রাজনৈতিক দলের হিসাব প্রকাশে কমিশনের অপারগতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর জমা দেওয়া আয়-ব্যয় ও সম্পদের হিসাব প্রকাশ করবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন।তথ্য অধিকার আইনের আওতায় এই প্রতিবেদক নির্বাচন কমিশনের কাছে দলগুলোর আয়-ব্যয়ের হিসাব জানতে চান। জবাবে কমিশন এক আনুষ্ঠানিক চিঠিতে জানায়, আয়-ব্যয়ের এই হিসাব দলগুলোর নিজস্ব সম্পদ বা দলিল। এই হিসাব প্রকাশ করার এখতিয়ার কমিশনের নেই।তবে বিশেষজ্ঞদের মতে, তথ্য দিতে অপারগতা জানানোর ক্ষেত্রে নির্বাচন কমিশন তথ্য অধিকার আইন সঠিকভাবে অনুসরণ করেনি।সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, এরই মধ্যে ২০১০ সাল শেষ হয়ে গেলেও কমিশন এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলোর ২০০৯ সালের হিসাবই পর্যালোচনা করেনি। অথচ আগামী ছয় মাসের মধ্যে দলগুলো আরেক বছরের হিসাব জমা দেবে। সূত্র জানায়, ২০০৯ সালের হিসাব কীভাবে পরীক্ষা-নিরীক্ষা হবে, সে জন্য কমিশন একটি খসড়া দিকনির্দেশনা তৈরি করেছে। কিন্তু সেই দিকনির্দেশনা কমিশন এখন পর্যন্ত চূড়ান্ত করতে পারেনি। রাজনৈতিক দলের নিবন্ধন বিধিমালা অনুযায়ী, প্রতিবছরের ৩১ জুলাইয়ের মধ্যে দলগুলোকে আগের বছরের (পঞ্জিকা বছর) আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হবে। গণপ্রতিনিধিত্ব আদেশের বিধান অনুযায়ী, কোনো দল পরপর তিন বছর এ হিসাব জমা দিতে ব্যর্থ হলে সেই দলের নিবন্ধন বাতিল হবে। এ বিধান মেনে ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দল ২০১০ সালের আগস্টের (বর্ধিত সময়সীমা) মধ্যে ২০০৯ পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দেয়। কিন্তু কোন দল কত টাকার হিসাব জমা দিয়েছে, সে তথ্য কমিশন প্রকাশ করেনি। ২০১০ সালের জুলাই-আগস্টে কমিশন থেকে একাধিকবার সাংবাদিকদের জানানো হয়েছিল, দলগুলোর আয়-ব্যয়ের হিসাব নিবন্ধিত অডিট প্রতিষ্ঠান দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করিয়ে, তা কমিশনের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে। গত ২৯ ডিসেম্বর এই প্রতিবেদক আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীর ২০০৯ সালের আয়-ব্যয়ের হিসাব চেয়ে কমিশনে আবেদন করেন। এর জবাবে ১৮ জানুয়ারি কমিশনের পক্ষ থেকে প্রতিবেদককে চিঠি দিয়ে বলা হয়, ‘যেহেতু রাজনৈতিক দলগুলোর আয়-ব্যয়ের হিসাব তাদের নিজস্ব সম্পদ বা দলিল এবং যেহেতু তাদের আয়-ব্যয়ের হিসাব অন্য কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গকে দেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই; সেহেতু দয়া করে আপনার প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর নিকট হতে আয়-ব্যয় সংক্রান্ত তথ্য সংগ্রহ করার জন্য পরামর্শ প্রদান করা হল।’ তথ্য অধিকার আইন, ২০০৯-এর বিধানে বলা আছে, ‘কর্তৃপক্ষের নিকট থেকে প্রত্যেক নাগরিকের তথ্য লাভের অধিকার থাকবে এবং নাগরিকের অনুরোধের প্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবে। তবে রাষ্ট্রের নিরাপত্তা; আন্তর্জাতিকভাবে কারো সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা; তৃতীয় পক্ষের ক্ষতির আশঙ্কা, কোনো তথ্য প্রকাশ করলে বিশেষ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের লাভ বা ক্ষতি হলে; আইন দ্বারা সংরক্ষিত কোনো ব্যক্তির তথ্য এবং বিচারাধীন বিষয়সহ আরও বেশ কিছু বিষয়ের তথ্য প্রকাশ করা বাধ্যতামূলক নয়।’এ ব্যাপারে জানতে চাইলে নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন প্রথম আলোকে বলেন, ‘আমরা প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলাম, রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ করা হবে। কিন্তু তৃতীয় পক্ষের তথ্য হওয়ায় পরবর্তীতে কমিশন এ হিসাব প্রকাশ না করার সিদ্ধান্ত নেয়।’এই বিষয়ে কিছুটা ভিন্নমত পোষণ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান প্রথম আলোকে বলেন, দলগুলো কমিশনে যে হিসাব জমা দিয়েছে, সেটা আর্থিক বছরের করযোগ্য কোনো হিসাব নয়। তারা স্বচ্ছতার জন্য পঞ্জিকা বছরের হিসাব জমা দিয়েছে। তা ছাড়া কমিশনে জমা পড়ার পর ওই হিসাব জনগণের সম্পত্তিতে পরিণত হয়েছে। তাই এটি কোনো গোপন বিষয় নয়। তিনি বলেন, ‘এ হিসাব প্রকাশ করা না হলে তথ্য অধিকার আইনটি কাগুজে আইনে পরিণত হবে এবং দলগুলোর হিসাব নেওয়াটাও অর্থহীন হয়ে যাবে। প্রশ্ন উঠবে, রাজনৈতিক দলের কাছ থেকে হিসাব কেন নেওয়া হয়েছে?’প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির বলেন, তৃতীয় পক্ষের তথ্য হলে সেই তথ্য আবেদনকারীকে সরবরাহ করা যাবে কি না, তা জানার জন্য তৃতীয় পক্ষকে নোটিশ পাঠাতে হবে। এরপর তথ্য দেওয়া যাবে কি যাবে না, তা আবেদনকারীকে জানাতে হবে। তিনি বলেন, কোনো প্রতিষ্ঠান তথ্য প্রকাশে অপারগ হলে তা ১০ কার্যদিবসের মধ্যে আবেদনকারীকে নির্ধারিত ফরমের মাধ্যমে জানাতে হবে। এ ছাড়া আইনের কোন ধারা অনুযায়ী তিনি তথ্য প্রদানে অপারগতা জানিয়েছেন, তা-ও উল্লেখ করতে হবে। কিন্তু নির্বাচন কমিশন সূত্র জানায়, রাজনৈতিক দলের আয়-ব্যয়ের তথ্য না দেওয়াসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের আগে কমিশন তৃতীয় পক্ষকে (রাজনৈতিক দল) নোটিশ পাঠায়নি। এমনকি তথ্য না দেওয়ার বিষয়টিও ১০ কার্যদিবসের মধ্যে আবেদনকারীকে জানায়নি। তথ্য না দেওয়ার ক্ষেত্রে আইনের কোন ধারা প্রযোজ্য হয়েছে, তা-ও উল্লেখ করেনি।