রাজনৈতিক দ্বন্দ্বের সূচনায় টিআইবির উদ্বেগ
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) গণতান্ত্রিক চেতনায় ও পারস্পরিক আলোচনার মাধ্যমে সমাধান অর্জনের আহ্বান জানিয়েছে।২০১৩ সালের জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক এবং সবার কাছে গ্রহণযোগ্য করার স্বার্থে টিআইবির বার্ষিক সভার এক ঘোষণায় এ আহ্বান জানানো হয়। সভায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বিলসহ বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে রাজনৈতিক দ্বন্দ্বের সূচনায় উদ্বেগ প্রকাশ করা হয়।গতকাল রোববার টিআইবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সংগঠনের সদস্যরা ‘বাংলাদেশের জনগণ জাতি হিসেবে বাঙালি’ বলে পরিচিত হবেন মর্মে পঞ্চদশ সংবিধান সংশোধনের প্রস্তাবিত বিলেরও প্রতিবাদ জানিয়েছেন। টিআইবির সদস্যদের মতে, বাংলাদেশের সব জনগণকে ‘বাঙালি’ আখ্যায়িত করা বাস্তবতার অস্বীকার ও দেশে অবস্থানরত অন্যান্য জাতিগোষ্ঠীর মৌলিক অধিকার হরণের সমতুল্য। এ প্রেক্ষাপটে তাঁরা এই নেতিবাচক সংশোধনী প্রত্যাহারের দাবি জানান।বাংলাদেশে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ, সুশাসন ও জাতি-ধর্ম-বর্ণ বা অন্য যেকোনো পরিচয়-নির্বিশেষে সব মানুষের সম-অধিকার প্রতিষ্ঠা করা; বিভিন্ন জাতি ও ধর্মভিত্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় অন্তরায় হতে পারে বা ধর্মভিত্তিক রাজনীতিকে উৎসাহিত করতে পারে, এমন কিছু রহিতকরণ এবং সব আদিবাসী জনগোষ্ঠীর মৌলিক অধিকারের সাংবিধানিক স্বীকৃতির দাবিও জানানো হয় ওই সভায়।বার্ষিক সভায় টিআইবির সদস্যরা সরকারঘোষিত চলতি বাজেটে কালো টাকা সাদা করার পক্ষে বিভিন্ন মহলের তৎপরতায় উদ্বেগ প্রকাশ করেন। তাঁদের মতে, কালো টাকা সাদা করার বিধান নৈতিকভাবে অগ্রহণযোগ্য ও বৈষম্যমূলক, রাজস্ব সংগ্রহের বিবেচনায় অর্থহীন এবং সর্বোপরি তা সরকারের নির্বাচনী অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক। এ প্রেক্ষাপটে তাঁরা কালো টাকা সাদা করার সুযোগ রাখতে হলে সে ক্ষেত্রে সর্বনিম্ন ২৫ থেকে ৫০ শতাংশে করারোপ করার পরামর্শ দেন।টিআইবির চেয়ারপারসন সুলতানা কামালের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন টিআইবি ট্রাস্টি বোর্ডের সদস্য এম হাফিজউদ্দিন খান। সভা সঞ্চালনা করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।