রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় যশোরের ৩৩ সন্ত্রাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনীতির মতো যশোরের অপরাধজগত্ এখন কার্যত দুই ভাগে বিভক্ত। এক পক্ষকে আওয়ামী লীগের জেলা শাখার সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার এবং আরেক পক্ষকে সদর আসনের সরকারি দলের সাংসদ খালেদুর রহমান টিটোর দুই ছেলে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। ফলে এসব সন্ত্রাসীর বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারছে না পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তা এবং স্থানীয় বিভিন্ন সূত্রের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, বিএনপি-সমর্থিত সন্ত্রাসীদের বেশির ভাগই এলাকাছাড়া। এখন আওয়ামী লীগের দুই পক্ষের নিয়ন্ত্রণে থাকা শহরের চিহ্নিত ৩৩ সন্ত্রাসী এখানকার অপরাধজগতের বড় পান্ডা। ওই কর্মকর্তারা জানান, রাজনৈতিক ছত্রচ্ছায়ায় থেকে এসব সন্ত্রাসী বাহিনী নিজ নিজ এলাকায় সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজি ও বখরার বিনিময়ে মাদক ব্যবসার পৃষ্ঠপোষকতা ছাড়া ভাড়াটে খুনি হিসেবেও কাজ করে। তাদের ধরলেই যশোরের পরিস্থিতি ঠিক হয়ে যাবে। চিহ্নিত এসব সন্ত্রাসীর একটি তালিকাও করেছে একটি গোয়েন্দা সংস্থা। চাকলাদারের পৃষ্ঠপোষকতায় ২২ জন: সংশ্লিষ্ট সূত্র থেকে পাওয়া সন্ত্রাসীদের তালিকায় দেখা যায়, উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদারের নিয়ন্ত্রণে রয়েছেন ২২ জন সন্ত্রাসী। তাঁরা হলেন—দাঁতাল বাবু (বাড়ি আরবপুর), বাঁশি রিপন (পুরাতন কসবা), হাঁস সোহেল (মাইকপট্টি) টাক শিপন (কাঁঠালতলা), ডোল রফিক (কাঁঠালতলা), বুনো আসাদ (বেজপাড়া), ভেড়া শাকিল (বেজপাড়া), নবাব (লেবুতলা), উপল (পুরাতন কসবা), মিন্টু, হাফিজ, ফিরোজ (কাজীপাড়া), আমিরুল ইসলাম ওরফে শান্ত, মামুন ও হালিম (আর এন রোড) এবং ফিঙে লিটন, ডিম রিপন, ফুলু, মিঠু, সেতু, জিতু ও ভুট্টো (বারান্দিপাড়া)। পুলিশ সূত্র জানায়, তাঁদের মধ্যে বাঁশি রিপনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অস্ত্র-বিস্ফোরক ও সন্ত্রাসের চারটি মামলা রয়েছে। তিনি জেলা পুলিশের খাতায় ৫৫ নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী। দুর্ধর্ষ টাক শিপন ও উপল সম্প্রতি ছাত্রলীগের সম্মেলনে বোমা হামলা ও সহিংস ঘটনায় গ্রেপ্তার হন। সেতু ও জিতু খুনের মামলায় গ্রেপ্তার হয়েছেন। উপলের বিরুদ্ধে খুন ও চাঁদাবাজির আট মামলার আসামি। তিনি পুলিশের খাতায় ২৭ নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী। ছাত্রলীগের নেতা শান্ত-মামুন-হালিমের নেতৃত্বাধীন পক্ষটি আর এন রোডের ফেনসিডিল ব্যবসার বড় নিয়ন্ত্রক। তাদের আছে একটি ছিনতাইকারী চক্র। শান্ত বিভিন্ন সময় ধর্ষণ, ছিনতাই মামলায় একাধিকবার গ্রেপ্তারও হন। বুনো আসাদ ৩৬ নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী ও হত্যা-ছিনতাই-চাঁদাবাজির সাত মামলার আসামি। ভেড়া শাকিল ৪৯ নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী। ফিঙে লিটন মূলত পেশাদার খুনি। আগে যুবদলের সঙ্গে ছিলেন। পরে আওয়ামী লীগের নেতাদের আশ্রয়ে চলে যান। তিনি সম্প্রতি ভারতে গ্রেপ্তার হয়েছেন। সন্ত্রাসী পোষার অভিযোগ সম্পর্কে শাহীন চাকলাদার প্রথম আলোকে বলেন, ‘প্রতিটি দলেই কিছু সাহসী ছেলে থাকে, তাদের দলীয় ক্যাডার বলা হয়। আমাদের দলেও ক্যাডার আছে। তবে তারা আদর্শগত ক্যাডার, দলের পদ-পদবি ধারণ করে।’ তিনি বলেন, দলীয় ক্যাডার এক জিনিস আর পেশাদার সন্ত্রাসী আরেক জিনিস। আমাদের সঙ্গে কোনো পেশাদার সন্ত্রাসী নেই।’ তিনি অভিযোগ করেন, গত নির্বাচনের আগে সাংসদ খালেদুর রহমান পেশাদার সব সন্ত্রাসী বাহিনীকে হাত করেন। কুখ্যাত হাসান সিন্ডিকেটের প্রধান হাসান, তাঁর ভাই মিজান (গত বছর ক্রসফায়ারে নিহত) সাংসদের বাড়িতে যাতায়াত করতেন। এখন তাঁদের গ্রুপের রুহুল সেখানে যাতায়াত করেন।সাংসদের পৃষ্ঠপোষকতায় ১১ জন: গোয়েন্দা তালিকা অনুযায়ী, সাংসদ খালেদুর রহমানের পক্ষে তত্পর ১১ সন্ত্রাসী। তাঁরা হলেন—রেলগেট এলাকার মুরগি বাবলু (তাঁর পক্ষ সাম্প্রতিক সহিংসতায় যুক্ত), খড়কি, ষষ্ঠীতলার শিকদার, দ্বীপ, প্রদীপ ঘোষ (গ্রেপ্তার) ও শিশির ঘোষ (গ্রেপ্তার), মাহবুবুল আলম ওরফে ম্যানসেন (৮৫ নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী), রইসুল (মাদকসম্রাট হিসেবে পরিচিত), ডিকো (গ্রেপ্তার), রায়পাড়ার তোতা, মিন্টু (গ্রেপ্তার আছে), মিশনপাড়ার ফরিদ। তাঁদের প্রত্যেকেরই বাহিনী রয়েছে। এর মধ্যে প্রদীপ ও শিশির গত বছর ২৪ সেপ্টেম্বর শহরে এক আওয়ামী লীগ নেতার দশম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে অপহরণ করে আটকে রেখে গণধর্ষণ করেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিলে পুলিশ ছয় দিন পর অপহূতকে উদ্ধার করে এবং এ দুজনকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধে এমন আরও অনেক ধর্ষণ ও অপহরণের মামলা রয়েছে বলে পুলিশ সূত্র জানায়।এ ছাড়া এখন যশোর শহরে উঠতি সন্ত্রাসীদের উত্পাত সম্পর্কে ছাত্রলীগের স্থানীয় এক নেতা বলেন, ‘চিহ্নিত সন্ত্রাসীদের তো চিনি। কিন্তু এসব অল্প বয়সী টোকাই সন্ত্রাসীদের ভালোভাবে চিনি না। এরা মাদকাসক্ত। পকেটে ছোট ছুরি বা গাছি দা (খেজুর গাছ চিলার ধারালো ছোট দা) কোমরে নিয়ে ঘোরে। তুচ্ছ ঘটনায় মানুষ খুন করে বসে। তাদেরই বেশি ভয় কখন কাকে আক্রমণ করে বসে।’অভিযোগ রয়েছে, এসব টোকাই সন্ত্রাসীই গত ১৩ মার্চ ছাত্রলীগের সম্মেলনে হামলায় ব্যবহূত হয়েছে। তাদের পৃষ্ঠপোষকতা দেওয়ার প্রধান অভিযোগ সাংসদের মেজো ছেলে খালেদ হাসান ওরফে জিউসের বিরুদ্ধে।জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার প্রথম আলোকে বলেন, ‘জিউস ভারত থেকে দুই দিকে ধারালো ৭০টি ছোরা আনিয়েছেন। এসব ছুরি পাড়া-মহল্লার টোকাই সন্ত্রাসীদের দিয়েছেন। ওই ছুরিতেই গত বুধবার রমজান খুন হয়েছেন।’ তিনি বলেন, তাঁরা মনে করেন, অস্ত্র-বোমাসহ ধরা পড়লে বিপদ, তাই ছুরি ও গাছি দায়ের ব্যবহার বাড়িয়েছে।তবে সাংসদ খালেদুর রহমান এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ওরা সন্ত্রাস করে আমার ওপর দোষ চাপাচ্ছে।’ তিনি পাল্টা অভিযোগ করেন, তালিকাভুক্ত সন্ত্রাসী ও পেশাদার খুনিরা সব শাহীন চাকলাদার লালন-পালন করেন। কয় দিন আগে সন্ত্রাসী ঘটনায় ভুট্টো নামের এক চিহ্নিত সন্ত্রাসীকে পুলিশ গ্রেপ্তার করে। কিন্তু শাহীন চাকলাদারের লোক থানা থেকে ভুট্টোকে ছিনিয়ে নিয়ে যায়। পুলিশকে দোষারোপ উভয় পক্ষের: সাংসদ খালেদুর রহমান বলেন, পুলিশ নিরপেক্ষ ও সক্রিয় না হলে যশোরের মানুষ নিজ ঘরেও থাকতে পারবে না। সাংসদের প্রতিপক্ষের অন্যতম নেতা জেলা আওয়ামী লীগের সভাপতি আলী রেজা ও শাহীন চাকলাদার অভিযোগ করেন, পুলিশ পক্ষপাতিত্ব করছে। প্রকৃত সন্ত্রাসীদের না ধরে নিরীহ মানুষদের আটক করছে। বিবদমান দুপক্ষই পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলার ব্যাপারে জানতে চাইলে দায়িত্বশীল এক কর্মকর্তা বলেন, সাম্প্রতিক খুনোখুনির ঘটনায় ১৫ জনকে গ্রেপ্তার করেছি। তারা সবাই চিহ্নিত সন্ত্রাসী। এর মধ্যে ১০ জন সাংসদের পক্ষের এবং পাঁচজন শাহীন চাকলাদার পক্ষের। তিনি বলেন, নিরপেক্ষভাবে কীভাবে কাজ করব। সন্ত্রাসী ধরার ক্ষেত্রে সম্প্রতি যে দারোগা দক্ষতা দেখিয়েছেন, তাঁকে মুহূর্তেই বদলি করে দিল। এতে মাঠপর্যায়ে অন্য কর্মকর্তাদের মনোবল ভেঙে গেছে। তিনি শহরের সব সন্ত্রাসীকে চিনতেন। নতুন কর্মকর্তাদের পক্ষে সবাইকে চিনতেও সময় লাগবে। জানা গেছে, মনোবল চাঙ্গা করতে গত শুক্রবার কোতোয়ালি থানার সব কর্মকর্তাকে নিয়ে পুলিশ সুপার বৈঠক করেছেন।পুলিশ সুপার ওই দিনই প্রথম আলোকে বলেছিলেন, ‘আমি পুলিশকে নির্দেশ দিয়েছি, সন্ত্রাসী যে দলেরই হোক ধরতে হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।’ তিনি বলেন, সন্ত্রাস দমন করতে হলে রাজনৈতিক নেতাদের সদিচ্ছা নিয়ে এগিয়ে আসতে হবে। সাংসদ খালেদুর রহমানও অভিযোগ করেন, সম্প্রতি হত্যা-সন্ত্রাসের ঘটনায় জড়িত কয়েকজন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেন কোতোয়ালি থানার উপপরিদর্শক অপূর্ব হাসান। এতে ক্ষিপ্ত হয়ে শাহীন চাকলাদার তাঁকে গত বুধবার রাতে সাতক্ষীরায় বদলি করিয়েছেন।শাহীন চাকলাদার বলেন, ওই দারোগা ছাত্রলীগের সম্মেলন পণ্ড করতে পাড়ায় পাড়ায় সন্ত্রাসীদের উদ্বুদ্ধ করেছিলেন। এ জন্য তাঁকে বদলি করা হয়েছে।আর পুলিশ সুপার বলেন, ওই দারোগার যশোরে চাকরির বয়স চার বছরের বেশি হয়েছে। তাই নিয়মানুযায়ী তাঁকে বদলি করা হয়েছে। এক হিসাবে দেখা গেছে, গত এক বছরে যশোর জেলায় ১০৫টি হত্যার ঘটনা ঘটেছে। এর মধ্যে পারিবারিক কলহের জের ধরে ৪৫টি হত্যা বাদ দিলে বাকি হত্যাকাণ্ডের বেশির ভাগই দুর্বৃত্তরা ঘটিয়েছে। রাজনৈতিক হত্যার বাইরে নারী অপহরণ ও ধর্ষণের পর খুনের ঘটনাও ঘটেছে বেশ কয়েকটি। এ ছাড়া তুচ্ছ ঘটনায়ও মানুষ খুন হচ্ছে।