কেন্দ্রীয় নেতৃত্ব তৃণমূল নেতা-কর্মীদের পুরো প্রত্যাশা মেটাতে পারেনি। ‘জাতীয় নির্বাচনে মনোনয়ন-প্রক্রিয়ায় স্থানীয় অংশগ্রহণ ও প্রত্যাশা’ শীর্ষক জরিপ থেকে এ তথ্য উঠে এসেছে। রাজধানীর ব্র্যাক সেন্টার ইন-এ আয়োজিত এক গোলটেবিল বৈঠকে টিআইবির গবেষকেরা তাঁদের প্রতিবেদন উপস্থাপন করেন। তাঁরা বলেন, সংশোধিত গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২ অনুযায়ী রাজনৈতিক দলগুলো গত নির্বাচনে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি দলের জন্য স্থানীয় পর্যায়ের দলীয় শাখার সুপারিশক্রমে প্রার্থী মনোনয়ন বাধ্যতামূলক করা হয়েছে। টিআইবির গবেষণা দল সাতটি বিভাগের সিলেট, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, কুড়িগ্রাম, রাজশাহী, কুষ্টিয়া, খুলনা ও ঝালকাঠি জেলা এবং মধুপুর উপজেলায় গত এপ্রিল ও মে মাসে এ বিষয়ে জরিপ চালায়। জরিপে অংশ নেন ব্যবসায়ী, শিক্ষক, শ্রমজীবী, চাকরিজীবী, আইনজীবী, এনজিওকর্মী, সাংবাদিক, ছাত্রসহ অন্যান্য পেশার ৬৩০ জন। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে ৩৭ ভাগ রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তাদের ৫৪ ভাগ দলীয় ফোরামে প্রার্থী নির্বাচন-সম্পর্কিত আলোচনায় অংশ নিয়েছে। ৪৪ ভাগ মনোনয়নপ্রত্যাশীর পক্ষে জনসংযোগ ও প্রচারণায় অংশ নিয়েছে। ১৫ ভাগ কেন্দ্রীয় পর্যায়ে শীর্ষস্থানীয় নেতৃত্বের কাছে কোনো প্রার্থীর পক্ষে তদবির বা সুপারিশ করেছে। প্রতিবেদনটির উপস্থাপক মঞ্জুরে এলাহী বলেন, আওয়ামী লীগ তাদের জেলা, উপজেলা/থানা এবং ইউনিয়ন/পৌর ওয়ার্ড কমিটির কাছ থেকে মনোনয়নপ্রত্যাশী তিনজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় নেতার নাম প্রস্তাব করে প্যানেল আকারে দলের সংসদীয় বোর্ডের কাছে পাঠাতে বলে। সংসদীয় বোর্ড বেশ কিছু আসনে এই প্যানেল থেকে প্রার্থী মনোনয়ন দেয়। তবে অনেক ক্ষেত্রে চূড়ান্ত মনোনয়নে তৃণমূলের মতামত আমলে নেওয়া হয়নি। অন্যদিকে বিএনপি তৃণমূলের নেতা-কর্মীদের মতামত সংগ্রহের উদ্দেশ্যে স্থায়ী কমিটির সদস্যদের নেতৃত্বে সাতটি বিশেষ দল গঠন করে। এই দলগুলো দলীয় ফোরাম, অঙ্গসংগঠন এবং তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে আলোচনা করে প্রার্থীদের একটি সম্ভাব্য তালিকা তৈরি করে। পরবর্তী সময়ে সংসদীয় বোর্ডে তাঁদের সাক্ষাত্কার নেওয়া হয়। অধিকাংশ ক্ষেত্রেই চূড়ান্ত মনোনয়নে তৃণমূলের নেতা-কর্মীদের মতামত গ্রহণ করা হয়নি। প্রতিবেদনটির ওপর আলোচনায় অংশ নেন টিআইবির ট্রাস্ট্রি বোর্ডের সদস্য মোজাফ্ফর আহমদ, সাবেক সরকারি কর্মকর্তা আবদুল লতিফ মণ্ডল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসনের শিক্ষক সালাউদ্দিন এম আমিনুজ্জামান, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার, সিলেট-৫ আসনের সাংসদ হাফিজ আহমদ মজুমদার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষক হাসানুজ্জামান।