রাজনৈতিক দলের নিবন্ধনে শর্তাবলি সংশোধন প্রশ্নে রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক দলের নিবন্ধনে কিছু শর্তাবলি যুক্ত করে গণপ্রতিনিধিত্ব আদেশে আনা সংশোধনী কেন সংবিধানবহির্ভূত ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেন। আইনসচিব, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিবকে রুলের জবাব দিতে বলা হয়েছে।সংশোধনীতে আনা শর্তের বৈধতা চ্যালেঞ্জ করে ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ রিট আবেদনটি করেন। আজ এর ওপর শুনানি হয়। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী গরীব নেওয়াজ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খোন্দকার দিলীরুজ্জামান। পরে খোন্দকার দিলীরুজ্জামান প্রথম আলো ডটকমকে বলেন, আদালত তিন সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলেছেন।যোগাযোগ করা হলে আইনজীবী গরীব নেওয়াজ বলেন, রাজনৈতিক দলের নিবন্ধনের ক্ষেত্রে ২০০৯ সালে গণপ্রতিনিধিত্ব আদেশে এবং চলতি বছর রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালায় কিছু সংশোধনী আনা হয়। গত ২৩ অক্টোবর ইসি আগ্রহী দল থেকে আবেদন আহ্বান করে গণবিজ্ঞপ্তিও দেয়। এসবের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়। সংশোধনীর শর্তে দলের নিবন্ধনের জন্য এক-তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর জেলা দপ্তর এবং অন্যূন ১০০ উপজেলা বা থানায় কার্যকর দপ্তর এবং প্রতি উপজেলায় বা থানায় অন্যূন ২০০ ভোটার সদস্য হিসেবে দলের তালিকাভুক্ত থাকার সমর্থনে প্রামাণিক দলিল থাকার কথা বলা হয়েছে। এটা সংবিধানের পরিপন্থী। আদালত ওই সংশোধনী ও গণবিজ্ঞপ্তির অংশবিশেষ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন।