রাজনৈতিক বিবেচনায় আরও ১৭৮ মামলা প্রত্যাহারের সুপারিশ
রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় আরও ১৭৮টি মামলা প্রত্যাহারের সুপারিশ করেছে এ-সংক্রান্ত কমিটি। আজ রোববার সচিবালয়ে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার-সংক্রান্ত জাতীয় কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।বৈঠক শেষে আইন প্রতিমন্ত্রী জানান, বৈঠকে রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় প্রত্যাহারের জন্য দণ্ডবিধির ৬৮০টি মামলার সুপারিশ উত্থাপন করা হয়। এর মধ্যে ১৭১টি মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়েছে। কমিটি ১৪৭টি মামলা নাকচ এবং ৩৬২টি মামলা আরও পর্যবেক্ষণের জন্য ফিরিয়ে দিয়েছে। বৈঠকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) ৩০টি মামলা প্রত্যাহারের সুপারিশসংক্রান্ত নথি উত্থাপন করা হয়। এর মধ্যে সাতটি প্রত্যাহারের সুপারিশ করা হয়। ২১টি মামলা প্রত্যাহারের সুপারিশ নাকচ এবং আরও দুটি পর্যবেক্ষণের জন্য ফেরত পাঠানো হয়।১৭৮টি মামলার মধ্যে সরকারদলীয় সাংসদ ও হুইপ নূরে আলম এবং আওয়ামী লীগের সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের মামলাও আছে।আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবাহান সিকদারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।