রাজনৈতিক দলের ওপর ইসির নিয়ন্ত্রণ বাড়ানোর পরামর্শ
রাজনৈতিক দলের ওপর নির্বাচন কমিশনের (ইসি) নিয়ন্ত্রণ বাড়ানোর পরামর্শ দিয়েছে বিভিন্ন বেসরকারি সংস্থা (এনজিও)। আজ বৃহস্পতিবার আগারগাঁওয়ে জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংলাপে বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা ইসিকে এই পরামর্শ দেন। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংলাপের আলোচ্যসূচি হলেও কয়েকটি এনজিও বিষয়বস্তু নিয়ে আলোচনা না করে নিজেদের স্বার্থসংশ্লিষ্ট দাবি উপস্থাপন করে। ইসির এখতিয়ারে না থাকলেও কেউ কেউ সংসদীয় আসন সংখ্যা বাড়ানোর সুপারিশ করেছে। কেউ কেউ নতুন পর্যবেক্ষণ নীতিমালা প্রণয়নের এবং ভোটার তালিকা তৈরিতে এনজিওকে সম্পৃক্ত করার দাবি জানায়। সংলাপে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদ বলেন, ‘সবার মতামত নিয়ে সিদ্ধান্ত নেব। তবে কখনোই আইনের বাইরে গিয়ে কাজ করব না। রাজনৈতিক দলের মতামত নেওয়ার পর খসড়া প্রকাশ করে বিভাগীয় পর্যায়ে শুনানির ব্যবস্থা নেওয়া হবে। এরপর দাবি আপত্তি নিষ্পত্তি করে চূড়ান্তভাবে সীমানা পুনর্নির্ধারণ করা হবে।’সংলাপে অর্ধশতাধিক এনজিও প্রতিনিধি অংশগ্রহণ করেন। তাঁরা বলেন, দলগুলো মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তৃণমূলের মতামত উপেক্ষা করে। মূল দলের সঙ্গে ছাত্র-শিক্ষক ও প্রবাসী সংগঠনের সম্পৃক্ততা এখনো আছে। অথচ ইসি কোনো দলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। খুলনাভিত্তিক এনজিও রূপান্তরের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম বলেন, রাজনৈতিক দলে সুশাসন আছে কি না, ইসি তা দেখভাল করতে পারে। এ ক্ষেত্রে এনজিও ইসিকে সহযোগিতা করবে। লাইট হাউসের প্রধান নির্বাহী হারুন অর রশীদ বলেন, ইসি রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দলীয় গঠনতন্ত্র ও অডিট রিপোর্ট নিচ্ছে। অথচ সঠিকভাবে তদারকি করছে না। দলগুলো নির্বাচনী আইনও মানছে না। রাজনৈতিক দলের জন্য তৃণমূলের প্যানেল থেকে প্রার্থী মনোনয়ন বাধ্যতামূলক না হলেও উত্তরণের উন্নয়ন বিশেষজ্ঞ গয়ানাথ সরকার আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, দলটি টাঙ্গাইল উপনির্বাচনে তৃণমূলের মতামত উপেক্ষা করে প্রার্থী মনোনয়ন দিয়েছে। কিন্তু ইসি কোনো ব্যবস্থা নেয়নি। নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা ফেমার প্রেসিডেন্ট মুনিরা খান বলেন, সংসদীয় আসন বাড়ানোর কোনো দরকার নেই, বরং স্থানীয় সরকার-ব্যবস্থাকেই শক্তিশালী করা দরকার।ব্রতীর প্রধান নির্বাহী শারমিন মুরশিদ বলেন, সীমানা পুনর্নির্ধারণ নিয়ে কে প্রতিবাদ করল, কে মানববন্ধন করল, তা ইসির ভাবার বিষয় নয়। আইনে যা বলা আছে, ইসি সে অনুযায়ী কাজ করতে পারে। তিনি ইসিকে ব্যালট পেপারের মান উন্নত করার পরামর্শ দেন। সংলাপে নির্বাচন কমিশনার আবু হাফিজ, আবদুল মোবারক, জাবেদ আলী, মো. শাহনেওয়াজ ও কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক উপস্থিত ছিলেন।