রাজনৈতিক বন্দীদের মুক্তির দাবি সু চির
রাজনৈতিক বিবেচনায় আটক শত শত বন্দীকে ধাপে ধাপে মুক্তির দাবি জানিয়েছেন মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি। ইউরোপে সফল সফর শেষে দেশে ফেরার পর আজ মঙ্গলবার তিনি এ দাবি জানান।দ্য হিন্দু জানায়, মিয়ানমারের প্রেসিডেন্ট থাই সেইন ৪৬ জন রাজনৈতিক বন্দীর মুক্তির আবেদন মঞ্জুর করেছেন। এ নিয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন একটি সংবাদপত্রে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে বলা হয়, ওই বন্দীদের আজ মঙ্গলবার মুক্তি দেওয়া হবে। প্রতিবেদনের প্রতিক্রিয়ায় আজ বন্দীদের মুক্তির দাবি তোলেন সু চি । এ প্রসঙ্গে সাবেক আলোচিত রাজনৈতিক বন্দী কো কো গি বলেন, মুক্তি পাওয়াদের ২০ জনেরও বেশি রাজনৈতিক বন্দী। এঁদের মধ্যে উল্লেখযোগ্য একজন হলেন, সাবেক ছাত্র ও রাজনৈতিক কর্মী আই অং। ১৯৯৮ সালে গণতন্ত্রের সমর্থনে বিপ্লবের সময়ে বিক্ষোভে অংশ নেওয়া এবং প্রচারপত্র বিলি করার সময়ে গ্রেপ্তার হওয়া ওই নেতাকে ৫৯ বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল। কো গি বলেন, ‘আমরা খুবই খুশি যে সহযোদ্ধা রাজনৈতিক বন্দীরা মুক্তি পাচ্ছেন। এখন আমরা আটক থাকা অন্যদের মুক্তির জন্যও কাজ করব।’ রাষ্ট্রনিয়ন্ত্রিত পত্রিকা নিউ লাইট অব মিয়ানমার এক প্রতিবেদনে জানায়, আজ মঙ্গলবার ৩৭ জুন পুরুষ ও নয়জন নারীকে মুক্তি দেওয়া হয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়, রাষ্ট্রীয় স্থিতিশীলতা, স্থায়ী শান্তি ও জাতীয় পুনর্গঠনের অংশ হিসেবেই বন্দীদের মানবিক বিবেচনায় মুক্তি দেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, মিয়ানমারের সরকারি কারাগারে ২০০ থেকে ৬০০ রাজনৈতিক বন্দী আছেন। আর সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির মতে, বন্দীর এ সংখ্যা ৩৩০। এমনটি জানিয়েছেন দলটির নেত্রী সু চিও। আজ এক সংবাদ সম্মেলনে সু চি বলেন, আমরা ৩৩০ জন রাজনৈতিক বন্দীরই মুক্তির আহ্বান জানাব।