রাজনৈতিক দলগুলোর মতৈক্য জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম আলো: তত্ত্বাবধায়ক বা এ ধরনের কোনো ব্যবস্থা ছাড়াই সরকার আগামী নির্বাচন করতে চাইছে, অন্যদিকে প্রধান বিরোধী দল এর বিরোধিতা করছে—এ পরিস্থিতিতে নির্বাচন কমিশনের করণীয় কিছু আছে কি?এ টি এম শামসুল হুদা: নির্বাচন কমিশনের ক্ষমতার বিষয়টি বাংলাদেশের সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখ করা আছে। কমিশন কেবল সংবিধানের কোনো ধারা বা কোনো আইনের ক্ষেত্রেই তার ক্ষমতা ব্যবহার করা থেকে অব্যাহতি পেতে পারে। আমাদের সংবিধান বা আইন নির্বাচন কমিশনকে কোন সরকারের অধীনে নির্বাচন হবে, সেটা ঠিক করার দায়িত্ব দেয়নি। সরকারের প্রকৃতি নির্ধারণ করা একটি রাজনৈতিক কাজ এবং তা রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে হওয়াই বাঞ্ছনীয়। এ ধরনের রাজনৈতিক ইস্যুতে জড়ানো নির্বাচন কমিশনের কাজ নয়।প্রথম আলো: দলীয় সরকারের অধীনে আমাদের বাস্তবতায় সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন কতটুকু সক্ষম?এ টি এম শামসুল হুদা: বৈশ্বিক প্রেক্ষাপটে দেখা যায়, প্রায় সব নির্বাচনই আগের ক্ষমতাসীন সরকারের অধীনে অনুষ্ঠিত হয়। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য আগের নির্বাচিত সরকারকেই যথাযথ কর্তৃপক্ষ হিসেবে বিবেচনা করা হয়। যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া প্রভৃতি দেশে ওয়েস্টমিনস্টার ধারার যে সংসদীয় গণতন্ত্র প্রচলিত রয়েছে, যেটিকে আমরা অনুসরণ করি বলে দাবি করা হয়, সেখানেও এই প্রক্রিয়ায়ই নির্বাচন হয়ে থাকে। নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে, নির্বাচনের আগে আইনসভা ভেঙে দেওয়া হয়, যাতে নির্বাচিত জনপ্রতিনিধিরা অন্য প্রার্থীদের চেয়ে বেশি বা অবৈধ কোনো সুযোগ-সুবিধা নিতে না পারেন। সরকারের দৈনন্দিন কাজকর্ম চালিয়ে নিতে খুবই ছোট আকারের মন্ত্রিপরিষদসম্পন্ন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এ রকম মডেলের অধীনেই নির্বাচন হওয়া বাঞ্ছনীয়। কিন্তু বাংলাদেশের যে দ্বিমুখী রাজনীতি, যেখানে বড় দুটি রাজনৈতিক দলের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও শ্রদ্ধাবোধের অভাব, সেখানে এমন আশা সুদূরপরাহত। প্রথম আলো: সে ক্ষেত্রে কী করণীয় রয়েছে বলে আপনি মনে করেন?এ টি এম শামসুল হুদা: এ ব্যাপারে পরামর্শগুলো একটু ধারাবাহিকভাবে বলতে চাই। প্রথমত, নির্বাচনের কমপক্ষে ৯০ দিন আগে আইনসভা ভেঙে দিতে হবে এবং ক্ষুদ্র মন্ত্রিসভাসম্পন্ন একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে।দ্বিতীয়ত, পুরো নির্বাচন কমিশন বা নির্দিষ্টভাবে কোনো কমিশনারের নিরপেক্ষতা বা সততা নিয়ে কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের যেন কোনো সন্দেহ না থাকে, সেটা নিশ্চিত করতে হবে। যদি থাকে, তবে তা দ্রুততার সঙ্গে সমাধান করতে হবে।তৃতীয়ত, একটি পদ্ধতিতে নির্বাচনের বিষয়ে সব রাজনৈতিক দলের মতৈক্য অর্জন করতে হবে। ভোটের আগে-পরে এবং ভোট চলাকালে ভোটারদের নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করতে বেশ কয়েক দিনের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিযুক্ত করতে হবে। এটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, যদি কমিশন সার্বিক নিরাপত্তার জন্য সেনাবাহিনীকে নিযুক্ত না করার সিদ্ধান্ত নেয়।চতুর্থত, নির্বাচনপ্রক্রিয়াকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত করতে পারে, এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ বা কোনো সিদ্ধান্ত বাস্তবায়নের আগে প্রত্যেক মন্ত্রণালয় নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা বা পরামর্শ করে নেবে। এ-সংক্রান্ত যে নিয়মকানুন ও বিধিনিষেধ আছে, তা প্রয়োগ করতে হবে।