রাজনৈতিক পরিস্থিতির জন্য খালেদা ছেলেদের দেখতে যাচ্ছেন না: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করেই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর ছেলেদের দেখতে দেশ ছেড়ে যাচ্ছেন না বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খালেদা জিয়া তাঁর দুই ছেলেকে দেখতে বিদেশ না-যাওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের সমালোচনায় তিনি এ কথা বলেন। আজ বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।মির্জা ফখরুল বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেও একজন মা, অন্য একজন মা ও তাঁর সন্তানদের নিয়ে এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া উচিত নয়।’ প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করছেন বলেও তিনি অভিযোগ করেন। তিনি বলেন, তাঁরা দেশে কোনো কিছু ঘটলেই বিএনপির ওপর দায় চাপিয়ে নিজেদের ব্যর্থতা ঢাকার চেষ্টা করছেন। মির্জা ফখরুল বলেন, ২১ আগস্টের গ্রেনেড হামলা নিয়ে সরকারের বক্তব্য সুষ্ঠু বিচারপ্রক্রিয়াকে বাধাগ্রস্ত করবে। এ ধরনের বক্তব্য মামলার তদন্তে প্রভাব ফেলতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।