মানবতাবিরোধী অপরাধের বিচার: গোলাম আযমের আইনজীবীর দাবি
রাজনৈতিক নেতাকে ঊর্ধ্বতন কর্মকর্তা বলা যায় না
জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার যুক্তি উপস্থাপনকালে আসামিপক্ষ দাবি করেছে, গোলাম আযমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ সংঘটনে ঊর্ধ্বতন নেতৃত্বের দায় আনা যায় না। কারণ, রাজনৈতিক দলের নেতাকে ঊর্ধ্বতন কর্মকর্তা বলা যায় না।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই যুক্তি উপস্থাপন চলছে। গোলাম আযমের বিরুদ্ধে আনীত ঊর্ধ্বতন নেতৃত্বের দায় বিষয়ে গতকাল যুক্তি উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবী ইমরান এ সিদ্দিক। শারীরিক কারণে গোলাম আযমকে ট্রাইব্যুনালে হাজির করা হয়নি।১৮ মার্চ ঊর্ধ্বতন নেতৃত্বের দায় বিষয়ে এক ঘণ্টা যুক্তি দেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তুরিন আফরোজ। এর পরিপ্রেক্ষিতে গতকাল আসামিপক্ষের জন্য এক ঘণ্টা বরাদ্দ থাকলেও প্রায় সারা দিনই যুক্তি দেন ইমরান সিদ্দিক। যুক্তিতে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ৪(২) ধারাটি সামরিক বাহিনীর সদস্যদের জন্য প্রযোজ্য। এ ধারায় বলা হয়েছে, ‘কমান্ডার’ অথবা ‘সুপিরিয়র অফিসার’...। ‘কমান্ডার’ শব্দটি সামরিক বা আধাসামরিক বাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য হবে, এ বিষয়টি রাষ্ট্রপক্ষও বলেছে। কিন্তু একটি রাজনৈতিক দলের নেতাকে ‘সুপিরিয়র অফিসার’ বলা যায় না। উদাহরণ দেখিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি আওয়ামী লীগের ‘সুপিরিয়র অফিসার’ বলা হয়, তাহলে সেটা হাস্যকর বিষয় হবে। রাষ্ট্রপক্ষের কোনো সাক্ষীও তাঁদের সাক্ষ্যে গোলাম আযমকে জামায়াতের ঊর্ধ্বতন কর্মকর্তা উল্লেখ করেননি। রাষ্ট্রপক্ষের দাখিল করা নথিতেও বিষয়টি পাওয়া যায় না।১৮ মার্চ রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের সময় ট্রাইব্যুনাল প্রশ্ন করেছিলেন, আইনের ৪(২) ধারা শুধু সামরিক বাহিনীর সদস্যদের জন্য প্রযোজ্য, এমন মনে হয় কি না? এ প্রশ্নের জবাবে তুরিন আফরোজ বলেছিলেন, না। আইনে উল্লিখিত ‘কমান্ডার’ শব্দটি শুধু সামরিক বা আধাসামরিক বাহিনীর ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে, কিন্তু ‘সুপিরিয়র অফিসার’ মানে ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি সামরিক বাহিনীতে থাকতে পারেন, বেসামরিক কর্মকর্তাও হতে পারেন।যুক্তিতে ইমরান সিদ্দিক আরও বলেন, আইনের ৪(২) ধারা অনুসারে অপরাধের দায়ভার তখনই আসামির ওপর বর্তাবে, যখন তাঁর আদেশ বা অনুমতি দেওয়ার, শাস্তি দেওয়ার প্রভৃতি ক্ষমতা থাকবে। গোলাম আযম জামায়াতের আমির ছিলেন, তাঁর পক্ষে কীভাবে আলবদর বা রাজাকার বাহিনীর সদস্যদের কার্যক্রম নিয়ন্ত্রণ করা বা তাদের শাস্তি দেওয়া সম্ভব?ট্রাইব্যুনাল প্রশ্ন করেন, যদি জামায়াতের কোনো সদস্য রাজাকার বা আলবদর বাহিনীতে যোগ দিয়ে অপরাধ করে, তাহলে কি গোলাম আযম ওই সদস্যকে শাস্তি দিতে পারবেন না? তাঁকে হয়তো তিনি জেল-জরিমানা করতে পারবেন না, কিন্তু সদস্যপদ বাতিল করতে বা দল থেকে বহিষ্কার করতে তো পারবেন? আসামিপক্ষের আইনজীবী জবাবে বলেন, না। কেননা, জামায়াতের সদস্য থাকা অবস্থায় কোনো অপরাধ করলে গোলাম আযম তাকে শাস্তি দিতে পারতেন। কিন্তু ওই সদস্য যখন অন্য বাহিনীতে যোগ দিচ্ছে, তখন তার ওপর আর গোলাম আযমের নিয়ন্ত্রণ থাকছে না। এ জন্য তাঁর পক্ষে ওই সদস্যকে আর শাস্তি দেওয়া সম্ভব নয়।বিকেলে আসামিপক্ষ ঊর্ধ্বতন নেতৃত্বের দায় বিষয়ে যুক্তি উপস্থাপন শেষ করে। আজ বৃহস্পতিবার আসামিপক্ষ আবার তাদের নিয়মিত যুক্তি উপস্থাপন করবে।