রাজনৈতিক পরিচয়ের ‘দালালেরা’ শ্রমবাজারের নিয়ন্ত্রক!
আলমগীর হোসেন, রেজাউল করিম, মকবুল হোসেন ওরফে মুকুল, রাশেদ বাদল, লিটন গাজী ও মোহাম্মদ আমিন। মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের কাছে তাঁরা পরিচিত শীর্ষস্থানীয় আদম ব্যাপারি বা ‘দালাল’ হিসেবে। সর্বশেষ কলিং ভিসার সময় বাংলাদেশ থেকে শ্রমিক আনার নামে চাহিদাপত্র বিক্রি করে কোটি কোটি টাকা আয়ের অভিযোগ রয়েছে এসব ব্যক্তির বিরুদ্ধে। এঁরা আওয়ামী লীগের মালয়েশিয়া শাখার নেতা হিসেবেও পরিচিত। বাংলাদেশ হাইকমিশনে এখন তাঁদের অবাধ যাতায়াত। দেশ থেকে কোনো মন্ত্রী-আমলা এলে তাঁদের সঙ্গে শ্রমবাজারের ভবিষ্যৎ নিয়ে আলোচনাও করেন তাঁরা।মালয়েশিয়ায় বাংলাদেশি আরও কয়েকজন বড় আদম ব্যবসায়ী (জনশক্তি আমদানিকারক) আছেন। এঁদের মধ্যে বাদেলুর রহমান, মাহবুব শাহ, মোশাররফ হোসেন ও বাবুল উল্লেখযোগ্য। বিএনপির সরকারের সময় এঁরাই মূলত মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিক রপ্তানির ‘বাণিজ্য’ নিয়ন্ত্রণ করতেন বলে অভিযোগ রয়েছে। তবে সরকার পরিবর্তন হওয়ায় এখন বিএনপিপন্থী এসব ব্যক্তির সেই দাপট নেই।দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় আছেন, এমন অনেক প্রবাসী প্রথম আলোকে বলেন, শীর্ষস্থানীয় এই আদম ব্যবসায়ীদের বেশির ভাগ দুই দশক আগে শ্রমিক হিসেবে এখানে আসেন। তাঁদের কারণেই প্রায় চার লাখ বাংলাদেশি এখন সমস্যায় পড়েছেন। এই অভিযোগ শীর্ষস্থানীয় আদম ব্যবসায়ীদের সবাই অস্বীকার করে বলেছেন, পদ্ধতিগত ত্রুটির কারণেই এই সমস্যা হয়েছে।আওয়ামী লীগ ও বিএনপির নেতাদের বাইরে শংকর পোদ্দার নামের একজনের বিরুদ্ধেও জনশক্তি আমদানির নামে কোটি টাকা আয় এবং শ্রমিক নির্যাতনের অভিযোগ আছে। প্রবাসীদের অভিযোগ, কলিং ভিসার সময় কাজ না পেয়ে কোম্পানি ছেড়ে চলে আসায় সেরামবাগ প্রদেশের পোর্ট ডিকসন এলাকায় বাংলাদেশি অনেক শ্রমিককে তিনি নির্যাতন করেন। হাইকমিশনের সাবেক শ্রম কাউন্সিলর তালাত মাহমুদের নেতৃত্বে গঠিত একটি ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মহাসচিব ছিলেন শংকর। এই সংগঠনের ২২ জনের বেশির ভাগই ছিলেন দালাল।সূত্র জানায়, মালয়েশিয়ায় বাংলাদেশের সাবেক হাইকমিশনার ও বঙ্গবন্ধু হত্যা মামলার আসামি খায়রুজ্জামানের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন শংকর। তবে মহাজোট সরকার ক্ষমতায় আসার পর তিনি নিজেকে আওয়ামী লীগার বলে পরিচয় দিচ্ছেন।শংকর পোদ্দার দাবি করেন, ‘আমি কোনো শ্রমিক এনে সমস্যা সৃষ্টি করেছি, এ কথা কেউ বলতে পারবে না। তবে সে সময় যাঁরা এই ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন, তাঁদের প্রত্যেকেরই কম-বেশি সমস্যা ছিল। সংগঠনের মহাসচিব হিসেবে আমি দূতাবাসের সবার সঙ্গে মিলে শ্রমিকদের স্বার্থ দেখার চেষ্টা করেছি।’ তিনি বলেন, আসলে বড় বিষয় হলো মালয়েশিয়ার শ্রমবাজারে কোনো নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ ছিল না। এসব না করে বাজার আবার খুললেও একই সমস্যা হবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানকে দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে।অভিযোগ আছে, দূতাবাসের বিভিন্ন অনুষ্ঠানে এসব আদম ব্যাপারিকে আমন্ত্রণ জানানো হয়। এ বিষয়ে জানতে চাইলে কুয়ালালামপুরে বাংলাদেশের হাইকমিশনার এ কে এম আতিকুর রহমান বলেন, ‘অভিযোগ সত্য নয়। তবে দূতাবাসের বাইরে রাজনৈতিক কোনো অনুষ্ঠানে তাঁরা মন্ত্রীদের সঙ্গে থাকলে দূতাবাসের কিছু করার নেই।’আওয়ামী লীগপন্থী যাঁরা: গণপ্রতিনিধিত্ব আদেশ আইন (আরপিও) অনুযায়ী কোনো রাজনৈতিক দলের বিদেশে কমিটি থাকতে পারবে না। এর পরও আওয়ামী লীগের মালয়েশিয়া শাখার সভাপতি পরিচয়ে বিভিন্ন অনুষ্ঠানে থাকেন আলমগীর হোসেন। ২০০৬ সালে মালয়েশিয়া আবার বাংলাদেশের জন্য শ্রমবাজার চালু করলে তিনি বিএনপির একাংশের সভাপতি বাদেলুর রহমানের সঙ্গে ব্যবসা করেন। বিভিন্ন কোম্পানির ভিসা কিনে দেশে নিয়ে অনেক বেশি দামে বিক্রি করারও অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে।২০০৯ সালের মে মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মালয়েশিয়া সফরকালে কুয়ালালামপুরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আলমগীর। সম্প্রতি বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেনের সফরকালে শ্রমবাজারের নানা সমস্যা নিয়ে আয়োজিত আলোচনায় মন্ত্রীর পাশেই ছিলেন তিনি।আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, কলিং ভিসার সময় মালয়েশিয়া সরকার যাচাই-বাছাই করে অনুমোদন না দেওয়ায় পরের দিকে সমস্যা হয়েছে। অতিরিক্ত লোক তো আপনারাই এনেছেন—এ অভিযোগের ব্যাপারে তিনি বলেন, ‘সে সময় আমরা চেয়েছিলাম বাংলাদেশের বেকার লোকজন চাকরি পাক। তাই বিদেশে আসুক।’ তিনি বলেন, ‘প্রবাসীকল্যাণমন্ত্রীর সম্মানে মালয়েশিয়া আওয়ামী লীগের পক্ষ থেকে আয়োজিত নৈশভোজে শ্রমবাজারের নানা সমস্যা নিয়ে কথা হয়েছে।’মালয়েশিয়া শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে পরিচিত রেজাউল করিম একটি জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক শ্রমিক আনেন। অভিযোগ আছে, এই প্রতিষ্ঠানের পাঠানো অনেক শ্রমিক চুক্তি অনুযায়ী বেতন পাননি। এ অভিযোগ অস্বীকার করে রেজাউল প্রথম আলোকে বলেন, ‘সে সময় হাওয়া ভবনের নেতৃত্বে একটি চক্র দূতাবাসের সহায়তায় সব অনিয়ম করেছিল। তারাই বাজার নিয়ন্ত্রণ করত। আমরা অনেকেই সেই চক্র ভেঙে কাজ করার চেষ্টা করেছি।’আওয়ামী লীগের মালয়েশিয়া শাখার সহসভাপতি মকবুল হোসেন সে সময় প্রচুর চাহিদাপত্র বিক্রি করেন।অভিযোগ আছে, আওয়ামী লীগের পরিচয়ধারী আরেক আদম ব্যাপারী মোহাম্মদ আমিন কলিং ভিসায় প্লান্টেশন খাতে ১০ থেকে ১২ হাজার শ্রমিক এনেছিলেন। কাজ দিতে না পারায় তাঁদের বিভিন্ন জায়গায় বেচাকেনা করেন। এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।