পঞ্চমত, জনগণের কাছে ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যাপকভাবে পরিচিত করাতে হবে এবং উচ্চ ঝুঁকিসম্পন্ন ভোটকেন্দ্রগুলোতে এই মেশিন ব্যবহার করতে হবে।প্রথম আলো: যদি দলীয় সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হয়, সে ক্ষেত্রে প্রভাবমুক্ত নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে শক্তিশালী করার কোনো উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন কি? মনে হলে, সেই উদ্যোগগুলো কী হতে পারে?এ টি এম শামসুল হুদা: বাংলাদেশ নির্বাচন কমিশনকে যথেষ্ট ক্ষমতাসম্পন্ন এবং শক্তিশালী করা হয়েছে। সংবিধান এবং প্রাসঙ্গিক আইনগুলো ‘নির্বাচনপ্রক্রিয়া তদারকি, নিয়ন্ত্রণ ও পরিচালনা’ করার ব্যাপারে নির্বাচন কমিশনকে ব্যাপকভাবে ক্ষমতায়ন করেছে। ভারতের নির্বাচন কমিশনের ক্ষমতা এবং কার্যক্রম সম্পর্কে সে দেশের সুপ্রিম কোর্টের একটি ঐতিহাসিক রায় (রুলিং) রয়েছে। সেখানে বলা হয়েছে, যেখানে বিদ্যমান আইন নির্বাচন অনুষ্ঠানের সময় উদ্ভূত পরিস্থিতির ক্ষেত্রে যথেষ্ট বা পর্যাপ্ত নয়, সেখানে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণে কমিশন বাড়তি ক্ষমতা প্রয়োগ করতে পারে। এই রুলিং বাংলাদেশের নির্বাচন কমিশনের বেলায়ও প্রযোজ্য এবং কমিশনের কোনো আদেশ বা কর্মকাণ্ড যদি আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হয়, তবে তার সমর্থনে ওই রুলিংকে উদ্ধৃত করা যেতে পারে।বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় অ্যাক্ট, ২০০৯-এ কমিশন সচিবালয়কে প্রধানমন্ত্রীর অফিস থেকে বিচ্ছিন্ন করা হয়েছে এবং এটি এখন আর কোনো মন্ত্রণালয়, বিভাগ বা কার্যালয়ের অধীনে নেই। কমিশনকে সংশ্লিষ্ট সরকারি সংস্থা থেকে সাময়িকভাবে লোকবল সংগ্রহ বা লোকবলের প্রয়োজন পর্যালোচনা করার কর্তৃত্ব দেওয়া হয়েছে। এ ব্যাপারে এই কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে। একইভাবে কমিশনের বাজেট একবার সংসদে পাস হলে, বারবার আর তহবিলের জন্য অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র লাগবে না।সুতরাং, এটা নির্বাচন কমিশনকে আরও ক্ষমতা প্রদান করার প্রশ্ন নয়; বরং আইন প্রণয়নের মাধ্যমে ইতিমধ্যেই যে পরিবর্তন আনা হয়েছে, সেটিকে স্বাচ্ছন্দ্যে প্রয়োগ করার ক্ষেত্রে প্রয়োজনীয় সুযোগ প্রদানের প্রশ্ন। নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়গুলো এখনো তাদের কর্তৃত্ব হারানোকে মেনে নিতে পারেনি এবং স্বচ্ছন্দ বাস্তবায়নের ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা তৈরি করছে। সংস্থাপন ও অর্থ উভয় মন্ত্রণালয়ই এখনো অতিরিক্ত লোকবল এবং তহবিল ছাড়ের ব্যাপারে চিঠি (সরকারি আদেশ) ইস্যু করা অব্যাহত রেখেছে। এই পরিবর্তনের ব্যাপারে আমলাতন্ত্রের সংশ্লিষ্ট সদস্যদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন প্রয়োজন।নির্বাচন কমিশনের একার পক্ষে তো আর সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন সম্ভব নয়। এর সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংস্থার সহায়তাও জরুরি। নির্বাচন কমিশনকে শক্তিশালী করা একটা রাজনৈতিক প্রকল্প। রাজনৈতিক নেতাদের দ্বারা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে একটা উদ্যোগ। যাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন, তাঁরা এই জায়গায় ঠিক। সুষ্ঠু ও ভালো নির্বাচনের জন্য নির্বাচন কমিশন মুখ্য উপাদান। এমন হবে না যে কমিশনের ওপর যে দায়িত্ব অর্পিত, সেটা অবহেলা করতে পারবেন। একই সঙ্গে নির্বাচন কমিশন তার ক্ষমতার বাইরে গিয়েও কোনো দায়িত্ব পালন ও ক্ষমতার প্রয়োগ করতে পারবে না। সাক্ষাৎকার নিয়েছেন: এ কে এম জাকারিয়া