রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হয় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিবন্ধিত রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার সময়সীমা কাল মঙ্গলবার শেষ হচ্ছে। কিন্তু আওয়ামী লীগ-বিএনপিসহ সংসদে প্রতিনিধিত্বকারী কোনো দল এখন পর্যন্ত সাড়া দেয়নি। শুধু তিনটি ছোট দল হিসাব জমা দিয়েছে। একটি দল সময় বাড়ানোর আবেদন করেছে।তবে কমিশন আগের দুই বছর দলগুলোর আয়-ব্যয়ের হিসাব আদায় করলেও এই হিসাবের সত্যতা যাচাই করা হয়নি। হিসাব প্রকাশও করা হয়নি।জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ হতাশা প্রকাশ করে গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যে আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার জন্য দলগুলোকে চিঠি দেওয়া হয়েছে, কিন্তু খুব বেশি সাড়া পাওয়া যায়নি। এখনো দুই দিন সময় আছে। দেখা যাক কী হয়। তারপর ভেবেচিন্তে সিদ্ধান্ত নেব।’রাজনৈতিক দলের নিবন্ধন বিধি অনুযায়ী, প্রতিবছরের ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত দলগুলোকে আগের পঞ্জিকা বছরের (জানুয়ারি থেকে ডিসেম্বর) আয়-ব্যয়ের হিসাব কমিশনে জমা দিতে হবে। গণপ্রতিনিধিত্ব আদেশের ৯০-এইচ ধারার বিধান অনুযায়ী, কোনো দল ধারাবাহিকভাবে তিন বছর তথ্য দিতে ব্যর্থ হলে সেই দলের নিবন্ধন বাতিল হবে।কমিশন সচিবালয় সূত্র জানায়, কমিশন এ মাসের প্রথম সপ্তাহে নিবন্ধিত ৩৮টি রাজনৈতিক দলকে ২০১১ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার তাগিদ দিয়ে চিঠি দিয়েছিল। গতকাল পর্যন্ত তরিকত ফেডারেশন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও ইসলামী ঐক্যজোট আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হিসাব জমা দেওয়ার সময় বাড়ানোর আবেদন করেছে।হিসাব জমা দেওয়া হয়নি কেন, জানতে চাইলে আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস বলেন, দলের হিসাব বিবরণী তৈরি করা হচ্ছে। সম্ভব হলে ৩১ জুলাইয়ের মধ্যে জমা দেওয়া হবে। না পারলে সময় চাওয়া হবে।একই প্রশ্নের উত্তরে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আগামীকালের মধ্যে হিসাব জমা দেওয়ার জন্য জোর প্রস্তুতি চলছে। ভিন্ন কিছু হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, আগের দুই বছর বেশির ভাগ দলই নির্ধারিত সময়ের মধ্যে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছিল। বিএনপি ২০১০ সালে নির্ধারিত সময়ের মধ্যে হিসাব জমা দিয়েছিল। আওয়ামী লীগ দিয়েছিল নির্ধারিত সময়ের পরে। সে সময় জামায়াতে ইসলামী সময় বাড়ানোর আবেদন করলেও কমিশন তা নাকচ করে। পরে আওয়ামী লীগ সময় বাড়ানোর আবেদন করলে কমিশন তা গ্রহণ করে। ২০১১ সালে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), এলডিপি, জামায়াতে ইসলামীসহ ২১ দল নির্ধারিত সময়ে হিসাব (২০১০ সালের) জমা দেয়। বিএনপিসহ বাকি ১৭টি দল সময় বাড়ানোর আবেদন করেছিল।সত্যতা যাচাই হয়নি: কমিশন সচিবালয় সূত্র জানায়, দলগুলোর আগের দুই বছরের আয়-ব্যয়ের হিসাবের সত্যতা যাচাই না করা এবং হিসাব প্রকাশ না করার বিষয়টি নিয়ে সম্প্রতি কমিশনের বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে কমিশন সচিবালয়ের কর্মকর্তারা বলেছেন, হিসাবের সত্যতা যদি যাচাই না হয় এবং তা যদি প্রকাশ না করা হয়, তবে এই হিসাব নিয়ে লাভ কী?এ বিষয়ে নির্বাচন কমিশনার আবু হাফিজ প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিক দলের নিবন্ধন বিধি ব্যাখ্যা করলে যা দাঁড়ায়, তাতে হিসাব প্রকাশ করা উচিত। কিন্তু আগের কমিশন কেন এটা প্রকাশ করেনি, সেই ব্যাখ্যা আমার জানা নেই। আমরা কমিশনের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করেছি। তবে কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে কমিশন আবারও বৈঠক করবে।’২০১০ সালের জুলাইয়ে হিসাব জমা নেওয়ার সময় সে সময়ের সিইসি এ টি এম শামসুল হুদা বলেছিলেন, জমা দেওয়া হিসাব নিবন্ধিত নিরীক্ষা প্রতিষ্ঠান দিয়ে যাচাই-বাছাই করে তা কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। পরের বছর একই বিষয়ে কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেছিলেন, দলগুলো হিসাব প্রকাশের ব্যাপারে আপত্তি জানিয়েছে।এ বিষয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সাবেক মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এম হাফিজউদ্দিন খান প্রথম আলোকে বলেন, ‘আগের কমিশন দলগুলোর দুই বছরের হিসাবের সত্যতা যাচাই করেনি এবং তা প্রকাশ করেনি। আশা করি, বর্তমান কমিশন হিসাব প্রকাশ করবে। কারণ, হিসাব নিরীক্ষা না করলে এবং তা প্রকাশ না করে ফাইলবন্দী করে রাখলে হিসাব নেওয়াটা অর্থহীন হয়ে যায়।’