জানা যায়, কলিং ভিসার সঙ্গে মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ বাদল এবং শ্রমিক লীগের সভাপতি বলে পরিচিত লিটন গাজীও যুক্ত ছিলেন। রাশেদ বাদল বলেন, অনেকেই ঠিকভাবে ব্যবসা করেনি, এটি সত্যি। তবে তাঁর বিরুদ্ধে কেউ অভিযোগ করতে পারবে না। একশ্রেণীর লোক এই ব্যবসা নষ্ট করেছে। এদের বিচার করা উচিত।লিটন গাজী বলেন, কলিং ভিসার সময় যত অন্যায় হয়েছে, তার সঙ্গে বিএনপির লোকজন জড়িত ছিলেন। বিচার করলে তাদের বিচার করতে হবে।এঁদের বাইরেও রয়েছেন আওয়ামী লীগের সহসভাপতি আবু হানিফ, ওয়াহিদুর রহমান ও হুমায়ুন। দুই থেকে আড়াই লাখ টাকা নিয়ে মালয়েশিয়া এনে কাজ না দেওয়ায় ক্ষুব্ধ শ্রমিকেরা হুমায়ুনের মাথায় গরম পানি ঢেলে দিয়েছিলেন বলে জানান প্রবাসীরা।বিএনপিপন্থী যাঁরা: মালয়েশিয়ায় বিএনপির একাংশের সভাপতি বাদেলুর রহমান হাওয়া ভবনের ঘনিষ্ঠ বলে পরিচিত। হাওয়া ভবনের এক নেতার সহায়তায় তিনি সে সময় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মালয়েশিয়ার জিএসএ (জেনারেল সেলস্ এজেন্ট) হন। কলিং ভিসা চালু হলে সে সময় বাগেরহাটের বিএনপিদলীয় সাবেক এক সাংসদ ও তিনি হাইকমিশনের সহযোগিতায় ৪০ হাজার শ্রমিক আনার কাজ নেন। সেই কাজ তাঁরা চড়া দামে ঢাকার রিত্রুদ্ধটিং এজেন্সিগুলোর কাছে বিক্রি করেন। এই শ্রমিকদের বেশির ভাগই মালয়েশিয়া এসে কাজ পাননি। দেশে ফিরে অনেকে বিক্ষোভও করেন।কলিং ভিসাসহ নানা অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাদেলুর রহমান প্রথম আলোকে বলেন, ‘এসব বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে চাইলে অফিসে আসুন।’বিএনপির আরেক অংশের সভাপতি মাহবুব শাহর বিরুদ্ধেও কলিং ভিসার সময় বেশি দামে চাহিদাপত্র বিক্রির অভিযোগ আছে। তিনি প্রথম আলোকে বলেন, ‘এটি সত্যি মালয়েশিয়া বিএনপির নেতা দাবিদার একজন আরও অনেককে নিয়ে এসব করেছেন। তবে সে সময় আওয়ামী লীগ-বিএনপি বলে কিছু ছিল না। সবাই একসঙ্গে মিলে কাজ হয়েছে। তবে আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম সরকারিভাবে লোক আসুক। সেটি হলে অনেক শ্রমিককে সর্বস্বান্ত হতে হতো না।’বিচার চান প্রবাসীরা: প্রবাসীদের অভিযোগ, কলিং ভিসার সময় চিহ্নিত এই দালালেরা চাহিদাপত্র বিক্রি করে বিপুল অর্থ কামিয়েছেন। ১০০ জনের জায়গায় এক হাজার লোক এনেছেন। অন্যদিকে শ্রমিকেরা দুই থেকে আড়াই লাখ টাকা খরচ করে এসেও কাজ পাননি। দিনের পর দিন না খেয়ে মালয়েশিয়ার রাস্তায় ঘুরেছেন। সেতুর নিচে ঘুমিয়েছেন। তাই এঁদের বিরুদ্ধে সরকারের ব্যবস্থা নেওয়া উচিত।নাম প্রকাশে অনিচ্ছুক কোতারিয়া এলাকার বাংলাদেশি এক ব্যবসায়ী বলেন, ‘কলিং ভিসা দুর্নীতির সঙ্গে মালয়েশিয়ার কয়েকজন সরকারি কর্মকর্তা জড়িত ছিলেন। তাঁদের গ্রেপ্তার করে এ দেশের সরকার বিচার করছে। মালয়েশিয়ার অভিবাসন অধিদপ্তরের মহাপরিচালক ওয়াহিদও গ্রেপ্তার হয়েছেন। বাংলাদেশেরও একই দৃষ্টান্ত স্থাপন করা উচিত।’