রাজনৈতিক বন্দীদের মুক্তি দিচ্ছে মিয়ানমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ ক্ষমতার আওতায় মিয়ানমারের বেশ কয়েকজন শীর্ষস্থানীয় রাজনৈতিক ভিন্নমতালম্বী বন্দীকে মুক্তি দিচ্ছে দেশটির সরকার। তাঁদের মধ্যে রয়েছেন ১৯৮৮ সালের ছাত্র আন্দোলনের নেতা এবং ২০০৭ সালের বিক্ষোভে জড়িত ভিক্ষুসহ সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা। তবে তাঁদের মধ্যে সবচেয়ে বেশি প্রভাবশালী হিসেবে বিবেচনা করা হচ্ছে ১৯৮৮ সালের ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া মিন কো নাইংকে।মিয়ানমারের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, রাষ্ট্রপতির সাধারণ ক্ষমায় মোট ৬৫১ জন বন্দীকে মুক্তি দেওয়া হবে। কিন্তু তাঁদের মধ্যে কতজন রাজনৈতিক বন্দী আছেন, সে ব্যাপারে কোনো তথ্য জানায়নি তারা।এদিকে আন্তর্জাতিক সম্প্রদায় আরও অধিকসংখ্যক রাজনৈতিক বন্দীকে মুক্তি দেওয়ার জন্য মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে।বিবিসির দক্ষিণ-পূর্ব এশিয়া প্রতিনিধি রাচেল হার্বে জানান, মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে কারা রাজনৈতিকভাবে সবচেয়ে বেশি ক্ষমতাধর ছিলেন, সেটি নিয়েই এখন বেশি আলোচনা চলছে। তিনি আরও বলেন, বন্দীদের মুক্তি দেওয়ার পদক্ষেপটি মিয়ানমারে চলমান সংস্কার-প্রক্রিয়ায় সবচেয়ে বড় সাফল্য হিসেবে বিবেচনা করা হচ্ছে।মিয়ানমারের নির্বাসিত নেতা ও আন্দোলনকর্মীরা বলেন, বন্দীদের মুক্তি দেওয়ার বিষয়টি খুব একটা মুখ্য বিষয় নয়। কিন্তু মুক্তি পাওয়ার পর তাঁরা কতটুকু স্বাধীন থাকবেন কিংবা কতটা স্বাধীনভাবে তাঁদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে পারবেন, সেটিই এখন দেখার বিষয়।