রাজনৈতিক দলের গঠনতন্ত্র সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান পুনর্মুদ্রণের পর বাহাত্তরের সংবিধানের ১২ ও ৩৮ অনুচ্ছেদ ফিরে এলে যেকোনো দলকে আইন মেনে রাজনীতি করতে হবে। কোনো দল যদি এ দেশে রাজনীতি করতে চায়, নির্বাচনে অংশ নিতে চায়, তাহলে দলটির গঠনতন্ত্র ও নাম অবশ্যই সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। যদি তা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয় এবং দলটি যদি নিবন্ধিতও হয়, তাহলে নির্বাচন কমিশন সেটির নিবন্ধন বাতিল করবে।’ আজ বৃহস্পতিবার কথাগুলো বলেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।৩৯তম সংবিধান প্রবর্তন দিবস উপলক্ষে একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি আয়োজিত ‘বাহাত্তরের সংবিধানের বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় সংশোধনী’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আলোচনা সভায় একাধিক বক্তা সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিল করে দেওয়া রায়ের আলোকে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে আইনমন্ত্রী এসব কথা বলেন।আইনমন্ত্রী বলেন, ‘যদি কোনো নিবন্ধিত দলের গঠনতন্ত্র সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হয়, তাহলে ওই দলকে তা সংশোধনের জন্য সময় দেওয়া হবে। তাই আমরা বলতে পারছি না যে বাহাত্তরের সংবিধান ফিরে এলেই কোনো দলের নিবন্ধন বাতিল হবে। নির্বাচন কমিশনের দায়িত্ব এটা। কমিশনকে আইন মেনেই চলতে হবে।’আইনমন্ত্রী বলেন, ‘সংবিধানে বলা আছে, কোনো আইন এর সঙ্গে সাংঘর্ষিক হলে, তা বাতিল হবে। কিন্তু এটা আপনাআপনি বাতিল হবে না। এ জন্য আদালতের দৃষ্টি আকর্ষণ করে দরখাস্ত করতে হবে। আদালত তা দেখবে এবং বাতিল করে দেবে।’ তিনি বলেন, ‘ধর্ম নিয়ে আমরা বাড়াবাড়ি করতে চাই না। মহানবী (স.) বলেছেন, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি কোরো না। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে অতীতে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে। ধার্মিকদের বিষয়টি মনে রাখতে হবে। একজন সত্যিকারের মুসলমানকে মহানবী (স.)-এর কথা পালন করতে হবে।’আইনমন্ত্রী জানান, পুনর্মুদ্রিত সংবিধানের প্রথমে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা, মুজিবনগর সরকারের ঘোষণাপত্রের উল্লেখ থাকবে।আলোচনায় সভাপতির বক্তব্যে বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী বলেন, ‘আমরা বাহাত্তরের সংবিধান ফিরে পেয়েছি। সেটা যেমন অবস্থায় আছে, সেটার সংশোধন করা ধৃষ্টতা। কারণ, সেটা বঙ্গবন্ধুর নেতৃত্বে এসেছে। সেই সংবিধানে শুধু একটা অসংগতি আছে। বাংলাদেশে বাঙালি ছাড়াও অনেক জাতি আছে। সেই জাতিগুলোর কথা উল্লেখ নেই। যদি বলি, এখন সেই সংবিধান সংশোধন করতে হবে, তাহলে সেটা দেখতে হবে। আর তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা ছিল একটি অস্থায়ী ব্যবস্থা। এটা এখন থাকবে কি না, সে বিষয়েও চিন্তা করা দরকার।’ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের পরিচালক শাহদীন মালিক, খসড়া সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ও স্বাধীনতার ঘোষণাপত্রের রচয়িতা আমীর-উল ইসলাম, হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজের সভাপতি অধ্যাপক অজয় রায়, শাহরিয়ার কবির প্রমুখ বক্তব্য রাখেন।