সিইসির সঙ্গে ফার্নান্দেজের সাক্ষাৎ
রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ চলমান প্রক্রিয়া: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। সাক্ষাতের পর সিইসি সাংবাদিকদের বলেন, ‘জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে আগামী নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে। কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতিমূলক কাজের কথা উল্লেখ করা হয়েছে। কমিশনের প্রস্তুতিতে জাতিসংঘের প্রতিনিধি সন্তোষ প্রকাশ করেছেন।’আজ রোববার বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনের সচিবালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের সংলাপ এবং তাতে প্রধান বিরোধী দলের অংশ না নেওয়ার বিষয়ে অস্কার ফার্নান্দেজের সঙ্গে আলোচনা হয়েছে বলে কাজী রকিব জানান। তিনি বলেন, ‘আমরা বলেছি, রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ একটি চলমান প্রক্রিয়া। বিরোধী দল এলে আমরা তাদের সঙ্গেও বসব।’ তবে জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে নির্বাচনের পরিবেশ নিয়ে কোনো আলোচনা হয়নি বলে সিইসি জানান। তিনি বলেন, ‘বর্তমান রাজনৈতিক সরকারের আমলে অনেক নির্বাচন হয়েছে এবং সুষ্ঠুই হয়েছে। সে বিষয়টি জাতিসংঘ প্রতিনিধির কাছে তুলে ধরা হয়েছে। সাক্ষাতের সময় সিইসির সঙ্গে কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিক উপস্থিত ছিলেন। তবে চার কমিশনার আবু হাফিজ, আবদুল মোবারক, জাবেদ আলী ও মোহাম্মদ শাহনেওয়াজ উপস্থিত ছিলেন না।